57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

সুপারহিরোর নতুন কল্পনা: সংস্কৃতির শিকড়ে প্রোথিত জগৎ নির্মাণ নিয়ে অয়ন মুখোপাধ্যায় ও বাসিল জোসেফের কথোপকথন

প্রকাশিত: 23 NOV 2026 7:00PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340773Views: 9

গোয়া, ২৩ নভেম্বর, ২০২৬

 

 

ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের শিকড়ে প্রোথিত পুরাণ, সুপারহিরো এবং কল্পনার জগতের অসীম সম্ভাবনা বিশেষভাবে উঠে এল গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক আকর্ষণীয় আলোচনা পর্বে। ‘দ্য এপিক জঁরস – মিথোলজিস, সুপারহিরোজ অ্যান্ড নিউ ওয়ার্ল্ডস’ শীর্ষক এই কথোপকথনে চলচ্চিত্র পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও বাসিল জোসেফ অংশগ্রহণ করেন। সঞ্চালনায় ছিলেন পূজা তালওয়ার। পর্দায় সুপারহিরো ও পৌরাণিক কাহিনি তুলে ধরার সৃজনশীল চ্যালেঞ্জ, ভারতীয় লোককথা ও আধ্যাত্মিকতার প্রভাব এবং চলচ্চিত্রের গল্প বলার ক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে তাঁরা আলোচনা করেন।

 

ভারতে সুপারহিরো-নির্ভর চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ প্রসঙ্গে বাসিল জোসেফ বলেন, ভারতীয় চলচ্চিত্রে ঐতিহ্যগতভাবেই নায়কদের এমন অতিমানবীয় বৈশিষ্ট্যসম্পন্ন চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে, যাঁদের মধ্যে প্রায়শই সুপারহিরোদের গুণাবলি দেখা যায়। ফলে স্বতন্ত্র একটি সুপারহিরো চলচ্চিত্র-বিশ্ব গড়ে তোলা বিশেষভাবে চ্যালেঞ্জিং। নিজের ছবি মিন্নাল মুরালি-র প্রসঙ্গ টেনে তিনি ব্যাখ্যা করেন, সৃজনশীল চ্যালেঞ্জের পাশাপাশি বাজেটের সীমাবদ্ধতাও কীভাবে নতুন ও অভিনব গল্প বলার অনুপ্রেরণা জোগাতে পারে। ছবিতে সুপারহিরোর মুখ লুঙ্গি দিয়ে ঢাকা এবং পায়ে চটি পরে দৌড়নোর দৃশ্যগুলি এমনই কিছু বাস্তব বিবেচনা থেকে তৈরি হয়েছিল।

 

অয়ন মুখোপাধ্যায় বলেন, সাধারণ মানুষের মধ্যেই অসাধারণ ক্ষমতা লুকিয়ে থাকতে পারে—সুপারহিরো-নির্ভর চলচ্চিত্রের এই ভাবনাই প্রথম তাঁকে আকৃষ্ট করেছিল। পাশ্চাত্যের ফ্যান্টাসি থেকে অনুপ্রেরণা নেওয়া চলচ্চিত্রে কীভাবে ভারতীয় পরিচিতি গড়ে তোলা যায়, সেই চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি স্বীকার করেন, ব্রহ্মাস্ত্র ছবির প্রাথমিক পর্যায়ে পাশ্চাত্য প্রভাবের কিছু উপাদান ছিল। এর একটি কারণ ছিল হ্যারি পটার-এর মতো কাহিনির প্রতি তাঁর অনুরাগ। তবে চিত্রনাট্যে আধ্যাত্মিকতার নানা উপাদান সংযোজনের ফলে ছবিটি নিজস্ব ভারতীয় পরিচিতি লাভ করে।

 

চলচ্চিত্র নির্মাণে যথার্থতা ও বিশ্বাসযোগ্যতার গুরুত্বের ওপর জোর দিয়ে বাসিল জোসেফ বলেন, চলচ্চিত্র নির্মাতাদের উচিত নিজেদের চরিত্র এবং নিজেদের সৃজনশীল সত্তার প্রতি সৎ থাকা; কৃত্রিমভাবে ছবিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা উচিত নয়। 

 

ব্রহ্মাস্ত্র নির্মাণের অভিজ্ঞতার কথা স্মরণ করে অয়ন মুখোপাধ্যায় বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে গিয়ে চলচ্চিত্র নির্মাতারা প্রায়শই প্রচলিত চিন্তাভাবনার বাইরে যেতে এবং আরও কল্পনাপ্রবণ সমাধান খুঁজে পেতে বাধ্য হন। তাঁর মতে, সৃজনশীল চ্যালেঞ্জ বাধা হয়ে না দাঁড়িয়ে নতুন উদ্ভাবনের অনুঘটক হয়ে উঠতে পারে।

 

আলোচনায় ভারতের সঙ্গে পুরাণ ও লোককথার গভীর সম্পর্কের বিষয়টিও উঠে আসে। বাসিল জোসেফ বলেন, ভারতীয় দর্শক দেবদেবী ও তাঁদের অলৌকিক ক্ষমতার নানা কাহিনি শুনে বড় হয়েছেন। পাশ্চাত্যে জনপ্রিয় গল্প বলার ধারায় পৌরাণিক সুপারহিরোদের উপস্থিতি তুলনামূলকভাবে কম হলেও, ভারতে এমন অসংখ্য দেবদেবীর কাহিনি রয়েছে, যাঁরা বিপদের সময় মানুষকে রক্ষা করতে ও উদ্ধার করতে আবির্ভূত হন। পুরাণ ও লোককথার বিপুল ভাণ্ডার থেকে চলচ্চিত্র নির্মাতারা স্বাভাবিকভাবেই তাঁদের শৈশবে শোনা গল্প এবং সঞ্চিত অভিজ্ঞতার উপাদান নিয়ে চলচ্চিত্রের জগৎ নির্মাণ করেন।

 

প্রযুক্তির অগ্রগতি কীভাবে দৃশ্যনির্ভর গল্প বলার সম্ভাবনাকে প্রসারিত করেছে এবং চলচ্চিত্র নির্মাতাদের উচ্চাকাঙ্ক্ষী কাহিনি ও কল্পনার জগৎকে বাস্তব রূপ দেওয়ার সুযোগ করে দিয়েছে তার উল্লেখ করে অয়ন মুখোপাধ্যায় বলেন, ভারতীয় গল্প বলার ধারায় পুরাণ বরাবরই এক অবিচ্ছেদ্য উপস্থিতি। প্রযুক্তি এখন সেই প্রাচীন কাহিনিগুলিকে সমকালীন দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরার পথ খুলে দিয়েছে।

 

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চলচ্চিত্র নির্মাণের ভবিষ্যৎ সম্পর্কে নিজের মতামত জানিয়ে বাসিল জোসেফ বলেন, এআই মূলত আগে থেকে থাকা বিষয়বস্তুর পুনরুৎপাদন করে; প্রকৃত অর্থে সম্পূর্ণ মৌলিক কিছু সৃষ্টি করে না। তাঁর মতে, প্রযুক্তির সাহায্যে যখন সৃজনশীল উপাদানের অনুকরণ সহজ হয়ে উঠছে, তখন মৌলিকত্বের মূল্য ক্রমশ আরও বেড়ে যাবে।

ওটিটি প্ল্যাটফর্মের প্রসার ভারতীয় চলচ্চিত্রের দর্শকসংখ্যা ও পৌঁছনোর পরিধিকে কীভাবে বদলে দিয়েছে, তা নিয়েও বক্তারা আলোচনা করেন। বাসিল জোসেফ বলেন, এখন একটি ভাষায় নির্মিত চলচ্চিত্র দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকদের কাছেও সমাদৃত হচ্ছে। দর্শকরা নিজেদের ভাষায় সেই ছবিগুলি দেখার সুযোগ পাচ্ছেন। তাঁর মতে, এর ফলে আঞ্চলিক চলচ্চিত্র ভাষার সীমানা অতিক্রম করে আরও বৃহত্তর দর্শকসমাজের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন সুযোগ পেয়েছে।

 

এই আলোচনা ভারতীয় চলচ্চিত্রে সুপারহিরো ও পৌরাণিক কাহিনিনির্ভর ধারার বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি তুলে ধরে।

 

 

SC/SD/SKD


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340773
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026