57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

শুধু চলচ্চিত্র নির্মাতারা নন, প্রতিটি মানুষই গল্পের শ্বাস নেন: বোগদান মুরেশানু

প্রকাশিত: 24 NOV 2026 7:42PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341152Views: 15

গোয়া, ২৪ নভেম্বর, ২০২৬ 

 

প্রতিটি গল্পের মধ্যেই বাস্তবতার একটি অংশ লুকিয়ে থাকে, ঠিক যেমন প্রতিটি স্মৃতির ভেতরেই কল্পকাহিনীর সম্ভাবনা নিহিত থাকে। বাস্তব অভিজ্ঞতা ও চলচ্চিত্রসুলভ কল্পনার মধ্যবর্তী এই জটিল পরিসর নিয়ে আজ গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) এক আকর্ষণীয় মাস্টারক্লাস পরিচালনা করেন রোমানিয়ার বিশিষ্ট লেখক, পরিচালক ও প্রযোজক বোগদান মুরেসানু। মাস্টারক্লাসটির শিরোনাম ছিল ‘বাস্তবতা ও কল্পকাহিনির মধ্যবর্তী সূক্ষ্ম সীমারেখা’।


চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাজীবীদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুরেসানু মানব অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গল্প বলার প্রয়োজনীয়তা এবং জগৎকে বোঝার ক্ষেত্রে আখ্যানের ভূমিকা নিয়ে গভীর অন্তর্দৃষ্টি তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে, গল্প বলা কেবল শিল্পীদের একচ্ছত্র অধিকার নয়; বন্ধুদের আড্ডায় বলা সাধারণ ঘটনা থেকে শুরু করে চলচ্চিত্রের মাধ্যমে বর্ণিত কাহিনী – সবই আমাদের সম্ভাব্য বাস্তবতাকে অন্বেষণ করতে এবং আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।


তিনি চলচ্চিত্র নির্মাণকে একটি অত্যন্ত ব্যক্তিগত প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন, যা শেষ পর্যন্ত একটি সমষ্টিগত অভিজ্ঞতায় রূপান্তরিত হয়। তিনি বলেন, “আপনার মনের ভেতরের কোনও একক সংলাপ যখন বহুজনের সংলাপে পরিণত হয়, তখন সেই ছবিটি শুধু আপনার একার থাকে না।” তিনি ব্যাখ্যা করেন, কীভাবে একজন চলচ্চিত্র নির্মাতার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দর্শকদের ব্যাখ্যার মধ্য দিয়ে নতুন অর্থ খুঁজে পায়। চলচ্চিত্রের কারিগরি দিক নিয়ে আলোচনার সময় তিনি একটি স্পষ্ট কেন্দ্রীয় ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “উপন্যাসের মতো চলচ্চিত্রে অনেকগুলি উপ-কাহিনী বা বাঁক রাখার সুযোগ নেই; দুই ঘণ্টার একটি চলচ্চিত্রকে অবশ্যই সুসংহত হতে হয়, যেখানে এর প্রেক্ষাপট, ভিত্তি এবং বিষয়বস্তু একটি শক্তিশালী কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।”


তিনি চলচ্চিত্র বর্ণনায় ‘অকথিত’ বা যা দেখানো হয়নি - তার শক্তির উপরও আলোকপাত করেন। নিজের একটি চলচ্চিত্রের একটি দৃশ্যের কথা উল্লেখ করে তিনি জানান, কীভাবে তিনি সচেতনভাবে একটি চরিত্রকে আতশবাজি জ্বালাতে না দেখিয়ে সেই মুহূর্তটিকে দর্শকদের কল্পনার উপর ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেন, এই ধরনের সৃজনশীল সংযম দর্শকদের গল্পের সঙ্গে আবেগগতভাবে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়।

নিজের চলচ্চিত্র ‘দ্য ক্রিসমাস গিফট’ এবং ‘দ্য নিউ ইয়ার দ্যাট নেভার কেম’-এর উদাহরণ টেনে তিনি বলেন যে, কীভাবে আর্কাইভাল উপাদান এবং কাল্পনিক আখ্যান একে অপরের পরিপূরক হতে পারে। একটি চমৎকার অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, “যখন কল্পকাহিনি বাস্তবতাকে বোঝার একটি সরলীকৃত মডেল হিসেবে কাজ করে, তখন তা বাস্তবতার সঙ্গেই মিশে যায়। তারা একে অপরকে সমৃদ্ধ করে।” 

সমসাময়িক চলচ্চিত্রের প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে, চলচ্চিত্রের প্রকৃত শক্তি কেবল গতি বা জমকালো দৃশ্যের মধ্যে নিহিত নয়; বরং তা লুকিয়ে থাকে মানুষের মুখের অভিব্যক্তি এবং দৃষ্টির মাধ্যমে প্রকাশিত অনুভূতির গভীরতায়। প্রশ্নোত্তর পর্বে ঐতিহাসিক বায়োপিক (জীবনীমূলক চলচ্চিত্র), পুরাণ এবং বাস্তব জীবনের ব্যক্তিদের পর্দায় তুলে ধরার ক্ষেত্রে নৈতিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা হয়। একজন কিংবদন্তী ব্যক্তিত্বের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের সাম্প্রতিক প্রস্তাবের উল্লেখ করে মুরেসানু বলেন, কোনও ব্যক্তির জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ওপর আলোকপাত করা অনেক সময় পূর্ণাঙ্গ জীবনী তৈরির প্রচেষ্টার চেয়েও গভীরতর সত্যকে উন্মোচন করতে পারে।
আলোচনার শেষে এক দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি গল্পকারদের আহ্বান জানান, তাঁরা যেন প্রচলিত বা উত্তরাধিকার সূত্রে পাওয়া দৃষ্টিভঙ্গির গণ্ডি পেরিয়ে বৃহত্তর বিশ্বের সাথে যুক্ত হন এবং সাহস ও স্বচ্ছতা নিয়ে নিজেদের শিকড়ের কাছে ফিরে আসেন।

 

SC/MP/SB


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341152
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026