প্রকাশিত:
15 NOV 2026 1:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ নভেম্বর, ২০২৬
জোহর!
সারা দেশে ‘জনজাতীয় গৌরব দিবস’-এর এই উদযাপনের সঙ্গে যুক্ত আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ‘ধরতি আবা’ ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে আমি তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই। জনজাতীয় গৌরব দিবস হলো এমন একটি জাতীয় উপলক্ষ, যা আদিবাসী সম্প্রদায়ের গর্ব এবং ভগবান বিরসা মুণ্ডার অনুপ্রেরণার সঙ্গে যুক্ত। এই একই ভাবনায় আজ সারা দেশে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। জাতি গর্বের সঙ্গে তার আদিবাসী বীর-বীরঙ্গনাদের স্মরণ করছে। বিশেষ করে মহারাষ্ট্রের গড়চিরোলিতে এক বিশাল জনসমাগম হয়েছে; আমি যতদূর দেখছি, সর্বত্রই মানুষ আর মানুষ। গড়চিরোলির রয়েছে এক সমৃদ্ধ আদিবাসী সাংস্কৃতিক ঐতিহ্য। রঘুজি ভাঙ্গারে, ভাগোজি নায়েক এবং বীর বাবুরাও শেডমাকে-র মতো বীরদের কাহিনি এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে। এই বিশেষ দিনে, আমি সমস্ত আদিবাসী বীরদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি, সারা দেশ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল রাজ্যপাল, মাননীয় মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী এবং প্রতিটি জনপ্রতিনিধিকেও আমি অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
২০২১ সালের ১৫ নভেম্বর শুরু হওয়া ‘জনজাতীয় গৌরব দিবস’ পালন এখন একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। গত বছর, ভগবান বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে সারা দেশে দুই লক্ষেরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কোটি কোটি নাগরিক এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এক সময় আমাদের দেশে অনেক স্মরণীয় দিবস বা উৎসব পালনের ক্ষেত্রে বিদেশি দৃষ্টিভঙ্গির প্রভাব ছিল। কিন্তু আজ, ভারত গর্বের সঙ্গে তার ঐতিহ্য, ইতিহাস এবং বীরদের নিজস্ব আত্মমর্যাদার সঙ্গে স্মরণ করছে। এটি আমাদের জাতীয় চেতনায় এক বড় পরিবর্তনের প্রতীক।
বন্ধুগণ,
খাসি পাহাড়ে তিরোত সিং-এর সংগ্রাম হোক, ছোটনাগপুরে কোল আন্দোলন হোক, কিংবা সিধো ও কানহোর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ - আদিবাসী সম্প্রদায় সর্বদা অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলেছে। মানগড়ের মাটিতে গোবিন্দ গুরুর অনুসারীরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। রানি গাইদিনলিউ, তান্তিয়া ভিল এবং আরও অনেক বীর ও বীরাঙ্গনা তাঁদের সাহসিকতার মাধ্যমে জাতিকে অনুপ্রাণিত করেছেন। আল্লুরি সীতারাম রাজু এবং রানি দুর্গাবতীর মতো মহান ব্যক্তিত্বরাও আদিবাসী আন্দোলনগুলোকে প্রাণশক্তি জুগিয়েছেন। সাহসিকতার এই সমস্ত গল্পের পাশাপাশি, ভগবান বিরসা মুন্ডার ‘উলগুলান’ (বিদ্রোহ) এবং অত্যন্ত কম বয়সে তাঁর সংগ্রাম আজও কোটি কোটি ভারতীয়কে অনুপ্রাণিত করে চলেছে।
বন্ধুগণ,
আজ ‘জনজাতীয় গৌরব দিবস’ উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে আদিবাসী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত ১৭০টিরও বেশি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এবং ৭০টিরও বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মিজোরামে মহান স্বাধীনতা সংগ্রামী রোপুইলিয়ানি জি-র স্মৃতির উদ্দেশ্যে একটি জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। অরুণাচল প্রদেশে ‘ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট’ বা আদিবাসী গবেষণা প্রতিষ্ঠানের একটি নতুন ভবনেরও উদ্বোধন করা হয়েছে। এছাড়া, যেসব প্রকল্পের উদ্বোধন ও সূচনা করা হয়েছে, তার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, আদিবাসী পণ্যের বিপণন কেন্দ্র এবং গ্রামে মৌলিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের সঙ্গে সম্পর্কিত অসংখ্য উদ্যোগ। দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ৩০০০ কোটি টাকা মূল্যের প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই প্রকল্পগুলোর জন্য আমি আপনাদের সবাইকে এবং দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
আজকের এই অনুষ্ঠানটি এমন এক সময়ে আয়োজিত হচ্ছে, যখন দেশের দুটি বড় সাফল্য নিয়ে সর্বত্র আলোচনা চলছে। প্রথম সাফল্যটি হলো - প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্য কাটিয়ে উঠেছেন। দ্বিতীয় সাফল্যটি হলো - দেশ নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাস থেকে মুক্ত হয়েছে। এই দুটি সাফল্যই আমাদের আদিবাসী ভাই-বোনদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। কয়েক সপ্তাহ আগে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, গত ১২-১৩ বছরে ভারতের প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। ৫০ কোটি - এটি অত্যন্ত বড় একটি সংখ্যা। আমি মনে করি, স্বাধীনতার পর থেকে এটি দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। এই অর্জন সমগ্র জাতির। এর কৃতিত্ব কোনো একটি নির্দিষ্ট সরকারের নয়; বরং এর পেছনে রয়েছে সমাজের সম্মিলিত শক্তি এবং প্রতিটি নাগরিকের প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম। সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো এবং আদিবাসী কল্যাণের জন্য চালু করা প্রকল্পগুলো এই অর্জনে বড় ভূমিকা রেখেছে। এই সাফল্যের জন্য আমি দেশের সকল নাগরিককে, বিশেষ করে আমার আদিবাসী ভাই-বোনদের অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
এত বিপুল সংখ্যক মানুষের দারিদ্র্য থেকে বেরিয়ে আসাটা নিজেই একটি বড় পরিবর্তন। এই পরিবর্তন হলো সংকল্প থেকে সাফল্যের পথে দীর্ঘ যাত্রার এক কাহিনী। এটি এমন এক আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে যে, ভারত তার সংকল্প পূরণ করতে পারে এবং প্রত্যেক ভারতীয় বড় বড় লক্ষ্য অর্জন করতে সক্ষম। আমরা অঙ্গীকার করেছিলাম যে, যারা কয়েক দশক ধরে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত ছিলেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। আমাদের সংকল্পগুলো যখন বাস্তবে রূপ নিতে শুরু করল, তখন ইতিবাচক পরিবর্তনের এক ধারা তৈরি হলো। আমাদের সরকার সেই সব আদিবাসী অঞ্চলের ওপর পূর্ণ মনোযোগ দিয়েছে, যা ছিল সবচেয়ে অনগ্রসর - যেখানে জীবনের ন্যূনতম সুযোগ-সুবিধাও পৌঁছায়নি। ‘পিএম-জনমন’ যোজনা এবং ‘ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান’-এর জন্য আমরা ১ লক্ষ কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ করেছি। আমাদের লক্ষ্য ছিল, স্বাধীনতার পর যেসব পরিবার সবার শেষে সুযোগ-সুবিধা পেয়েছিল, তারাই যেন এখন সবচেয়ে দ্রুত সেগুলো পায়।
বন্ধুগণ,
বঞ্চিতদের অগ্রাধিকার - এটাই আমাদের মূল অগ্রাধিকার। আমরা সারা দেশে দরিদ্র পরিবারগুলোর জন্য চার কোটিরও বেশি পাকা বাড়ি নির্মাণ করেছি। স্বাধীনতার এত দশক পরেও যেসব গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি, এমন ১৮ হাজার গ্রামে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ‘আয়ুষ্মান ভারত’ যোজনার মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সারা দেশে ১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ স্থাপন করা হয়েছে, যার ফলে দুর্গম আদিবাসী এলাকাগুলোতেও স্বাস্থ্যসেবা পৌঁছেছে। দরিদ্র পরিবারগুলো যখন শৌচাগার পেল এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতি হলো, তখন অনেক রোগের ঝুঁকিও কমে গেল।
বন্ধুগণ,
দারিদ্র্যকে পরাজিত করতে দরিদ্র পরিবারগুলোর আয়ের সুযোগ বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ ছিল। ‘মুদ্রা যোজনা’র মাধ্যমে আমরা জামানতবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা করেছি। এই যোজনার আওতায় লক্ষ লক্ষ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে। এই সব যোজনার সুফল দরিদ্র মানুষ, দলিত সম্প্রদায়, অনগ্রসর গোষ্ঠী এবং আমাদের আদিবাসী ভাই-বোনদের কাছে পৌঁছেছে। এটি তাদের মধ্যে এগিয়ে যাওয়ার এক নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে।
বন্ধুগণ,
আমরা সেই সব অঞ্চলের ওপরও বিশেষ নজর দিয়েছি, যেগুলো দীর্ঘ সময় ধরে উন্নয়নের দিক থেকে পিছিয়ে ছিল। উন্নয়ন, উন্নত সুযোগ-সুবিধা এবং নাগরিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ১০০টিরও বেশি ‘আস্পিরেশনাল ডিস্ট্রিক্ট’ (উচ্চাকাঙ্ক্ষী জেলা) এবং ৫০০টিরও বেশি ‘আস্পিরেশনাল ব্লক’-এ একটি বিশেষ কর্মসূচি শুরু করা হয়েছে। এই অঞ্চলগুলোর অনেকগুলোতেই উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করেন। বর্তমানে, ‘প্রধানমন্ত্রী কৃষি ধন ধান্য যোজনা’-র আওতায় কৃষিক্ষেত্রে পিছিয়ে থাকা ১০০টি জেলার ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হলো - এই অঞ্চলগুলোর কৃষক, দরিদ্র পরিবার এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। এই সম্মিলিত প্রচেষ্টা এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্র দেশের দরিদ্র মানুষের মধ্যে নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে; যার ফলে কোটি কোটি মানুষ দারিদ্র্য জয় করতে সক্ষম হয়েছেন।
বন্ধুগণ,
আমি যে দ্বিতীয় সাফল্যের কথা উল্লেখ করেছিলাম, তা হলো নকশালবাদ ও মাওবাদ থেকে মুক্তি। গড়চিরোলি এবং সারা দেশের আদিবাসী অঞ্চলের মানুষ খুব ভালোভাবেই জানেন যে, নকশালবাদী সহিংসতা আমাদের আদিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ২০১৪ সালে দেশের প্রায় ১২৫টি জেলা মাওবাদ ও নকশালবাদের কবলে ছিল। প্রতি বছর সেখানে শত শত সহিংসতার ঘটনা ঘটত। এসব ঘটনায় হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে একটি বড় অংশই ছিলেন আমাদের আদিবাসী ভাই-বোনেরা।
কিন্তু বন্ধুগণ,
সেই সময়ে, মাওবাদ ও নকশালবাদ দ্বারা ক্ষতিগ্রস্ত আমার এই ভাই-বোনদের তৎকালীন সরকারগুলো তাদের ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিল। তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সবাই তখন নীরব ছিল, কোনো পদক্ষেপ নেয়নি। আপনারা জেনে অবাক হবেন যে, আমাদের আদিবাসী সম্প্রদায়ের এই ভাই-বোনদের ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে দেওয়া হতো না। তৎকালীন সরকারগুলো কেবল চোখ বন্ধ করে দর্শকের ভূমিকা পালন করেছিল। মাওবাদীরা ও নকশালবাদীরা দরিদ্র মায়েদের কোল থেকে ছোট ছোট শিশুদের কেড়ে নিয়ে যেত, আর কেউ কিছুই করতে পারত না। নকশালবাদীরা আমাদের ঘরের মেয়েদের অপহরণ করে নিয়ে যেত, আর সবাই অসহায় হয়ে যন্ত্রণার সঙ্গে কেবল তাকিয়ে থাকত।
বন্ধুগণ,
এখন যেহেতু মাওবাদ ও নকশালবাদ পরাজিত হয়েছে, তাই সেই মায়েরা - আমার আদিবাসী সম্প্রদায়ের সেই মায়েরা ও বোনেরা - আমাদের ওপর অশেষ আশীর্বাদ বর্ষণ করছেন। যে বোন আজ নিজেকে নিরাপদ বোধ করছেন, তিনিই আমাদের আশীর্বাদ করছেন। যে শিশুর শৈশব একসময় কেড়ে নেওয়া হয়েছিল, সে আজ তরুণ হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। সে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। ছত্তিশগড়ের বস্তারের মতো এলাকা - যেখানে একসময় মানুষ যেতে ভয় পেত - সেখানে কিছুদিন আগেই আমি নিজে আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেছি। এই দীপাবলিতে গড়চিরোলিসহ নকশাল-প্রভাবিত সব অঞ্চলের মানুষ কেবল প্রদীপের আলোই নয়, বরং আশার আলোও খুঁজে পেয়েছে।
বন্ধুগণ,
আজ আমাদের আদিবাসী সমাজ বা জনজাতীয় সম্প্রদায় দেশের অগ্রযাত্রায় অত্যন্ত উৎসাহের সঙ্গে অবদান রাখছে। এমনকি আজ দেশের নেতৃত্বও রয়েছে আদিবাসী সম্প্রদায়ের এক কন্যার হাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে নিয়ে আমরা সবাই গর্বিত।
বন্ধুগণ,
আজ আমাদের সময় এসেছে ভগবান বিরসা মুণ্ডার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার এবং একটি ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণে আমাদের সমস্ত শক্তি নিয়োজিত করার। এই আহ্বান জানিয়ে এবং ভগবান বিরসা মুণ্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, ‘জনজাতীয় গৌরব দিবস’-এর এই বিশেষ দিনে আমি আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আপনাদের অনুরোধ করব, প্রতি বছর ১৫ই নভেম্বরের জন্য যেন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী - যা ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালিত হয় - তা সমগ্র জাতির গর্ব ও আত্মসম্মানের প্রতীক। প্রতি বছর ১৫ই নভেম্বর আমরা যেন আগের চেয়ে আরও বেশি শক্তি, আরও বেশি উদ্দীপনা এবং আরও বড় পরিসরে এই দিনটি উদযাপন করি। ‘জনজাতীয় গৌরব দিবস’-এ আমাদের নতুন নতুন সংকল্প গ্রহণ করা উচিত এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই সংকল্পগুলো পূরণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করা উচিত। স্বাধীনতার পর এতগুলো দশকে যা অর্জন করা সম্ভব হয়নি, তা আমাদের অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। স্ক্রিনের দিকে তাকিয়ে যখন দেখছি যে বিভিন্ন জায়গায় মানুষ একত্রিত হয়েছেন, তখন সবার মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছি - তা সত্যিই অসাধারণ। এই দৃশ্যই ‘জনজাতীয় গৌরব দিবস’-এর গর্ব, মহিমা ও বিশালতাকে ফুটিয়ে তুলেছে। এমন একটি সফল উদ্যোগের জন্য আদিবাসী সম্প্রদায়ের আপনারা সকলেই অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
জোহর।
(প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে)
SC/SB/AS