গোয়া, ১৯ নভেম্বর, ২০২৬
ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর সমাপ্তিতে সিঙ্গাপুরের উচ্চ প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা অ্যান্থনি চেনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উই আর অল স্ট্রেঞ্জার্স’ দেখানো হবে। চলচ্চিত্রটিতে মানবিক সম্পর্ক, পারিবারিক বন্ধন এবং সমসাময়িক জীবনের জটিলতার এক মর্মস্পর্শী চিত্রায়ন তুলে ধরা হয়েছে।
সমসাময়িক সিঙ্গাপুরের পটভূমিতে নির্মিত ‘উই আর অল স্ট্রেঞ্জার্স’ চলচ্চিত্রটি ২১ বছর বয়সী জুনইয়াং-কে কেন্দ্র করে আবর্তিত হয়। তার নিশ্চিন্ত জীবন হঠাৎ এক মোড় নেয়। সম্পর্কের এক নাটকীয় পরিবর্তনের কারণে তাকে ও তার প্রেমিকাকে প্রত্যাশার চেয়ে অনেক আগেই প্রাপ্তবয়স্ক জীবনের গুরুভার সামলাতে বাধ্য হতে হয়। ঘটনাচক্রে জুনইয়াং-এর বাবার জীবনে এক নারীর আগমন ঘটে, যা বাবা ও ছেলের সম্পর্কের ভারসাম্যে পরিবর্তন নিয়ে আসে। অসাধারণ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা এই চলচ্চিত্রে সমান্তরাল দুটি যাত্রার গল্প উঠে এসেছে, যেখানে দুই প্রজন্মই প্রেম, বিচ্ছেদ ও দায়বদ্ধতার মধ্য দিয়ে এগিয়ে চলে। এটি পরিবারের সংজ্ঞা এবং জন্মসূত্রে পাওয়া আত্মীয় ও নিজের বেছে নেওয়া মানুষের মধ্যকার সূক্ষ্ম সম্পর্কের নতুন রূপরেখা তুলে ধরে।
‘উই আর অল স্ট্রেঞ্জার্স’ হল অ্যান্থনি চেনের বহু প্রশংসিত ‘গ্রোয়িং আপ’ ট্রিলজির সর্বশেষ সংযোজন। পরিচালক ও তাঁর সহানুভূতিশীল ও তীক্ষ্ণ পর্যবেক্ষণমূলক গল্প বলার শৈলীতে ছবিটি ভিন্ন মাত্রা পেয়েছে। তাঁর প্রথম চলচ্চিত্র ‘ইলো ইলো’ (২০১৩) কান চলচ্চিত্র উৎসবে ‘ক্যামেরা ডি’অর’ পুরস্কার এনে দিয়েছিল এবং পরবর্তীতে ‘ওয়েট সিজন’ চলচ্চিত্রেও তা অব্যাহত ছিল। গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের আগে, ছবিটি ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং মেলবোর্ন ও হেলসিংকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ব্যাপক প্রশংসা পায়।
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি)-এর আয়োজনে, এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া (ইএসজি)-এর সহযোগিতায় ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ২০২৬ সালের ২০ থেকে ২৮ নভেম্বর পানাজিতে অনুষ্ঠিত হবে। ‘স্টোরিজ উইদাউট বর্ডারস’ — এই থিম উৎসবে বিশ্বের নানা প্রান্তের বৈচিত্র্যময় চলচ্চিত্র ও গল্পগুলো একত্রিত করবে।
SC/AB/DM