প্রকাশিত:
24 NOV 2026 12:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের তরন তারন জেলার 'বুহ হাভেলিয়ান' গ্রামে একটি 'কিষান চৌপাল'-এ অংশগ্রহণ করেন এবং কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। মাঠের মধ্যে কৃষকদের মাঝে বসে তাঁদের সমস্যা ও পরামর্শ শোনার সময় শ্রী চৌহান সেই প্রগতিশীল কৃষক ও পঞ্চায়েতগুলির প্রশংসা করেন, যাঁরা ফসলের অবশিষ্টাংশ না পুড়িয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন। তিনি স্পষ্টভাবেই জানান যে, তিনি কোনও বড় রাজনৈতিক সভা করতে আসেননি, বরং একজন সেবক হিসেবে তাঁদের মাঝে বসে তাঁদের কথা শুনতে এসেছেন। তিনি পাঞ্জাব সরকারকে কৃষকদের স্বার্থে 'প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা' কার্যকর করার আহ্বান জানান এবং কৃষক-বান্ধব নীতি ও ন্যূনতম সহায়ক মূল্যে রেকর্ড পরিমাণ ফসল সংগ্রহের বিষয়ে মোদী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কৃষকদের সেবা করাই হ’ল 'সদগুরু'-র প্রকৃত উপাসনা
'কিষান চৌপাল'-এ বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান আবেগঘন কণ্ঠে বলেন যে, কৃষকরা সারা দেশকে অন্ন জোগাতে দিন-রাত কঠোর পরিশ্রম করেন। তিনি বলেন, "আমি কোনও নেতা নই, আমি কৃষকদের একজন সেবক। গুরু নানক দেব জি-ও মানুষকে সেবা করার এবং অহঙ্কার, ঈর্ষা ও বিদ্বেষ থেকে দূরে থাকার বার্তা দিয়ে গেছেন। মন্ত্রীত্বের পদটি কোনও অহমিকা চরিতার্থ করার জন্য নয়, বরং জনসেবার জন্য দেওয়া হয়েছে। আর আমার কাছে কৃষকদের সেবা করা মানেই হ’ল 'সদগুরু ভগবান'-এর উপাসনা করা।"
‘সবুজ বিপ্লব’ থেকে ‘ক্ষেত বাঁচাও অভিযান’
পাঞ্জাবের কৃষকদের ঐতিহাসিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশ যখন খাদ্য সঙ্কটের সম্মুখীন হয়েছিল এবং বিদেশ থেকে ‘লাল গম’ আমদানি করতে হতো, তখন পাঞ্জাবের কৃষকরাই ‘সবুজ বিপ্লব’ সূচনার মাধ্যমে দেশের খাদ্যভাণ্ডার পূর্ণ করেছিলেন। কিন্তু বর্তমানে রাসায়নিক সার ও কীটনাশকের অত্যধিক ব্যবহার এবং ফসল কাটার পর অবশিষ্টাংশ পোড়ানোর ফলে আমাদের ধরিত্রীমাতার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকারী কীটপতঙ্গ ও কেঁচো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, আজ যদি আমরা মাটির উর্বরতা রক্ষা না করি, তবে আগামী প্রজন্ম বড় ধরনের সঙ্কটের মুখে পড়বে। গত ছয় বছর ধরে ফসল কাটার অবশিষ্টাংশ না পুড়িয়ে ‘হ্যাপি সিডার’ ও ‘ডাইরেক্ট সিডিং’ পদ্ধতি গ্রহণ করার জন্য বুহ হাভেলিয়ান ও পার্শ্ববর্তী এলাকার কৃষকদের প্রশংসা করে তিনি বলেন, এই গ্রামটি গোটা দেশের সামনে ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এ এক নতুন দিশা দেখিয়েছে।
কৃষি যন্ত্রপাতির বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ
আলোচনাকালে প্রগতিশীল কৃষক সর্দার সুখবিন্দর সিং (কিরতোওয়াল), সর্দার জতিন্দর সিং (মুন্ডা পিন্ড) এবং প্রাক্তন সরপঞ্চ সর্দার গুরনাম সিং ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবহারিক সমস্যা এবং মেশিনের ওপর ভর্তুকি নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। কৃষকদের পরামর্শগুলিকে গুরুত্ব সহকারে গ্রহণ করে শ্রী চৌহান তাঁদের দিল্লিতে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর আশ্বাস দেন। পাশাপাশি, ভর্তুকিযুক্ত যন্ত্রপাতির বিষয়ে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, ভারত সরকার এ বছরও ‘ক্রপ রেসিডিউ ম্যানেজমেন্ট’ বা ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনার জন্য রাজ্য সরকারকে প্রায় ২৮৬ কোটি টাকার অর্থ সহায়তা দিচ্ছে। কেন্দ্রীয় সরকার তহবিল সরবরাহ করে, আর যন্ত্রপাতি কেনা এবং সেগুলির গুণমান যাচাইয়ের দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকারের নিশ্চিত করা উচিত যে, কৃষকরা যেন উন্নত মানের যন্ত্রপাতি পান এবং কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা মেরামতের যথাযথ ব্যবস্থা থাকে।
‘ফসল বিমা যোজনা’ ও বৈচিত্র্যকরণে গুরুত্ব
শ্রী চৌহান বলেন, কৃষিকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করতে হলে উৎপাদন বাড়ানো, খরচ কমানো এবং সমন্বিত কৃষি পদ্ধতি গ্রহণ করা জরুরি। এই পদ্ধতির মধ্যে রয়েছে ফসল বৈচিত্র্যকরণের পাশাপাশি পশুপালন, মৎস্যচাষ ও পোল্ট্রি ফার্মিং। তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, পাঞ্জাবে এখনও ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ কার্যকর করা হয়নি। তিনি জানান, বন্যার সময় তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই যোজনাটি কার্যকর করার অনুরোধ জানিয়েছিলেন, যাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের যে ক্ষতি হয়, তার জন্য তাঁরা ক্ষতিপূরণ পেতে পারেন।
পাঞ্জাবে এই জোট অগ্রগতি ও উন্নয়নের নতুন পথ খুলে দেবে
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান কৃষকদের আশ্বস্ত করেন যে, কেন্দ্রীয় সরকার ন্যূনতম সহায়ক মূল্যে ধান ও গমের পুরো পরিমাণ সংগ্রহ করে থাকে। এছাড়া, মোদী সরকার ডাল জাতীয় শস্য (যেমন - অড়হর, মসুর ও কলাই) এবং তুলোও ন্যূনতম সহায়ক মূল্যে ১০০ শতাংশ সংগ্রহের নিশ্চয়তা দিয়েছে। পূর্ববর্তী ইউপিএ সরকারের তুলনায় মোদী সরকার অনেক বেশি পরিমাণে ফসল সংগ্রহ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
SC/MP/SB