পোস্ট করার দিনক্ষণ:
12 NOV 2026 11:42AM by PIB Agartala
নয়াদিল্লি, ৬ নভেম্বর (পিআইবি): অরুণাচল প্রদেশে শাক্যমুনি বুদ্ধের পবিত্র অবশেষের প্রদর্শনী গভীর ভক্তি ও ধর্মীয় শ্রদ্ধার সঞ্চার করেছে। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০,০০০ ভক্ত এই পবিত্র অবশেষের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রদর্শনীস্থলে এসেছেন। প্রদর্শনীর দ্বিতীয় সপ্তাহেও অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলের ভক্তরা এখানে প্রার্থনা করার, আশীর্বাদ গ্রহণের এবং এই পবিত্র অবশেষের আধ্যাত্মিক তাৎপর্য অনুভবের সুযোগ পাচ্ছেন।

৩১ অক্টোবর, ২০২৬ তারিখে গদেন নামগিয়াল লাতসে মঠে (তাওয়াং মঠ) এই প্রদর্শনী শুরু হয় এবং ৭ নভেম্বর, ২০২৬ তারিখে সেখানে শেষ হয়। এই সময়ে তাওয়াং ও পার্শ্ববর্তী এলাকার ৩১,০০০-এরও বেশি ভক্ত মঠে এসে প্রার্থনা করেন এবং পবিত্র অবশেষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তাওয়াংয়ে প্রদর্শনীর সমাপ্তির পর, ৮ নভেম্বর, ২০২৬ তারিখে পবিত্র অবশেষগুলো বোমদিলার থুবচোগ গাতসেল লিং (টিজিএল) মঠে, যা 'লোয়ার গোম্পা' নামেও পরিচিত এসে পৌঁছায়। স্থানীয় সম্প্রদায় এবং পার্শ্ববর্তী এলাকার ভক্তদের কাছ থেকে এই প্রদর্শনী অভূতপূর্ব সাড়া পেয়েছে। মানুষ গভীর বিশ্বাস ও ভক্তি নিয়ে প্রার্থনা করতে এবং পবিত্র অবশেষের প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যায় মঠে আসছেন। স্থানীয় সম্প্রদায়ের এই অংশগ্রহণ এই অঞ্চলের শক্তিশালী বৌদ্ধ ঐতিহ্য ও আধ্যাত্মিক উত্তরাধিকারকেই প্রতিফলিত করে।

বোমডিলার টিজিএল মঠে এই সর্বজনীন প্রদর্শনী ১৩ নভেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে, যা ভক্তদের পবিত্র অবশেষ দর্শনের আরও সুযোগ করে দেবে। বোমডিলায় প্রদর্শনী শেষ হওয়ার পর, পবিত্র অবশেষগুলো নামসাইয়ের গোল্ডেন প্যাগোডায় নিয়ে যাওয়া হবে। সেখানে ২০২৬ সালের ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সর্বসাধারণের দর্শনের জন্য সেগুলো উন্মুক্ত থাকবে।

এই প্রদর্শনীর আয়োজন করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়; এতে সহযোগিতা করছে নয়াদিল্লির জাতীয় জাদুঘর, অরুণাচল প্রদেশ সরকার এবং নয়াদিল্লি-ভিত্তিক ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন (আইবিসি)। এই উদ্যোগটি ভারতের সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের ক্ষেত্রে ভারত সরকারের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে, এটি বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস।

***
PS/SRC/KMD