গোয়া, ২৫ নভেম্বর ২০২৬
ঘানা, ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আন্তর্জাতিক প্রযোজনা *Ego We Reach All (Our Time Will Come)*-এর নির্মাতা দল আজ গোয়ার পানাজিতে ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অফ ইন্ডিয়া (IFFI)-এর প্রেক্ষাপটে প্রেস কনফারেন্স হলে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন। আন্তর্জাতিক সিনেমা বিভাগে প্রদর্শিত ১০৪ মিনিটের এই চলচ্চিত্রটি উৎসবে এশিয়া প্রিমিয়ার উদযাপন করছে।
চলচ্চিত্রটির পরিচালক আমারতেই আরমার এবং প্রযোজক ইয়েমোহ আইকে চলচ্চিত্র নির্মাণের সৃজনশীল যাত্রা, ঘানার রাস্তায় বেড়ে ওঠা শিশুদের জীবন ও বেঁচে থাকার সংগ্রাম এবং স্থানীয় শিকড়ের গল্পকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দিতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
চলচ্চিত্রটির বিষয়বস্তুর অনুপ্রেরণা সম্পর্কে পরিচালক আমারতেই আরমার বলেন, ঘানার পথশিশুদের জীবন এবং প্রান্তিক অবস্থানে থেকে জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা তরুণদের গল্প তাঁকে দীর্ঘদিন ধরে আকৃষ্ট করেছে। সমাজের দৃষ্টির আড়ালে থাকা মানুষদের গল্প কীভাবে বৃহত্তর জাতীয় ও চলচ্চিত্র-সংক্রান্ত আলোচনার অংশ হয়ে উঠতে পারে, চলচ্চিত্রটি সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছে। এই আখ্যানের মাধ্যমে নির্মাতারা বোঝাতে চেয়েছেন যে, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বেড়ে ওঠা তরুণরাও দেশের সমাজ ও ভবিষ্যতের সমান গুরুত্বপূর্ণ অংশ।
নিজের চলচ্চিত্র নির্মাণের যাত্রা এবং ঘানার সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন সম্পর্কের প্রসঙ্গে আরমার চলচ্চিত্র নির্মাতাদের নিজেদের গল্পের দায়িত্ব গ্রহণ এবং নিজেদের কণ্ঠস্বর তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা প্রায়শই আর্থিক সীমাবদ্ধতার মধ্যে কাজ করেন। তাই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং চলচ্চিত্র শিল্পকে শক্তিশালী করতে চলচ্চিত্রের গুণমান ও গল্প বলার সম্ভাবনা তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারত ও ঘানার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সম্ভাবনার কথা তুলে ধরে চলচ্চিত্র নির্মাতারা দুই দেশের চলচ্চিত্র সংস্কৃতির মধ্যে সাদৃশ্যের উল্লেখ করেন। তাঁরা ঘানার ‘ঘ্যালিউড’ (Ghallywood)-এর সঙ্গে ভারতের বলিউডের তুলনা করেন। তাঁদের মতে, দুই দেশের সাংস্কৃতিক অভিজ্ঞতা ও সামাজিক বাস্তবতার কিছু মিল থাকায় উভয় দেশের দর্শক একে অপরের গল্প বলার ঐতিহ্যের মধ্যে সাংস্কৃতিক অনুরণন খুঁজে পেতে পারেন।
চলচ্চিত্র নির্মাতারা ভারতীয় ও ঘানার চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে আরও সহযোগিতার সম্ভাবনা অন্বেষণের আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে ঘানার সৃজনশীল প্রতিভা, গল্প এবং চলচ্চিত্রের অভিজ্ঞতাকে ভারতে নিয়ে আসা এবং ভারতের চলচ্চিত্র ও সৃজনশীল অভিজ্ঞতা ঘানায় পৌঁছে দেওয়ার সুযোগও অন্তর্ভুক্ত রয়েছে। তাঁদের মতে, এই ধরনের অংশীদারিত্ব সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি করতে, চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে এবং আন্তর্জাতিক মঞ্চে আফ্রিকান চলচ্চিত্রের পরিচিতি ও গুরুত্ব বাড়াতে সহায়ক হতে পারে।
প্রেস কনফারেন্সটি পরিচালনা করেন শ্রী মানন সিং।
*****************
SC/PK