57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

‘সীমান্তবিহীন গল্প’: ভৌগোলিক ও সামাজিক-সাংস্কৃতিক বিভাজন অতিক্রমকারী চলচ্চিত্রের উদ্‌যাপনে ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 

উৎসবের পরিচালক আশুতোষ গোয়ারিকর তুলে ধরলেন ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভাবনা

উৎসবের আন্তর্জাতিক আবেদন তুলে ধরতে চলচ্চিত্রের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার জন্য সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রতি আহ্বান

পোস্ট করার দিনক্ষণ: 20 NOV 2026 2:09PMby PIB Agartalaপ্রেস বিজ্ঞপ্তির আইডি: 2339091Views: 5

পানাজী (গোয়া), ২০ নভেম্বর, ২০২৬: ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আই.এফ.এফ.আই) সূচনালগ্নে আজ গোয়ার পানাজিতে পিআইবি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিচালক শ্রী আশুতোষ গোয়ারিকর এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এন.এফ.ডি.সি)'র ম্যানেজিং ডিরেক্টর শ্রী ধীরাজ সিং। বৈঠকটি পরিচালনা করেন প্রেস ইনফরমেশন ব্যুরোর  ডিরেক্টর জেনারেল (পশ্চিম) শ্রীমতী স্মিতা ভাটস শর্মা।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শ্রী আশুতোষ গোয়ারিকর ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভাবনা ‘স্টোরিজ উইদাউট বর্ডার্স’ (সীমান্তবিহীন গল্প) সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই ভাবনা কেবল ভৌগোলিক বা রাষ্ট্রীয় সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং পরিবার ও সমাজের অভ্যন্তরীণ বিভাজন, জাতপাত, সামাজিক বৈষম্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতার কারণে তৈরি হওয়া ব্যবধানকেও এর আওতায় আনা হয়েছে। বিভিন্ন সংস্কৃতির মানুষের অভিন্ন মানবিক অনুভূতি ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো এবং সমস্ত বিভাজন অতিক্রম করে যাওয়া গল্পগুলিকে এক মঞ্চে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য।

চলতি বছরের চলচ্চিত্র উৎসবের বৈচিত্র্যময় আয়োজনের কথা তুলে ধরে শ্রী গোয়ারিকর জানান, এ বছর তিনটি নতুন বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি হল- অ্যানিমেশন, তথ্যচিত্র এবং চলচ্চিত্র বিষয়ক চলচ্চিত্র। তথ্যচিত্রের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্যচিত্র নির্মাতাদের আরও বেশি সুযোগ ও পরিচিতি দেওয়া প্রয়োজন। এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি সমাপ্ত মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এম.আই.এফ.এফ)-এর পুরস্কারপ্রাপ্ত নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ গালা প্রদর্শনীর আয়োজন করা হবে।

উৎসবের বিভিন্ন বিভাগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রেট্রোস্পেকটিভ, বিশেষভাবে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী এবং বিশেষ স্ক্রিনিং-সহ প্রতিটি বিভাগই বিশ্ব চলচ্চিত্রের সমৃদ্ধি ও বৈচিত্র্যকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিজস্ব পছন্দের চলচ্চিত্রের বাইরেও উৎসবের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার আহ্বান জানান তিনি। গালা স্ক্রিনিং, রেড কার্পেট অনুষ্ঠান, আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলন এবং প্যানোরামা বিভাগের মতবিনিময় পর্বে অংশ নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন। তাঁর মতে, এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা ও উৎসবে আগত প্রতিনিধিরা নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পান। পাশাপাশি দর্শকরাও বিভিন্ন ধরনের চলচ্চিত্র ও নতুন নতুন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হতে পারেন।

উৎসবের আন্তর্জাতিক আবেদন ও পরিধি আরও বিস্তৃত করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন শ্রী গোয়ারিকর। তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের রেট্রোস্পেকটিভ-সহ বিভিন্ন বিভাগের চলচ্চিত্র দেখার এবং সেগুলি নিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে তাঁদের নিজস্ব বিচারবোধ ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর জোর দেন। তাঁর মতে, দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্র ও গল্পগুলিকে পৌঁছে দিতে সংবাদমাধ্যমের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উৎসব চলাকালীন আয়োজক কমিটি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে অর্থবহ ও অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ করে দেওয়ার ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের পেশাগত ব্যস্ততার কথা বিবেচনা করে তাঁদের সঙ্গে মতবিনিময়ের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি জানান। এর ফলে উৎসবের বিভিন্ন কর্মসূচি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আরও নমনীয়ভাবে এবং পর্যাপ্ত সময় নিয়ে কভার করতে পারবেন।

সাংবাদিক বৈঠকে শ্রী আশুতোষ গোয়ারিকর ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুস্তিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

 মতবিনিময় পর্বে উৎসবের মূল ভাবনা, চলচ্চিত্র প্রদর্শনীর বিভিন্ন বিভাগ এবং কর্মসূচির অগ্রাধিকার সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়। পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চ হিসেবে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে আরও শক্তিশালী করে তোলা এবং চলচ্চিত্রের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদান-প্রদান ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বও তুলে ধরা হয়।

IFFILOID পড়ুন এখানে: https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

*****

PS/PKS/KMD


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339091
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026