গোয়া, ১৮ নভেম্বর ২০২৬: ভারতের ডিজিটাল বিনোদন জগতের ক্রমবর্ধমান বিবর্তন এবার বিশেষ গুরুত্ব পেতে চলেছে ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ২০২৬-এ। আগামী ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। উৎসবের ওটিটি অ্যাওয়ার্ড বিভাগে শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে পাঁচটি ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। সামাজিক বাস্তবতা, সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক মাইলফলক এবং মানবিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে এই সিরিজগুলির গল্পে। মনোনীত সিরিজগুলি ভারতের ক্রমবর্ধমান ওটিটি দুনিয়ার বৈচিত্র্য, সৃজনশীলতা এবং গল্প বলার নতুন ধারাকেই তুলে ধরেছে।
একনজরে দেখে নেওয়া যাক মনোনীত পাঁচটি ওয়েব সিরিজের মধ্যে কয়েকটি—
আদর্শ বাল বিদ্যালয়

পরিচালক হিমাঙ্ক গৌরের এই ওয়েব সিরিজে হাসির মোড়কে উঠে এসেছে ভারতের সরকারি শিক্ষা ব্যবস্থার নানা বাস্তব চিত্র। দিল্লির একটি সরকারি স্কুলকে কেন্দ্র করে তৈরী হয়েছে সিরিজের কাহিনি। স্কুলের প্রধান শিক্ষক জ্ঞানেশ্বর ত্রিপাঠীর স্বপ্ন কেমব্রিজ ভ্রমণ। আর সেই স্বপ্ন পূরণের একমাত্র শর্ত, পরীক্ষায় পড়ুয়াদের অসাধারণ ফলাফল।
কিন্তু অনাগ্রহী পড়ুয়া, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং প্রতিকূল শিক্ষার পরিবেশ তাঁর পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে এক আদর্শবাদী শিক্ষক এসে স্কুলের পরিবেশ বদলে দেওয়ার নতুন আশা জাগায়।
হাসির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার নানা সমস্যাও তুলে ধরেছে এই সিরিজ। একই সঙ্গে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তনে নিষ্ঠাবান শিক্ষকদের ভূমিকা এবং সম্ভাবনার দিকটিও ফুটে উঠেছে কাহিনিতে।
দেবখেল

লোককথা এবং প্রাচীন বিশ্বাসের উপর ভিত্তি করে নির্মিত পরিচালক চন্দ্রকান্ত লতা গায়কোয়াড়ের এই সিরিজের প্রেক্ষাপট দেবতালি গ্রাম। যেখানে প্রতি বছর হোলির রাতে ঘটে একটি করে মৃত্যু। গ্রামবাসীদের বিশ্বাস, স্থানীয় লোকবিশ্বাসের সঙ্গে যুক্ত পৌরাণিক অসুর শঙ্কাসুরের অভিশাপেই এই মৃত্যুর ঘটনা ঘটে। এরই মধ্যে ফের এক রহস্যময় মৃত্যুর ঘটনা সামনে আসতেই তদন্তে নামেন ইন্সপেক্টর বিশ্বাস। ঘটনার নেপথ্যে থাকা সত্য উদঘাটনে শুরু হয় তাঁর অনুসন্ধান। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে গ্রামের নানা গোপন রহস্য, লুকিয়ে থাকা উদ্দেশ্য এবং বিশ্বাসের নানা প্রশ্ন।
অপরাধ, রহস্য ও লোককথার মিশেলে তৈরি এই সিরিজে কুসংস্কার, ঐতিহ্য এবং বাস্তবতার মধ্যেকার সূক্ষ্ম সম্পর্ক তুলে ধরা হয়েছে।
মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি

পরিচালক রব্বি গ্রেওয়ালের এই সিরিজে উঠে এসেছে ভারতের অন্যতম পরিচিত দেশীয় ব্র্যান্ড টাইটানের জন্মের নেপথ্যের উদ্যোগ এবং শিল্পোদ্যোগী স্বপ্নের কাহিনি। উদারীকরণ-পূর্ববর্তী ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের কেন্দ্রে রয়েছেন জেরক্সেস দেশাই। বিদেশি পণ্য এবং চোরাপথে আসা ঘড়ির দাপটে থাকা বাজারে একটি আন্তর্জাতিক মানের ভারতীয় ঘড়ির ব্র্যান্ড গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে তাঁকে নানা আমলাতান্ত্রিক জটিলতা, আর্থিক সীমাবদ্ধতা এবং প্রযুক্তিগত সমস্যার মোকাবিলা করতে হয়। এই যাত্রায় তাঁর পাশে ছিলেন জে আর ডি টাটা এবং একনিষ্ঠ কর্মীদের দল।
একটি উচ্চাকাঙ্ক্ষী শিল্পোদ্যোগ কীভাবে ভারতের কর্পোরেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছিল, সেই কাহিনিই তুলে ধরেছে এই সিরিজ। একই সঙ্গে উদ্ভাবন, অদম্য ইচ্ছাশক্তি এবং পথিকৃৎ হওয়ার মানসিকতার এক অনন্য দলিল হয়ে উঠেছে 'মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি'।
মায়াসভা: দ্য রাইজ অব দ্য টাইটানস

১৯৭০-এর দশকের রাজনৈতিকভাবে উত্তাল অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাপটে নির্মিত পরিচালক দেব কাট্টার এই ওয়েব সিরিজে উঠে এসেছে দুই ভিন্ন সামাজিক অবস্থান থেকে উঠে আসা মানুষের রাজনৈতিক উত্থান এবং সম্পর্কের টানাপোড়েনের কাহিনি। সিরিজের অন্যতম প্রধান চরিত্র আদর্শবাদী ছাত্রনেতা কারকল কৃষ্ণমা নাইডু (কেকেএন)। অন্যদিকে রয়েছেন প্রভাবশালী পরিবারের তরুণ সদস্য এম এস রামি রেড্ডি।
ভিন্ন পারিবারিক ও সামাজিক পটভূমি সত্ত্বেও সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের স্বপ্নে একসময় ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন তাঁরা। কিন্তু রাজনৈতিক জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে গিয়ে ধীরে ধীরে তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। জাতপাতের বিভাজন, অর্থের প্রভাব, দুর্নীতি, ক্ষমতার লড়াই এবং পরিবর্তিত রাজনৈতিক সমীকরণ তাঁদের বন্ধুত্বকে ক্রমশ সংঘাতের দিকে ঠেলে দেয়। একসময়কার দুই সহযোদ্ধার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার কাহিনিই এই সিরিজের মূল আকর্ষণ। রাজনৈতিক কৌশল, বদলে যাওয়া আনুগত্য এবং ক্ষমতার অলিন্দে মানবিক সম্পর্কের জটিল দিকগুলি তুলে ধরেছে এই সিরিজ।
মুসাফির ক্যাফে

পরিচালক রুচির অরুণের এই ওয়েব সিরিজে গল্প বলার ধরন অনেক বেশি ব্যক্তিগত ও আবেগঘন। ভালোবাসা, সঙ্গ এবং আত্ম-অনুসন্ধানের নানা দিক উঠে এসেছে এই কাহিনিতে। চন্দর মোহন শর্মা এবং সুদা ও প্রীতির সঙ্গে তাঁর সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিরিজের গল্প। জীবনের নানা পরিবর্তন, ব্যক্তিগত সিদ্ধান্ত এবং মানবিক সম্পর্কের জটিলতার মধ্য দিয়ে এগিয়ে চলে চন্দরের আবেগঘন যাত্রা। ভোপাল ও মুসৌরির মনোরম প্রাকৃতিক পরিবেশে নির্মিত এই সিরিজে ভালোবাসা, অধরা থেকে যাওয়া সুযোগ, পারস্পরিক গ্রহণযোগ্যতা এবং জীবনের অপ্রত্যাশিত মোড়গুলি বিশেষভাবে উঠে এসেছে। সম্পর্ককে এখানে শুধু আবেগের বন্ধন হিসেবে নয়, বরং আত্ম-উপলব্ধি ও জীবনের অভিজ্ঞতা সঞ্চয়ের এক নিরন্তর যাত্রা হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিটি সাক্ষাৎ কীভাবে মানুষের জীবনে গভীর ছাপ রেখে যায়, সেই অনুভূতিও ফুটে উঠেছে কাহিনিতে।
পাঁচটি মনোনীত ওয়েব সিরিজ একত্রে ভারতের ওটিটি জগতের ক্রমবর্ধমান সৃজনশীল সম্ভাবনারই প্রতিফলন। বিভিন্ন অঞ্চল, সংস্কৃতি এবং সামাজিক প্রেক্ষাপটের গল্প ডিজিটাল মাধ্যমের হাত ধরে কীভাবে নতুনভাবে প্রকাশ পাচ্ছে, তা স্পষ্ট এই মনোনয়নগুলিতে। সরকারি স্কুলের শ্রেণিকক্ষের সমস্যা থেকে শুরু করে গ্রামের লোককথার রহস্য, ভারতের শিল্পোদ্যোগের যাত্রা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভালোবাসার নানা জটিলতা—সমকালীন ভারতীয় গল্প বলার পরিসর যে কতটা বিস্তৃত, তারই প্রমাণ এই সিরিজগুলি।
আগামী ২০ থেকে ২৮ নভেম্বর ২০২৬ গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)। এই উৎসবের সেরা ওয়েব সিরিজ (ওটিটি) পুরস্কারের মাধ্যমে মৌলিক ওয়েবভিত্তিক কনটেন্টের উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হবে। ভারতের ডিজিটাল বিনোদন শিল্পকে সমৃদ্ধ করে চলেছেন যেসব চিত্রনাট্যকার, পরিচালক, স্রষ্টা, অভিনেতা এবং প্রযোজনা দলের সদস্য, তাঁদের সৃজনশীল ভাবনা ও অবদানকে সম্মান জানানোই এই পুরস্কারের অন্যতম উদ্দেশ্য।
এই মনোনয়নগুলি আরও একবার প্রমাণ করে যে, উদ্ভাবনী গল্প বলার ধরন এবং চলচ্চিত্রের মতো সৃজনশীল প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব ক্রমশ বাড়ছে।
*****
PS/SG/AGT