সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

অরুণাচল প্রদেশ জুড়ে এখন পর্যন্ত প্রায় ৫০,০০০ ভক্ত শাক্যমুনি বুদ্ধের পবিত্র অবশেষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন

প্রকাশিত: 12 NOV 2026 11:42AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২৬

 

অরুণাচল প্রদেশে শাক্যমুনি বুদ্ধের পবিত্র অবশেষ প্রদর্শনীটি গভীর ভক্তি ও ধর্মীয় শ্রদ্ধার সঞ্চার করেছে। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০,০০০ ভক্ত এই পবিত্র অবশেষের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রদর্শনীস্থলে এসেছেন। প্রদর্শনীর দ্বিতীয় সপ্তাহে অরুণাচল প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা প্রার্থনা করার, আশীর্বাদ গ্রহণের এবং এই পবিত্র অবশেষের আধ্যাত্মিক তাৎপর্য অনুভবের সুযোগ পাচ্ছেন।

৩১ অক্টোবর, ২০২৬ তারিখে গাদেন নামগিয়াল লাতসে মঠ (তাওয়াং মঠ)-এ এই প্রদর্শনী শুরু হয় এবং ৭ নভেম্বর, ২০২৬ তারিখে সেখানে সমাপ্ত হয়। এই সময়ে তাওয়াং ও পার্শ্ববর্তী এলাকার ৩১,০০০-এরও বেশি ভক্ত মঠে এসে প্রার্থনা করেন এবং পবিত্র অবশেষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তাওয়াং-এ প্রদর্শনীর সমাপ্তির পর, ৮ নভেম্বর, ২০২৬ তারিখে পবিত্র অবশেষগুলি পৌঁছায় বোমডিলার থুবচোগ গাতসেল লিং (টিজিএল) মঠে, যা 'লোয়ার গোম্পা' নামেও পরিচিত। স্থানীয় সম্প্রদায় এবং পার্শ্ববর্তী এলাকার ভক্তদের কাছ থেকে এই প্রদর্শনী অভূতপূর্ব সাড়া পেয়েছে। মানুষ গভীর বিশ্বাস ও ভক্তি নিয়ে প্রার্থনা করতে এবং পবিত্র অবশেষের প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যায় মঠে আসছেন। স্থানীয় সম্প্রদায়ের এই অংশগ্রহণ এই অঞ্চলের সুদৃঢ় বৌদ্ধ ঐতিহ্য ও আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রতিফলন।

বোমডিলার টিজিএল মঠে এই সর্বজনীন প্রদর্শনী ১৩ নভেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে। বোমডিলায় প্রদর্শনী শেষ হওয়ার পর, পবিত্র অবশেষগুলি নামসাইয়ের গোল্ডেন প্যাগোডায় নিয়ে যাওয়া হবে। সেখানে এটি ১৪ থেকে ২০ নভেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

এই প্রদর্শনীর আয়োজন করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক; এতে সহযোগিতা করেছে নতুন দিল্লির জাতীয় জাদুঘর, অরুণাচল প্রদেশ সরকার এবং নতুন দিল্লি-ভিত্তিক ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন (আইবিসি)। এই উদ্যোগ ভারতের সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচার করার বিষয়ে ভারত সরকারের অব্যাহত অঙ্গীকারকে প্রতিফলিত করার পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়গুলির সঙ্গে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ককে আরও জোরদার করে।

 

SC/SD/SB


(রিলিজ আইডি: 2335494) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Nepali , हिन्दी , Bengali-TR , Assamese , Gujarati , Tamil