গোয়া, ২৪ নভেম্বর ২০২৬
৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) অঙ্গ হিসেবে পানাজির কলা অ্যাকাডেমিতে আজ প্রসার ভারতীর প্রথম স্ক্রিপ্ট পিচিং ল্যাব ‘পেজ সে পিচ তক’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রসার ভারতীর চেয়ারম্যান শ্রী প্রসূন যোশীর ভাবনায় এই উদ্যোগের লক্ষ্য হল, উদীয়মান চিত্রনাট্যকারদের জন্য একটি বার্ষিক জাতীয় মঞ্চ গড়ে তোলা। এই মঞ্চে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্যের ছবির বিভাগে ভারতের ১০টি ভাষায় মৌলিক কাহিনি তুলে ধরার সুযোগ পাবেন লেখকরা।
ঘোষণার মাত্র ১০ দিনের মধ্যে প্রায় ১,০০০টি চিত্রনাট্য জমা পড়ে। এই বিপুল সাড়া দেশের বিভিন্ন প্রান্তের তরুণ লেখকদের অসাধারণ গল্প বলার প্রতিভা এবং সৃজনশীল আকাঙ্ক্ষার পরিচয় দিয়েছে।
‘মির্চি কেক’ চিত্রনাট্যের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন অবিশেষ ঝা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ লক্ষ টাকা। ‘সংহার’-এর জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সত্য ব্যাস। তাঁর পুরস্কারের অর্থমূল্য ৩ লক্ষ টাকা। ‘শরদ পূর্ণিমা’-র জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন জিতেশ ঠাকুর। তিনি পেয়েছেন ২ লক্ষ টাকা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী পৃথুল কুমার এবং National Film Development Corporation (NFDC)-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী ধীরজ সিংয়ের উপস্থিতিতে এক অনুষ্ঠানে পুরস্কারগুলি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পৃথুল কুমার উদীয়মান গল্পকারদের প্রতিভা চিহ্নিত করা এবং তাঁদের উৎসাহ দেওয়ার গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, তরুণ ভারতের সৃজনশীল সম্ভাবনাকে কাজে লাগানো এবং দেশের তরুণ প্রজন্ম কী ধরনের গল্প বলতে চায়, তা খুঁজে বের করা জরুরি। চলচ্চিত্র নির্মাণে চিত্রনাট্যের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, ছবি তৈরির প্রক্রিয়ায় চিত্রনাট্য রচনা হল প্রথম ধাপ। পরিকল্পনা ছাড়া চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। চিত্রনাট্যকে পরিকল্পনার সমার্থক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, একটি আকর্ষণীয় চিত্রনাট্য এবং শক্তিশালী কাহিনিই সফল চলচ্চিত্র নির্মাণের ভিত্তি।
দূরদর্শনের মহানির্দেশক শ্রীমতী রিনা সোনোওয়াল কৌলি স্বাগত ভাষণে ভারতের ভাষাগত ও সৃজনশীল বৈচিত্র্যকে সামনে আনার ক্ষেত্রে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। উদীয়মান লেখকদের মৌলিক ভাবনা জাতীয় স্তরের মঞ্চে তুলে ধরার সুযোগ তৈরির প্রয়োজনীয়তার উপরও তিনি জোর দেন।
চিত্রনাট্য উপস্থাপনের পর্বে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ১০ জন অংশগ্রহণকারী বিশিষ্ট বিচারকমণ্ডলীর সামনে নিজেদের মৌলিক চিত্রনাট্য তুলে ধরেন। বিচারকমণ্ডলীতে ছিলেন অভিনেতা এবং শ্রেষ্ঠ সহ-অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রী মনোজ যোশী; ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ে লেখক, সম্পাদক এবং স্বাধীন গবেষক শ্রী সন্দীপ বালকৃষ্ণ; ‘টয়লেট: এক প্রেম কথা’ এবং ‘বাত্তি গুল মিটার চালু’-র মতো ছবির জন্য পরিচিত চলচ্চিত্র নির্মাতা ও সম্পাদক শ্রী শ্রী নারায়ণ সিং; এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র সমালোচক এবং পুনের Film and Television Institute of India (FTII)-এর পরিচালন পর্ষদের সহ-সভাপতি শ্রী অনন্ত বিজয়।
চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া লেখকদের মধ্যে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র। সেরা ৩০ জন নির্বাচিত লেখককে দেওয়া হয় অংশগ্রহণের শংসাপত্র।
২০২৬ সালের ২১ থেকে ২৩ নভেম্বর আয়োজিত ‘পেজ সে পিচ তক’-এর লক্ষ্য হল উদীয়মান লেখকদের সঙ্গে চলচ্চিত্র শিল্পের সংযোগ স্থাপন করা এবং তাঁদের মৌলিক ভাবনাকে পর্দায় তুলে ধরার সুযোগ তৈরি করা। বার্ষিক উদ্যোগ হিসেবে পরিকল্পিত এই কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় গল্পকারদের সঙ্গে চলচ্চিত্র শিল্পের পেশাদারদের যোগাযোগ গড়ে তোলা হবে। এর ফলে তাঁদের চিত্রনাট্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতে রূপ পাওয়ার সুযোগ তৈরি হবে।
****
SC/SS