57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

কী আমাদের পরিবার করে তোলে ? ৫৭তম ইফি-র সমাপ্তি চলচ্চিত্রে অনুসন্ধান পরিবারের অন্তর্নিহিত অর্থ ও আপনজনের অনুভূতি

প্রকাশিত: 28 NOV 2026 3:48PMby PIB Kolkataরিলিজ আইডি: 2343163Views: 12

গোয়া, ২৮ নভেম্বর ২০২৬

 

কীসের ভিত্তিতে একটি পরিবার গড়ে ওঠে—রক্তের সম্পর্ক, একই ছাদের তলায় বসবাস, নাকি মানুষের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা পারস্পরিক বন্ধন? ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) সমাপ্তি চলচ্চিত্র উই আর অল স্ট্রেঞ্জার্স (We Are All Strangers)-এর মূল উপজীব্য এই প্রশ্ন। অ্যান্থনি চেন পরিচালিত ১৫৭ মিনিটের এই চলচ্চিত্রে ম্যান্ডারিন ও ইংরেজি ভাষার মাধ্যমে পারিবারিক সম্পর্ক, প্রাপ্তবয়স্ক জীবনে পদার্পণের অনিশ্চয়তা এবং আপনজনের অনুভূতির অর্থ অনুসন্ধান করা হয়েছে। 

 

আজ গোয়ায় পিআইবি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিঙ্গাপুরের অভিনেতা কো জিয়া লের এবং রেজেন লিম এই বিষয়গুলি নিয়ে তাঁদের ভাবনা তুলে ধরেন। চলচ্চিত্রটি চেনের গ্রোয়িং আপ ট্রিলজির শেষ পর্ব। এই সিরিজের আগের দুটি চলচ্চিত্র হল ইলো ইলো (২০১৩) এবং ওয়েট সিজন (২০১৯)।

 

সমকালীন সিঙ্গাপুরের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে ২১ বছর বয়সী জুনইয়াং এবং তার বাবা বুন কিয়াটের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। নতুন সম্পর্ক এবং অপ্রত্যাশিত দায়িত্ব কীভাবে তাঁদের জীবনকে বদলে দেয়, তা-ই এই কাহিনির মূল বিষয়। চারজন মানুষ যখন একই ছাদের তলায় বসবাস করতে শুরু করেন, তখন তাঁদের পারস্পরিক সম্পর্ক, প্রাপ্তবয়স্ক জীবনে পদার্পণের নানা অনিশ্চয়তা এবং পরস্পরকে প্রথমদিকে বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে গড়ে ওঠা বন্ধনের নানা দিক এই চলচ্চিত্রে ফুটে উঠেছে।

গ্রোয়িং আপ ট্রিলজির সঙ্গে তাঁর দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা তুলে ধরে কো বলেন, এই চলচ্চিত্রগুলির সঙ্গে সঙ্গে একজন অভিনেতা হিসেবেও তাঁর বিকাশ ঘটেছে। প্রায় ৮,০০০ শিশুর মধ্যে থেকে তাঁকে কীভাবে নির্বাচিত করা হয়েছিল, তা স্মরণ করে তিনি জানান, চেনের সঙ্গে কাজ শুরু করার সময় তাঁর অভিনয়ের কোনও প্রথাগত প্রশিক্ষণ ছিল না। স্কুলের ছুটিতে নিছক আনন্দের অভিজ্ঞতা হিসেবে যে কাজ শুরু হয়েছিল, পরিচালকের সঙ্গে পরবর্তী সহযোগিতার মধ্য দিয়ে তা ক্রমশ চলচ্চিত্র ও অভিনয়শিল্পের প্রতি গভীর অনুরাগে পরিণত হয়।

 

জুনইয়াং চরিত্রটি সম্পর্কে বলতে গিয়ে কো জানান, পরিবারের দায়িত্ব গ্রহণের পাশাপাশি সমাজে নিজের অবস্থান খুঁজে পাওয়ার চেষ্টাও করতে হয় এই চরিত্রটিকে। তিনি আরও বলেন, তাঁর ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতাও চলচ্চিত্রে প্রতিফলিত হয়েছে। প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশ, কঠিন সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনের সঠিক দিশা খুঁজে পাওয়ার মতো অভিজ্ঞতার সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণ দর্শকরা নিজেদের মিল খুঁজে পাবেন বলে তিনি মনে করেন।

চলচ্চিত্রটির নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করে লিডিয়া চরিত্রে অভিনয় করা রেজেন লিম বলেন, রক্তের সম্পর্কে আবদ্ধ মানুষ, যেমন এই কাহিনির বাবা ও ছেলে, তারাও একে অপরের কাছে অপরিচিত হয়ে থাকতে পারেন। চারজন মানুষ যখন একই ছাদের তলায় বসবাস করতে শুরু করেন, তখন তাঁরা ধীরে ধীরে পরস্পরকে বুঝতে এবং গ্রহণ করতে শেখেন। এর মধ্য দিয়ে তাঁরা উপলব্ধি করেন, পরিবার কেবল জৈবিক সম্পর্কের ভিত্তিতেই গড়ে ওঠে না; পারস্পরিক বোঝাপড়া, গ্রহণযোগ্যতা এবং আবেগের বন্ধনও পরিবার গঠনের অন্যতম ভিত্তি।

 

নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে যোগাযোগবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর অভিনয়জগতে তাঁর ফিরে আসার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন লিম। তিনি জানান, এই অভিজ্ঞতা অভিনয়শিল্পের প্রতি তাঁর আগ্রহকে নতুন করে জাগিয়ে তুলেছিল। তাঁর মতে, চলচ্চিত্র এমন একটি মাধ্যম, যার সাহায্যে দর্শকরা নিজেদের পরিচিত জীবনযাপন, দেশ ও সংস্কৃতির বাইরেও নানা ধরনের জীবন, দেশ এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

 

কো আশা প্রকাশ করেন, এই চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকরা সিঙ্গাপুরের সমৃদ্ধির পরিচিত ভাবমূর্তির বাইরেও দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে জানতে পারবেন। পরিবার, দায়িত্ব এবং বড় হয়ে ওঠার নানা অনিশ্চয়তার অন্তরঙ্গ চিত্র তুলে ধরে উই আর অল স্ট্রেঞ্জার্স IFFI ২০২৬-এর সীমানাহীন কাহিনি ভাবনার এক যথার্থ সমাপ্তি ঘটিয়েছে। আপনজনের অনুভূতি এবং মানবিক সম্পর্কের অনুসন্ধানের মধ্য দিয়ে চলচ্চিত্রটি তুলে ধরেছে, কীভাবে আবেগ ও জীবন-অভিজ্ঞতা বিভিন্ন সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষকে একসূত্রে বাঁধতে পারে।

 

শ্রী কিরণ মুরালি সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন।

 

SC....


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2343163
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026