প্রকাশিত:
21 NOV 2026 10:25AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ নভেম্বর ২০২৬
জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের প্রচেষ্টায় ভারত একটি বড় মাইলফলক অর্জন করেছে। জাতীয় এইচপিভি টিকাদান কর্মসূচির আওতায়, এটি শুরুর নয় মাসেরও কম সময়ের মধ্যে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকার ১ কোটিরও বেশি ডোজ প্রদান করা হয়েছে। এই অর্জন জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং কিশোরীদের এইচপিভি সংক্রমণ থেকে সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । একই সঙ্গে, এটি সারা দেশে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান প্রসারের প্রতিফলন।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক সূচিত এই দেশব্যাপী কর্মসূচির আওতায়, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে, নিরাপদে এবং স্বেচ্ছায় এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হচ্ছে (অভিভাবকের সম্মতিক্রমে)।ভবিষ্যৎ প্রজন্মের নারীদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণের প্রতিগুরুত্ব আরোপ করে ভারতের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কৌশলে এটি একটি বড় অগ্রগতি ।
ভারতের রেজিস্ট্রার জেনারেল-এর ২০২১ সালের জনসংখ্যা প্রাক্কলন অনুযায়ী, প্রায় ১ কোটি ২০ লাখ কিশোরীকে টিকাদান বার্ষিক লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৮৭ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। নয় মাসের মধ্যে ১ কোটি ডোজ প্রদানের এই মাইলফলকটি কর্মসূচিটির ব্যাপকতা ও গতিকে তুলে ধরছে। এই সাফল্যের পেছনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, স্বাস্থ্যপেশাজীবী, সামনের সারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সমন্বিত প্রচেষ্টা রয়েছে।
ছয়টি রাজ্যে ১০০% টিকাকরণ সম্পন্ন; দেশজুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি
বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এইচপিভি টিকাকরণের পরিধি বিস্তারে ধারাবাহিক অগ্রগতি প্রদর্শন করছে। এর মধ্যে কয়েকটি অঞ্চল তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার জনগোষ্ঠীর একটি বড় অংশের কাছে টিকাকরণ ইতোমধ্যেই পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
ছয়টি রাজ্য—গুজরাট, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মিজোরাম, মধ্যপ্রদেশ এবং বিহার—এই অভিযানের আওতায় তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার জনগোষ্ঠীর ১০০% টিকাকরণ সম্পন্ন করেছে।
অন্যান্য ভালো ফল করা রাজ্যগুলোর মধ্যে আসাম ৯৫.৬৩% টিকাকরণের সাফল্য অর্জন করেছে। এরপর রয়েছে তেলেঙ্গানা (৯৫.২৮%), কর্ণাটক (৯৩.১৬%) এবং উত্তরাখণ্ড (৯০.১৭%)।
ছত্তিশগড় (৮৬.২১%) এবং রাজস্থান (৮৫.২৩%) ৮০%-এর মাইলফলক অতিক্রম করেছে। এছাড়া কেরালা (৭৭.০২%), তামিলনাড়ু (৭৬.১২%), ওড়িশা (৭৪৯০%) এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (৭২.৯৯%) ৭০%-এর বেশি টিকাকরণ সম্পন্ন করেছে।
সংখ্যার দিক থেকে বিচার করলে, উত্তরপ্রদেশ সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে; সেখানে ১৪ বছর বয়সী ২৯.৩৩ লক্ষেরও বেশি কিশোরীকে টিকা দেওয়া হয়েছে। এরপর রয়েছে বিহার (১৩.৭০ লক্ষেরও বেশি) এবং গুজরাট (৭.৭৫ লক্ষেরও বেশি)।
ভৌগোলিক, জনতাত্ত্বিক ও আর্থ-সামাজিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও বিভিন্ন রাজ্যে এই অগ্রগতি প্রমাণ করে যে, এই অভিযানটি অত্যন্ত বিশাল এবং বাস্তবায়নে স্থানীয় পরিস্থিতির সঙ্গে মানানসই কৌশলগুলিও অত্যন্ত কার্যকর।
কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি
এই মাইলফলকটি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের মধ্যে ধারাবাহিক সমন্বয়ের ফসল। এর জন্যে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছেন।
গ্রামীণ, শহুরে, দুর্গম এবং ভৌগোলিকভাবে চ্যালেঞ্জিং এলাকাগুলোতে টিকাকরণের সুযোগ পৌঁছে দিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো বিশেষ কৌশল গ্রহণ করেছে। বিহার, তামিলনাড়ু এবং সিকিমে রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগগুলিকে জাতীয় অভিযানের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা টিকাকরণের প্রসার ও বাস্তবায়নকে আরও শক্তিশালী করেছে।
এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জনসম্পৃক্ততা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং এইচপিভি টিকাকরণ বিষয়ক নির্ভরযোগ্য ও বিজ্ঞানভিত্তিক তথ্য প্রচারের ওপর। শিশুরোগ বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং এইমস-এর মতো শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞসহ স্বাস্থ্যসেবা পেশাজীবীরা টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সচেতনতা সৃষ্টিতে এবং মানুষের উদ্বেগ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
স্কুল শিক্ষক, আশা কর্মীরা, অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ (এএনএম) এবং অন্যান্য সামনের সারির স্বাস্থ্যকর্মীরা অভিভাবক ও সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেছেন, যাতে মানুষ সঠিক তথ্য জেনে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে এবং ভুল তথ্যের মোকাবিলা করা সম্ভব হয়।
এই সম্মিলিত প্রচেষ্টা জনমনে আস্থা জোরদার করতে এবং সমাজের বিভিন্ন স্তরে এইচপিভি টিকাদান কর্মসূচিকে গ্রহণযোগ্য করে তুলতে সহায়তা করেছে।
‘ইউ-উইন’ ডিজিটাল পর্যবেক্ষণ ও টিকাদান ব্যবস্থায় প্রবেশাধিকারকে শক্তিশালী করছে
ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো এই দেশব্যাপী প্রচারে একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করেছে। ‘ইউ-উইন’ প্ল্যাটফর্মটি টিকাদান কার্যক্রমের রিয়েল-টাইম পর্যবেক্ষণ, টিকা গ্রহীতাদের ট্র্যাকিং এবং ডিজিটাল টিকাদান রেকর্ড সংরক্ষণে সহায়তা করছে।
কর্মসূচি ব্যবস্থাপকরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে জেলা পর্যায়ে টিকাদানের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন, টিকাদানের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকলে তা শনাক্ত করছেন, এখনো টিকা পাননি এমন যোগ্য কিশোরীদের খুঁজে বের করছেন এবং আরও কার্যকর পরিকল্পনা ও সম্পদ বরাদ্দে সহায়তা নিচ্ছেন।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে অভিভাবকরা তাদের কন্যাশিশুর জন্য এইচপিভি টিকার স্লট বুক করতে পারছেন এবং ডিজিটাল টিকাদান সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন যা টিকাদান প্রক্রিয়াকে আরও সহজলভ্য, সুবিধাজনক ও স্বচ্ছ করে তুলেছে।
মাঠপর্যায়ে বাস্তবায়নের সঙ্গে ডিজিটাল পর্যবেক্ষণের এই সমন্বয় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কর্মসূচি ব্যবস্থাপনা শক্তিশালী করতে এবং যোগ্য সুবিধাভোগীদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছাতে সাহায্য করছে।
এইচপিভি টিকাদান:
জরায়ুমুখের ক্যান্সারের বিরুদ্ধে একটি পরীক্ষিত প্রতিরোধমূলক ব্যবস্থা
জরায়ুমুখের ক্যান্সার জনস্বাস্থ্যের জন্য একটি বড় উদ্বেগের বিষয় এবং মহিলাদের মধ্যে ক্যান্সারের প্রকোপ ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কিছু উচ্চ-ঝুঁকিপূর্ণ ধরনের দীর্ঘস্থায়ী সংক্রমণই অধিকাংশ ক্ষেত্রে জরায়ুমুখের ক্যান্সারের জন্য দায়ী।
এইচপিভি সংক্রমণ—যা থেকে জরায়ুমুখের ক্যান্সার হতে পারে—তার ঝুঁকি কমানোর ক্ষেত্রে এইচপিভি টিকাদান অন্যতম কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা।
জাতীয় এইচপিভি টিকাদান কর্মসূচিটি এইচপিভি টিকার নিরাপত্তা ও কার্যকারিতা বিষয়ক বিশ্বব্যাপী প্রাপ্ত ব্যাপক বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৮০ কোটিরও বেশি ডোজ এইচপিভি টিকা দেওয়া হয়েছে। প্রায় দুই দশকের বৈজ্ঞানিক গবেষণা ও বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যে, এই টিকা এইচপিভি সংক্রমণ এবং এর সঙ্গে সম্পর্কিত ক্যান্সার-পূর্ববর্তী অবস্থার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করে।
১৪ বছর বয়সী কিশোরীদের টিকা প্রদানের মাধ্যমে এই কর্মসূচিটি এইচপিভি সংক্রমণের সংস্পর্শে আসার অনেক আগেই সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে, যা দীর্ঘমেয়াদে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে অবদান রাখবে। উপভোক্তাদের নিরাপত্তা একটি প্রধান অগ্রাধিকার হিসেবেই রয়েছে
প্রত্যেক উপভোক্তার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা এই প্রচার অভিযানের একটি মৌলিক অগ্রাধিকার।
সমস্ত টিকাদান কর্মসূচি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রশিক্ষিত চিকিৎসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন হয়। টিকাদান কেন্দ্রগুলি ২৪×৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রের সঙ্গে সংযুক্ত থাকে, যাতে টিকাদান-পরবর্তী কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত মূল্যায়ন, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
এই প্রচার অভিযানে টিকাদান সংক্রান্ত সুনির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়, যেখানে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সুব্যবস্থা থাকে।
টিকাদান কর্মসূচির প্রতি আস্থা বজায় রাখার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রক স্বচ্ছ যোগাযোগ, বৈজ্ঞানিক প্রমাণ এবং অভিভাবকদের সুচিন্তিত সম্মতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
যোগ্য কিশোরীদের ১০০% টিকাদানের লক্ষ্য অর্জনে গতি বজায় রাখা
১ কোটি ডোজ প্রদানের মাইলফলক অর্জনের পর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এখন অবশিষ্ট যোগ্য কিশোরীদের কাছে পৌঁছতে এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাদানের পরিধি আরও বিস্তৃত করতে কাজ করে যাচ্ছে।
টিকাদানের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকলে তা পূরণ করতে, সচেতনতা বৃদ্ধি করতে এবং এইচপিভি টিকায় সবার সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে মন্ত্রক রাজ্য সরকার, জেলা প্রশাসন, চিকিৎসা পেশাজীবী, সামনের সারির স্বাস্থ্যকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে চলেছে।
১৪ বছর বয়সী যোগ্য কিশোরীদের অভিভাবক ও তত্ত্বাবধায়কদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করেন অথবা ‘ইউ-উইন’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জেনে টিকাদানের জন্য স্লট বুক করেন।
নয় মাসেরও কম সময়ে ১ কোটিরও বেশি এইচপিভি টিকার ডোজ প্রদান করা কেবল একটি সংখ্যাগত মাইলফলকই নয়; এটি ভারতের কিশোরীদের স্বাস্থ্যের সুরক্ষায় একটি বড় বিনিয়োগ এবং প্রাণঘাতী একটি রোগ প্রতিরোধের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুরু হওয়া এই জাতীয় এইচপিভি টিকাদান কর্মসূচিটি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব এবং নারীদের প্রতিরোধযোগ্য রোগ থেকে রক্ষা করার অঙ্গীকারকেই প্রতিফলিত করে।
আজ প্রদান করা প্রতিটি এইচপিভি টিকার ডোজ ভারতের কন্যাশিশুদের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ—এমন একটি ভবিষ্যৎ, যেখানে জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা অনেক কমে আসবে।
এই মাইলফলকটি প্রতিটি যোগ্য কিশোরীর কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এবং জরায়ুমুখের ক্যান্সারের বোঝা কমানোর জাতীয় লক্ষ্য অর্জনে ভারত সরকারের দৃঢ় অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।
SC/SB/NS