শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

থাইল্যান্ডের নোনথাবুরিতে যৌথ বাণিজ্য কমিটির চতুর্দশ বৈঠকে ভারত ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা পর্যালোচনা

প্রকাশিত: 16 NOV 2026 7:34PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬ 

 

ভারত-থাইল্যান্ড  যৌথ বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) ১৪তম বৈঠক ১৬ নভেম্বর থাইল্যান্ডের নোনথাবুরিতে  বাণিজ্য মন্ত্রকের দপ্তরে অনুষ্ঠিত হয়। বৈঠকে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য  মন্ত্রকের বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব শ্রী নীতীন কুমার যাদব এবং থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রকের ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা বিভাগের মহাপরিচালক শ্রীমতী চোতিমা ইয়েমসাওয়াসদিকুল। উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এই সভায় যোগ দেন।      
 
দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের ইতিবাচক প্রবণতার বিষয়টি উল্লেখ করেন। ২০২৫-২৬ অর্থ বর্ষে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২১৪৯ কোটি মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় ১২.৬ শতাংশ বেশি। আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারতের মোট বাণিজ্যের ১৬.৭ শতাংশই ছিল থাইল্যান্ডের সঙ্গে। বৈঠকে সহ-সভাপতিরা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করার ক্ষেত্রে জেটিসি-এর ভূমিকার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ প্রসারিত করার পাশাপাশি বাজারে প্রবেশাধিকার সহজ করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 
 
ভারত পরিকাঠামো ও পণ্য পরিবহন, বৈদ্যুতিক সহ নানা ধরণের যানবাহন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি-শিল্প, বৈদ্যুতিন ও সেমিকন্ডাক্টর, এবং পর্যটন, আতিথেয়তা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে  বিনিয়োগের নানা সুযোগ সম্পর্কে জানিয়েছে। থাইল্যান্ড তাদের অর্থনৈতিক  ও  সহজে বিনিয়োগের ক্ষেত্রে নানা পদক্ষেপ সম্পর্কে অবহিত করে। এ ক্ষেত্রে সে দেশের ‘কো-ক্রিয়েশন কো- ইনভেস্টমেন্ট’ পদ্ধতির বিষয়ে জানান হয়। ভারত এই পদ্ধতির বিষয়ে আগ্রহ প্রকাশ করে এবং সংশ্লিষ্ট মন্ত্রক ও বিভাগগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে  বিষয়টি আরও পর্যালোচনা করতে রাজি হয়েছে।   

এই বৈঠকে ‘আসিয়ান-ভারত পণ্য বাণিজ্য চুক্তি’ (এআইটিআইজিএ) এবং ‘ভারত-থাইল্যান্ড আর্লি হারভেস্ট স্কিম’-এর ব্যবহার বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত তথ্য প্রতি বছর আদান-প্রদানের একটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। এর উদ্দেশ্য হলো অগ্রাধিকারের ভিত্তিতে যেখানে প্রয়োজন, সেখানে ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রগুলি চিহ্নিত করা এবং বাস্তবায়নের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধান করা। ‘আসিয়ান-ভারত পণ্য বাণিজ্য চুক্তি’র পর্যালোচনা দ্রুত ও যথাযথভাবে শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।   কৃষি, গবাদি পশু ও সামুদ্রিক পণ্যের বাজারে প্রবেশাধিকার, প্রাণী ও উদ্ভিত জগতের স্বাস্থ্য সুরক্ষার নানা পদ্ধতির শংসাপত্র প্রদান,  গুণমান নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মাবলী; এবং রাজস্ব বহির্ভূত বাধা দূর করা নিয়েও আলোচনা হয়েছে।    

ওষুধ, স্বাস্থ্য পরিষেবা, আয়ুষ , চিরায়ত চিকিৎসা পদ্ধতি, বস্ত্র, প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল, রত্ন,অলঙ্কার, এবং পরিষেবা ক্ষেত্রে সহযোগিতার নতুন নতুন সুযোগ নিয়ে মতবিনিময়ের সময় ব্যবসা বাণিজ্যর উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও স্থান পেয়েছে।   

দুই দেশের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়ে আলোচনার সময়  ভারতের ইউপিআই-এর সঙ্গে থাইল্যান্ডের ‘প্রম্পটপে’-এর সংযোগ স্থাপন, স্থানীয় মুদ্রায় লেনদেনের সুযোগ, এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ও ব্যাংক অফ থাইল্যান্ডের মধ্যে ফিনটেক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলিও ছিল।   

এই বৈঠকে ভারত-থাইল্যান্ড অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে। দুই সহ-সভাপতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা বজায় রাখতে এবং পরবর্তী জেটিসি বৈঠকের আগে নিজেদের মধ্যে ফলপ্রসু বৈঠক আয়োজনের পরামর্শ দিয়েছেন, যাতে অগ্রগতির এই ধারা অব্যাহত থাকে। জেটিসি-এর পরবর্তী বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে। 

 

 

SC/CB/NS


(রিলিজ আইডি: 2337332) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Tamil , Malayalam