গোয়া, ২৭ নভেম্বর ২০২৬
গোয়ার ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অফ ইন্ডিয়া (IFFI)-তে ‘What If the Villain Is Right?’ শীর্ষক সাক্ষাৎকার পর্বে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কার্তিক সুব্বারাজ নৈতিকতার জটিলতা, খলনায়কত্বের সামাজিক শিকড় এবং সামাজিক পূর্বধারণাকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে সিনেমার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। চলচ্চিত্র সমালোচক সুধীর শ্রীনিবাসনের সঞ্চালনায় এই অধিবেশনে তাঁর চলচ্চিত্রগুলি কীভাবে প্রচলিত ভালো ও মন্দের ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়, তা নিয়ে আলোচনা হয়।
মানুষের আচরণ পরিস্থিতি এবং সামাজিক অভিজ্ঞতার দ্বারা গঠিত হয় বলে উল্লেখ করে সুব্বারাজ বলেন, “প্রত্যেকের ভিতের রং ধূসর।” তিনি ব্যাখ্যা করেন, একজন ব্যক্তি যাদের সঙ্গে পরিচিত হন এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে যান, তা-ই তাঁকে ভালো বা মন্দ হিসেবে বিবেচিত হওয়ার ক্ষেত্রে প্রভাবিত করে।
তাঁর চলচ্চিত্র Dorothy নিয়ে আলোচনা করতে গিয়ে সুব্বারাজ সচেতনভাবে মন্দ কাজ করা চরিত্র এবং গভীরভাবে প্রোথিত সামাজিক মানসিকতার কারণে ক্ষতিকর আচরণ করা চরিত্রের মধ্যে পার্থক্য তুলে ধরেন। Whistle Veeraiya-কে তিনি স্পষ্টতই একটি মন্দ চরিত্র হিসেবে চিহ্নিত করেন। অন্যদিকে, পরোটা দোকানের মালিকের মতো চরিত্র আরও বিপজ্জনক হতে পারে বলে তিনি মনে করেন, কারণ তারা নিজেদের পূর্বধারণা ও অন্যায় সম্পর্কে সচেতন নয়।
সুব্বারাজ বলেন, Dorothy-তে পুরুষতন্ত্র এবং পিতৃতান্ত্রিক মানসিকতাকে নায়কের মৃত্যুর পিছনে দায়ী শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে একজন নির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে দমনমূলক মানসিকতাকেই প্রকৃত প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। Mercury চলচ্চিত্রের সঙ্গে তুলনা টেনে তিনি ব্যাখ্যা করেন, কীভাবে একটি গ্রামের সম্মিলিত মানসিকতাকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে এবং বৃহত্তর সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তিগত খলনায়কত্বের জন্ম হতে পারে, তা দেখানো হয়েছে।
অপমান এবং দায়বদ্ধতা প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা বলেন, কারও অক্ষমতা নিয়ে উপহাস বা হাসাহাসি করা অনেক সময় তিরস্কারের থেকেও বেশি কষ্টদায়ক হতে পারে। তিনি অনুশোচনা এবং অপরাধবোধের কথাও বলেন এবং উল্লেখ করেন, নিজের কাজের পরিণতি সবসময় শারীরিক ক্ষতি বা মৃত্যুর আকারেই আসতে হবে, এমন নয়।
সমাজকে প্রভাবিত করার ক্ষেত্রে সিনেমার ভূমিকা নিয়ে সুব্বারাজ Dorothy-র দর্শকদের প্রতিক্রিয়ার কথা স্মরণ করেন। তিনি জানান, এমন কিছু মুহূর্ত ছিল যখন দর্শকরা রূপান্তরকামী মানুষদের আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং পুরুষ দর্শকদের চোখেও জল এসেছে। এই ধরনের প্রতিক্রিয়া তাঁর বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সহমর্মিতা জাগিয়ে তোলা এবং সামাজিক পরিবর্তনে উৎসাহিত করার মাধ্যমও হতে পারে। তিনি আরও বলেন, গল্প বলার মাধ্যমে পরিবর্তন আনার ভাবনা Jigarthanda চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও তাঁর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল।
আলোচনার পুরো সময় সুব্বারাজ এমন চরিত্র নির্মাণের প্রতি তাঁর অনীহা তুলে ধরেন, যাদের সম্পূর্ণ পুণ্যবান নায়ক অথবা সংশোধনের অযোগ্য মন্দ খলনায়ক হিসেবে চিত্রিত করা হয়। নৈতিক বিচারকে দর্শকদের ব্যাখ্যার জন্য উন্মুক্ত রেখে তিনি তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে চরিত্র এবং তাদের প্রেরণা বিশ্লেষণ করার সুযোগ দেন।
এই অধিবেশনে সুব্বারাজের চলচ্চিত্র নির্মাণের দৃষ্টিভঙ্গি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা উঠে আসে, যেখানে খলনায়কত্ব কেবল ব্যক্তির মধ্যে নয়, বরং সেই ব্যক্তিকে গড়ে তোলা সামাজিক মনোভাব ও কাঠামোর মধ্যেও নিহিত থাকে।
সুব্বারাজের বক্তব্য প্রচলিত ভালো-মন্দের ধারণার বাইরে গিয়ে সমাজকে দেখার ক্ষেত্রে সিনেমার সম্ভাবনাকে তুলে ধরে। তাঁর চলচ্চিত্র দর্শকদের গভীরভাবে প্রোথিত পূর্বধারণাকে প্রশ্ন করতে এবং জটিল সামাজিক বাস্তবতার সঙ্গে সংযোগ স্থাপন করতে উৎসাহিত করে। ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অফ ইন্ডিয়ার ‘Stories Without Borders’ বা ‘সীমানাহীন গল্প’ শীর্ষক ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর গল্প বলার পদ্ধতি তুলে ধরে, কীভাবে নির্দিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে নির্মিত গল্প নৈতিকতা, সহমর্মিতা এবং মানব আচরণ সম্পর্কে সর্বজনীন প্রশ্ন উত্থাপন করতে পারে।
*****************
SC/PK