প্রকাশিত:
26 NOV 2026 3:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৬
মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক ২৭ নভেম্বর বাল্যবিবাহ মুক্ত ভারত (বিভিএমবি) বিষয়ে একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করছে। ২০২৪ সালের ২৭ নভেম্বর শুরু হওয়া এই জাতীয় অভিযানের দ্বি বার্ষিকী উপলক্ষে এর আয়োজন। যার লক্ষ্য, সামগ্রিক সরকার ও সামগ্রিক সমাজ-এর সমন্বিত প্রচেষ্টায় বাল্য বিবাহ নির্মূল করা।
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, বিভিন্ন মন্ত্রক ও বিভাগ, বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিক, শিশু কল্যাণ কমিটির সদস্যবৃন্দ, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অন্য অংশীদাররা যোগ দেবেন। বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার ক্ষেত্রে সকলের সম্মিলিত অঙ্গীকারকে তা আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী, দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা এবং মহিলা ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর।
এই অনুষ্ঠানটি বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের অগ্রগতি পর্যালোচনা করার, তৃণমূল স্তরের কর্মী ও অংশীদারদের অবদানকে স্বীকৃতি দেওয়ার, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গৃহীত উদ্যোগগুলিকে তুলে ধরার এবং বাল্যবিবাহ প্রতিরোধের প্রচেষ্টাকে আরও জোরদার করার সুযোগ করে দেবে।
এই দিনটির বিশেষ তাৎপর্যও রয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ সভা ২৭ নভেম্বরকে বাল্যবিবাহ, অল্প বয়সে বিয়ে এবং জোরপূর্বক বিয়ে নির্মূলের আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছে।
বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান শুরুর পর থেকেই এটি সচেতনতা বৃদ্ধি, সমাজকে সংগঠিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিকদের প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করা, বাল্যবিবাহের ঘটনা সময়মতো রিপোর্ট করতে উৎসাহিত করা এবং মেয়েদের শিক্ষা, ক্ষমতায়ন ও কল্যাণের ওপর গুরুত্বারোপ করেছে। সারা দেশে সচেতনতামূলক কর্মসূচি, সামাজিক প্রচার এবং শপথ গ্রহণের মতো উদ্যোগের মাধ্যমে এই অভিযানে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এই উদযাপনের অংশ হিসেবে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রাম স্তরে সুনির্দিষ্ট সচেতনতামূলক ও প্রচারমূলক কার্যক্রম গ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে। এতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, পৌর সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, তৃণমূল স্তরের কর্মী, যুবসমাজ, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের সংগঠন এবং সাধারণ নাগরিকদের যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। বাল্যবিবাহের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে পদক্ষেপ জোরদার করার লক্ষ্যে বিশেষ গ্রাম সভা আয়োজন, সচেতনতামূলক প্রচার, শপথ গ্রহণ কর্মসূচি এবং ডিজিটাল প্রচারের মতো কার্যক্রমগুলিকে উৎসাহিত করা হচ্ছে।
‘বাল্যবিবাহ মুক্ত ভারত’ পোর্টালটি (https://stopchildmarriage.wcd.gov.in/) বাল্যবিবাহের ঘটনা সম্পর্কে অভিযোগ জানানো, বাল্যবিবাহ নিরোধ আধিকারিকদের তথ্য জানা, সচেতনতামূলক কার্যক্রম নথিবদ্ধ করা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ গ্রহণের একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এই প্রচারাভিযানে অংশ নিতে এবং বাল বিবাহ মুক্ত ভারত পোর্টাল, মাইগভ (MyGov) ও মাই ভারত (MY Bharat) প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতকে বাল্যবিবাহমুক্ত করার শপথ নিতে উৎসাহিত করা হচ্ছে।
২০২৬ সালের ২৭ নভেম্বর আয়োজিত জাতীয় কর্মসূচিটি বাল্যবিবাহ নির্মূলে ভারতের অবিচল, সমন্বিত ও গোষ্ঠীভিত্তিক পদক্ষেপের অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করবে। এর লক্ষ্য হ’ল - প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর, শিক্ষিত ও বিকশিত শৈশব নিশ্চিত করা।
SC/AB/SB