গোয়া, ২৪ নভেম্বর, ২০২৬
গোয়ায় ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংগ হিসেবে আয়োজিত ‘তাঁর দৃষ্টিভঙ্গি, তাঁর উত্তরাধিকার, তাঁর স্বাধীনতা: বিশ্ব চলচ্চিত্রকে রূপদানকারী মহিলারা’ শীর্ষক এক আলোচনা সভায় বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মহিলা চলচ্চিত্র নির্মাতারা তাঁদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পরিচিতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল স্বাধীনতা ছিল আলোচনার মূল বিষয়।
এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন কিরগিজ লেখিকা ও পরিচালক নার্গিজা দোতিয়েভা, রোমানিয়ার রোমা সম্প্রদায়ের অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা আলিনা শেরবান এবং মেক্সিকান-আমেরিকান লেখিকা ও পরিচালক সুজান অ্যান্ড্রুজ কোরেয়া। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অভিষেক জৈন এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন।
আলোচনার সূচনায় জৈন প্যানেল সদস্যদের তাঁদের ব্যক্তিগত জীবনযাত্রা এবং চলচ্চিত্র নির্মাণে তাঁদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
কিরগিজস্তানে জন্মগ্রহণকারী এবং হ্রদের ধারে অবস্থিত একটি ছোট্ট মৎস্যজীবী শহরে বেড়ে ওঠা নার্গিজা দোতিয়েভা স্মরণ করেন, কীভাবে তাঁর দাদার মুখে কিরগিজ লোকসাহিত্যের ঐতিহ্যবাহী মৌখিক কবিতার আবৃত্তি তাঁকে গল্প বলার প্রতি আকৃষ্ট করেছিল। বিজ্ঞাপন জগতে কর্মজীবন শুরু করার পর তিনি নিজের অর্থে চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক প্রকল্পগুলির কাজ শুরু করেন। কিরগিজস্তানের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষত মহাকাব্য মানাস তাঁকে অনুপ্রাণিত করেছে। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র স্কাইলার্ক-এ সীমান্তবর্তী অঞ্চলের ইতিহাস এবং সর্বজনীন মানবিক আবেগের বিষয়গুলি তুলে ধরা হয়েছে।
রোমানিয়ার বুখারেস্টে একটি রোমা পরিবারে জন্মগ্রহণকারী আলিনা শেরবান IFFI-তে অংশগ্রহণকে তাঁর পূর্বপুরুষদের মাতৃভূমিতে আবেগঘন প্রত্যাবর্তন হিসেবে বর্ণনা করেন। তিনি রোমা সম্প্রদায়ের সঙ্গে রাজস্থানের ঐতিহাসিক যোগসূত্রের কথা উল্লেখ করেন। রোমা ভাষায় ভারতীয় উৎসজাত শব্দের উপস্থিতির বিষয়টিও তিনি তুলে ধরেন। বুখারেস্টে বেড়ে ওঠার সময় কুসংস্কার, পক্ষপাত এবং সামাজিক প্রান্তিকতার অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। এই পরিস্থিতির মোকাবিলা করতে তিনি নাট্যকলা ও চলচ্চিত্রের জগতে প্রবেশ করেন, যাতে প্রচলিত গৎবাঁধা ধারণাগুলিকে চ্যালেঞ্জ জানানো যায়। তাঁর কাজের মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র পরিচালনার উদ্যোগ আই ম্যাটার। এই কাজের মাধ্যমে তিনি রোমা সম্প্রদায়কে ঘিরে প্রচলিত আখ্যানের উপর তাঁদের নিজেদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে এবং তাঁদের সংগ্রাম, সহনশীলতা ও মর্যাদার কাহিনিগুলিকে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন।
মেক্সিকান-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা সুজান অ্যান্ড্রুজ কোরেয়া তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র পরিচালনার উদ্যোগ লা কাজাদোরা (দ্য হান্ট্রেস) নির্মাণের পিছনে এক দশকের দীর্ঘ যাত্রার কথা তুলে ধরেন। মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ শহরকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটি নারীহত্যা এবং মহিলাদের বিরুদ্ধে হিংসার বাস্তব ঘটনাবলি থেকে অনুপ্রাণিত।
ক্ষোভ ও জরুরি পরিস্থিতির অভিব্যক্তি হিসেবে শুরু হওয়া এই চলচ্চিত্র ক্রমে হতাশা, অস্তিত্ব রক্ষার সংগ্রাম এবং নারীর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার এক সহানুভূতিশীল অনুসন্ধানে পরিণত হয়েছে।
আলোচনায় স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সামনে থাকা কাঠামোগত প্রতিবন্ধকতাগুলিও উঠে আসে। এর মধ্যে রয়েছে অর্থায়নের সীমাবদ্ধতা, লিঙ্গভিত্তিক পক্ষপাত এবং গৎবাঁধা ধারণা।
কোরেয়া বলেন, জটিল ও অস্বস্তিকর বিষয়বস্তু নিয়ে কাজ করার পরিবর্তে প্রযোজকরা প্রায়শই বাণিজ্যিকভাবে অধিক নিরাপদ আখ্যানকে সমর্থন করতে আগ্রহী হন। অন্যদিকে, মহিলা পরিচালকদের তাঁদের যোগ্যতা ও দক্ষতা বারবার প্রমাণ করতে হয়, যাতে তাঁদের কাজকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
শেরবান জানান, রোমা সম্প্রদায় সম্পর্কে প্রচলিত গৎবাঁধা উপস্থাপনার সঙ্গে তাঁর চিত্রনাট্যগুলি সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তাঁকে বারবার অর্থায়নের আবেদন করে প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়েছে। উভয়েই জোর দিয়ে বলেন, প্রতীকী প্রতিনিধিত্বের পরিবর্তে শিল্পকর্মের প্রকৃত গুণমান ও যোগ্যতার ভিত্তিতেই স্বীকৃতি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোতিয়েভা আরও বলেন, প্রান্তিক অঞ্চলের বৈচিত্র্যময় ও সাংস্কৃতিক শিকড়নির্ভর গল্পগুলিকে সমর্থন করার ক্ষেত্রে দর্শক এবং চলচ্চিত্র উৎসবগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নিজেদের সৃজনশীল যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্যানেল সদস্যরা নবীন চলচ্চিত্র নির্মাতাদের নিজেদের আবেগ ও সাংস্কৃতিক শিকড়ের প্রতি বিশ্বস্ত থাকার পরামর্শ দেন। তাঁদের মতে, গভীরভাবে প্রামাণিক ও স্থানীয় অভিজ্ঞতানির্ভর গল্পও বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের হৃদয় স্পর্শ করতে পারে।
SC....