কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

১৭ থেকে ২০ নভেম্বর ২০২৬ কোচিতে আন্তর্জাতিক নারকেল কম্যুনিটি'র (আই.সি.সি)'র ৬২তম অধিবেশন ও মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজক ভারত

নারকেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতা এবং বিশ্বব্যাপী নারকেল শিল্পের সুস্হায়ী উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠক

পোস্ট করার দিনক্ষণ: 16 NOV 2026 3:29PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬: ভারত আগামীকাল ১৭ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত কেরলের কোচিতে আন্তর্জাতিক নারকেল কম্যুনিটি'র ৬২তম অধিবেশন ও মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীন নারকেল উন্নয়ন বোর্ড এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত আন্তর্জাতিক নারকেল কম্যুনিটি যৌথভাবে এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করছে।

১৯৬৯ সালে রাষ্ট্রসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নারকেল কম্যুনিটি একটি আন্তঃসরকারি সংস্থা, যার অন্তর্ভুক্ত বিভিন্ন নারকেল উৎপাদনকারী দেশ। এই সংস্থা সদস্য দেশগুলিকে বিশ্বব্যাপী নারকেল ক্ষেত্রের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি এবং নারকেল শিল্পের সুস্হায়ী বিকাশের সম্ভাবনা অনুসন্ধানের জন্য একটি অভিন্ন মঞ্চ প্রদান করে।

৬২তম অধিবেশনে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুরের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইসিসি-র সদস্য দেশগুলির মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিজ্ঞানী, গবেষক, শিল্পক্ষেত্রের অংশীদার এবং অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ১৭ নভেম্বর ২০২৬ কোচিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ভারত সরকারের কৃষি সচিব শ্রী অতীশ চন্দ্র সভাপতির ভাষণ দেবেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখবেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সম্পদ ও বাণিজ্যমন্ত্রী অ্যান্টনি মুলার, কিরিবাতির পর্যটন, বাণিজ্য, শিল্প ও সমবায় দপ্তরের সহযোগী মন্ত্রী তাংরিকি রিতে এবং সামোয়ার কৃষি ও মৎস্য দপ্তরের সহযোগী মন্ত্রী আইওলুপোটিয়া মিসা টনি আইওলুপো।

উদ্বোধনী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে নারকেল ক্ষেত্রের উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তিনটি বিভাগে আইসিসি-র প্রশংসাপত্র প্রদান করা হবে। বিভাগগুলি হল, সেরা জাতীয় নারকেল চাষি, বিশিষ্ট নারকেল বিজ্ঞানী,গবেষক এবং সেরা জাতীয় নারকেল উদ্যোক্তা।

চার দিনব্যাপী এই অধিবেশন ও মন্ত্রী পর্যায়ের বৈঠকে সদস্য দেশগুলি বিশ্বব্যাপী নারকেল শিল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা, অভিজ্ঞতা ও সর্বোত্তম পদ্ধতিগুলি বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং এই ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনার যৌথ উদ্যোগের পথ অনুসন্ধানের সুযোগ পাবে। এই বৈঠক নারকেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতা গড়ে তুলতে এবং বিশ্বব্যাপী নারকেল শিল্পের সুস্হায়ী উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2337324) ভিজিটরদের কাউন্টার : 9
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Assamese , Tamil , Malayalam