গোয়া, ২৩ নভেম্বর ২০২৬
চলচ্চিত্র নির্মাণের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গোয়ার সম্ভাবনা, চলচ্চিত্র-সম্পর্কিত পরিকাঠামো শক্তিশালী করার সুযোগ এবং রাজ্যের স্বতন্ত্র প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব—এই বিষয়গুলি ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারত (IFFI)-এ ‘Goa in Cinema’ শীর্ষক এক প্রাণবন্ত আলোচনার মূল বিষয় হয়ে ওঠে।
কোঙ্কণি, হিন্দি ও আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে একত্রিত করে এই আলোচনায় অংশ নেন বিশিষ্ট কোঙ্কণি চলচ্চিত্র পরিচালক রাজেন্দ্র তালাক, হিন্দি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার বিজয় কৃষ্ণ আচার্য এবং ফরাসি অভিনেত্রী মারিয়ান বর্গো। চলচ্চিত্র সমালোচক সচিন চাট্টে আলোচনাটি পরিচালনা করেন।
চলচ্চিত্র নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে গোয়ার সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে বিজয় কৃষ্ণ আচার্য রাজ্যের স্বতন্ত্র দৃশ্যগত সৌন্দর্য ও সাংস্কৃতিক আকর্ষণের কথা তুলে ধরেন, যা বহু বছর ধরে চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করেছে। তিনি বলেন, গোয়ার একটি অনন্য ও আকর্ষণীয় পরিচয় রয়েছে, যা মূলধারার অন্যান্য চলচ্চিত্র নির্মাণের স্থান থেকে একে স্বতন্ত্র করে তোলে। Kabhi Haan Kabhi Naa চলচ্চিত্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, ছবিটির চরিত্র ও প্রেক্ষাপট এত স্বাভাবিকভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়েছিল যে, গল্পটি গোয়া ছাড়া অন্য কোথাও একইভাবে বিকশিত হতে পারত না।
চলচ্চিত্র নির্মাণকে অর্থনৈতিকভাবে লাভজনক করে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আচার্য গোয়ায় একটি ফিল্ম সিটি প্রতিষ্ঠার আহ্বান জানান, যা বিভিন্ন বাজেটের চলচ্চিত্র নির্মাতাদের শুটিংয়ের সুযোগ করে দেবে। তিনি বলেন, “চলচ্চিত্র নির্মাণে খরচ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। প্রতিযোগিতামূলক খরচে উপযুক্ত পরিকাঠামো সরবরাহ করতে পারলে গোয়া আরও বেশি চলচ্চিত্র নির্মাণকে আকৃষ্ট করতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, ফিল্ম স্কুল এবং চলচ্চিত্র-সাক্ষরতা কেন্দ্রগুলি স্থানীয় মানুষদের চলচ্চিত্র শিল্পে পেশাগত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে। তাঁর মতে, এই ধরনের উদ্যোগ প্রজন্মের পর প্রজন্ম ধরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং গোয়াকে একটি স্বতন্ত্র শিল্প-সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
অন্যদিকে, রাজেন্দ্র তালাক গোয়ায় ফিল্ম সিটি প্রতিষ্ঠার বাস্তবসম্মত সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী বাড়িঘর এবং ঐতিহাসিক স্থাপত্য চলচ্চিত্র নির্মাণের জন্য বিভিন্ন ধরনের প্রেক্ষাপট ও পরিবেশের সুযোগ তৈরি করে। চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার উদ্যোগগুলি যাতে গোয়ার সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সেই বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।
তালাক উল্লেখ করেন, চলচ্চিত্র নির্মাণের গন্তব্য হিসেবে গোয়ার একটি বড় অংশ এখনও অনাবিষ্কৃত। তিনি বলেন, “গোয়ার মাত্র প্রায় ১০ শতাংশ স্থানই চলচ্চিত্র নির্মাণের জন্য অনুসন্ধান করা হয়েছে।” এর ফলে চলচ্চিত্র নির্মাতাদের নতুন স্থান আবিষ্কার এবং রাজ্যের বৈচিত্র্যময় পরিবেশের সঙ্গে মানানসই গল্প নির্মাণের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি চলচ্চিত্র নির্মাতাদের গোয়ার প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ অন্বেষণ করে তার সঙ্গে স্বাভাবিকভাবে মানানসই গল্প খুঁজে বের করার আহ্বান জানান।
গোয়াকে নিজের বাসস্থান হিসেবে বেছে নেওয়া একজন মানুষের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মারিয়ান বর্গো। পরিকাঠামোর গুরুত্ব স্বীকার করলেও তিনি রাজ্যের প্রাকৃতিক পরিবেশ, ঐতিহ্যবাহী বাড়িঘর এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মূল্য তুলে ধরেন। গোয়ার স্বতন্ত্র বৈশিষ্ট্য সংরক্ষণের জন্য চলচ্চিত্র নির্মাতাদের সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে শুটিং কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান তিনি। IFFI-তে দেখা O Mariya চলচ্চিত্রের মাধ্যমে কোঙ্কণি চলচ্চিত্রের অসাধারণ প্রতিভার সঙ্গে তাঁর পরিচয় ঘটেছিল বলেও তিনি স্মরণ করেন।
আলোচনায় চলচ্চিত্রে গোয়া ও গোয়ার মানুষের গতানুগতিক চিত্রায়ণ নিয়েও আলোচনা হয়। চলচ্চিত্র নির্মাতাদের সামনে আরও বিস্তৃত পরিসরের গল্প তুলে ধরার এবং গোয়ার আরও বৈচিত্র্যময় চলচ্চিত্রগত উপস্থাপনা গড়ে তোলার সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
*****************
SC/PK