মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
প্রকাশিত:
10 NOV 2026 10:06AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ নভেম্বর, ২০২৬
ভারত প্রায় ১১,০৯৯ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা এবং প্রায় ২৪ লক্ষ বর্গকিলোমিটার বিস্তৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিপুল ও বৈচিত্র্যময় সামুদ্রিক সম্পদের অধিকারী। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সামুদ্রিক মৎস্যসম্পদের সম্ভাব্য উৎপাদন ক্ষমতা প্রায় ৫৮.৬ লক্ষ মেট্রিক টন। এই ক্ষেত্রটি প্রায় ৫০ লক্ষ মৎস্যজীবীর জীবন-জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং রফতানি থেকে আয়েও উল্লেখযোগ্য অবদান রাখছে। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম প্রধান মৎস্য ও জলজ সম্পদ উৎপাদনকারী দেশ। ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের সামুদ্রিক খাদ্যপণ্যের রফতানির পরিমাণ ছিল প্রায় ৭৩,৮৯০ কোটি টাকা। জাতীয় অর্থনীতি এবং আন্তর্জাতিক সামুদ্রিক খাদ্যবাণিজ্যে এই ক্ষেত্রটির ক্রমবর্ধমান গুরুত্ব এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের মৎস্যক্ষেত্র বর্তমানে কেবল উৎপাদননির্ভর কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তিনির্ভর, গতিশীল এবং মূল্য সংযোজনভিত্তিক জাতীয় অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিকশিত হচ্ছে। ২০১৫ সাল থেকে ভারত সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে মৎস্যক্ষেত্রে সরকারি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এই ক্ষেত্রে মোট ৩৯,২৭২ কোটি টাকা বরাদ্দ ও বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় দ্বীপাঞ্চলগুলিতে মৎস্যক্ষেত্রের উন্নয়ন ও পরিকাঠামো শক্তিশালী করতে উল্লেখযোগ্য বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য ২১৮ কোটি টাকা এবং লাক্ষাদ্বীপের জন্য ১৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক অঞ্চলগুলির মৎস্যসম্পদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের অঙ্গীকার, এই বরাদ্দের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
দ্বীপাঞ্চলভিত্তিক মৎস্যক্ষেত্রের উন্নয়নের এই বিশেষ গুরুত্ব ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটেও প্রতিফলিত হয়েছে। ওই বাজেটে লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং গভীর সমুদ্র থেকে মৎস্যসম্পদ আহরণের জন্য একটি সহায়ক কাঠামো গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়েছে। ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং সংলগ্ন আন্তর্জাতিক গভীর সমুদ্রের অব্যবহৃত সামুদ্রিক মৎস্যসম্পদকে কাজে লাগানোর ক্ষেত্রে এই দ্বীপাঞ্চলগুলির কৌশলগত গুরুত্বকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের সম্প্রসারণ পরিকল্পনায় পরিবেশগত স্থায়িত্ব এবং বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
ভারতের সামুদ্রিক ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। দেশের মোট বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রায় ৪০ শতাংশ এই দুই দ্বীপাঞ্চলের অন্তর্ভুক্ত। আরব সাগর ও বঙ্গোপসাগরজুড়ে ভারতের সামুদ্রিক উপস্থিতি বিস্তৃত করার পাশাপাশি এই দ্বীপগুলি সমৃদ্ধ সামুদ্রিক মৎস্য আহরণক্ষেত্র এবং টুনা মাছের প্রধান পরিযায়ী পথগুলিতে প্রবেশের সুযোগ করে দেয়। লাক্ষাদ্বীপের উপহ্রদ, প্রবালপ্রাচীর এবং সংলগ্ন গভীর সমুদ্রের জলভাগ টুনা মাছ আহরণ, সামুদ্রিক শৈবাল চাষ এবং প্রবালপ্রাচীরনির্ভর জীবিকা নির্বাহের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। অন্যদিকে, বিস্তৃত উপকূলরেখা, বৈচিত্র্যময় সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সামুদ্রিক বাণিজ্যপথের নৈকট্যের কারণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও সুস্থিত মৎস্যচাষ, সামুদ্রিক জলজ চাষ এবং মূল্য সংযোজিত সামুদ্রিক খাদ্যপণ্যের উৎপাদন সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই দ্বীপগুলির সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান ভারতের আরও বৈচিত্র্যময় ও সমুদ্রনির্ভর মৎস্য অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উচ্চমূল্যের সামুদ্রিক মৎস্যসম্পদের বিকাশে সরকারের কৌশলগত পরিকল্পনার অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে টুনা মাছের উৎপাদন। লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্রাঞ্চলে ইয়েলোফিন, স্কিপজ্যাক এবং বিগআই প্রজাতির টুনা মাছের বিপুল পরিমাণ মজুত রয়েছে, যার একটি বড় অংশ এখনও যথাযথভাবে ব্যবহৃত হয়নি। ফলে পরিবেশগত ভারসাম্য বজায় রেখে রফতানিমুখী মৎস্য আহরণ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্য পূরণে সরকার বিজ্ঞানসম্মত এবং মূল্যশৃঙ্খলভিত্তিক একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় গভীর সমুদ্রে মাছ ধরার আধুনিক জাহাজ, হুক অ্যান্ড লাইন এবং পোল অ্যান্ড লাইন-এর মতো নির্বাচিত মৎস্য আহরণ পদ্ধতি, জাহাজে মাছ সংরক্ষণের উন্নত ব্যবস্থা, হিমশীতল সরবরাহশৃঙ্খলের সম্প্রসারণ, প্রক্রিয়াকরণ পরিকাঠামো এবং দক্ষ রফতানি সংযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। লাক্ষাদ্বীপে পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনার মাধ্যমে টুনা মাছের উৎপাদন দ্বিগুণ করে ৫০,০০০ টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ, মাদার ভেসেল বা সহায়ক বড় জাহাজের অন্তর্ভুক্তির পাশাপাশি দ্বীপাঞ্চলের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব পোল অ্যান্ড লাইন পদ্ধতিতে মাছ ধরার ব্যবস্থাকে কাজে লাগানো হবে। অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় একটি বিশেষ টুনা ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে মৎস্য আহরণকারী জাহাজের আধুনিকীকরণ এবং পরিকাঠামোগত উন্নয়ন, নতুন জাহাজ সংযোজন, মৎস্য আহরণকারী নৌবহরের আধুনিকীকরণ এবং হিমঘরের ধারণক্ষমতা বৃদ্ধির মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, সামুদ্রিক পণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের আরও সক্রিয় উপস্থিতি দ্বীপাঞ্চলের বাজার সংযোগ উন্নত করবে এবং সেখান থেকে সরাসরি রফতানির সুযোগ সম্প্রসারণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
টুনা মাছের উৎপাদন ও বিপণনের পাশাপাশি দ্বীপাঞ্চলের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার সামুদ্রিক শৈবাল চাষ এবং বাহারি মাছের চাষ ও বিপণনকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর ফলে কেবল সামুদ্রিক মাছ আহরণের ওপর নির্ভর না করে মৎস্য অর্থনীতির বিকাশের আরও বিস্তৃত সুযোগ তৈরি হচ্ছে। লাক্ষাদ্বীপের স্বচ্ছ উপহ্রদ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রবালসমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্র সামুদ্রিক শৈবাল চাষের জন্য অত্যন্ত অনুকূল। খাদ্যপণ্য, নিউট্রাসিউটিক্যালস বা পুষ্টিগুণসম্পন্ন স্বাস্থ্যপণ্য, প্রসাধনী, ওষুধশিল্প এবং জৈব-শিল্পজাত বিভিন্ন পণ্য তৈরিতে সামুদ্রিক শৈবালের ব্যবহারের বিপুল সম্ভাবনা রয়েছে। লাক্ষাদ্বীপকে একটি বিশেষ সামুদ্রিক শৈবাল ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় বৃহৎ পরিসরে শৈবাল চাষ, উন্নত বীজের ভাণ্ডার বা সিড ব্যাঙ্ক, হ্যাচারি এবং সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে তোলার কথা রয়েছে। এর মাধ্যমে সামুদ্রিক শৈবাল উৎপাদন ও বিপণনের একটি নির্ভরযোগ্য মূল্যশৃঙ্খল তৈরি করা হবে। অন্যদিকে, বাহারি বা শোভাবর্ধক মাছের চাষ ও বিপণনও উচ্চমূল্যের একটি নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। বিশেষত লাক্ষাদ্বীপের প্রবালপ্রাচীর সংলগ্ন সামুদ্রিক অঞ্চলে ৩০০-রও বেশি প্রজাতির বাহারি মাছ পাওয়া যায়। এই সম্ভাবনাকে কাজে লাগাতে মাঝারি আকারের মাছ প্রতিপালন কেন্দ্র গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রিত পদ্ধতিতে মাছ সংগ্রহ এবং পরিবেশবান্ধব উপায়ে সংগৃহীত অ্যাকোয়ারিয়ামের মাছের বাজার সম্প্রসারণের ওপর জোর দেওয়া হচ্ছে। এর ফলে দ্বীপাঞ্চলের মানুষের জীবিকার নতুন সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে সংবেদনশীল সামুদ্রিক বাস্তুতন্ত্রের সুরক্ষাও নিশ্চিত করা সম্ভব হবে।
মৎস্যক্ষেত্রের এই নতুন সম্ভাবনাগুলিকে বাস্তবে রূপ দিতে দ্বীপাঞ্চলে আধুনিক মৎস্য পরিকাঠামো গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে। মৎস্য আহরণ থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিপণন—সমগ্র মূল্যশৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে বিনিয়োগ করা হচ্ছে। এই বিনিয়োগের আওতায় রয়েছে মাছ অবতরণ কেন্দ্র, বরফ তৈরির কারখানা, হিমশীতল সরবরাহশৃঙ্খল, মাছ ধরার জাহাজে সংরক্ষণের উন্নত ব্যবস্থা, মাছের ঝাঁক আকর্ষণকারী কৃত্রিম যন্ত্র বা ফিশ অ্যাগ্রিগেটিং ডিভাইস, নৌকা নির্মাণ কেন্দ্র, মূল্য সংযোজনকারী উৎপাদন ইউনিট এবং রফতানি প্রক্রিয়াকে সহজতর করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো। এই উদ্যোগগুলির মূল উদ্দেশ্য হল স্থানীয় পর্যায়ে উৎপাদন ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বৃদ্ধি, মাছ ধরার পরবর্তী পর্যায়ে অপচয় ও ক্ষতি হ্রাস এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য দ্বীপাঞ্চলভিত্তিক মৎস্যক্ষেত্রকে আরও প্রস্তুত করে তোলা।
সব মিলিয়ে, এই উদ্যোগগুলি ভারতের দ্বীপাঞ্চলগুলিকে আরও বৈচিত্র্যময় ও সুস্থিত সামুদ্রিক অর্থনীতির কেন্দ্রস্থলে নিয়ে আসার দীর্ঘমেয়াদি প্রচেষ্টারই প্রতিফলন। টুনা মাছের উৎপাদন, সামুদ্রিক শৈবাল চাষ, বাহারি মাছের চাষ, পরিকাঠামোগত উন্নয়ন, গবেষণার সহায়তা এবং বাজার সংযোগ—এই সমস্ত ক্ষেত্রকে একসূত্রে যুক্ত করে প্রাকৃতিক সম্পদ আহরণের গণ্ডি পেরিয়ে দ্বীপাঞ্চলেই মূল্য সংযোজন ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করাই এই কৌশলের মূল লক্ষ্য। এই উদ্যোগের সাফল্য নির্ভর করবে উৎপাদন বৃদ্ধির সঙ্গে পরিবেশগত সুরক্ষার যথাযথ ভারসাম্য বজায় রাখার ওপর। একই সঙ্গে মৎস্যজীবী, স্থানীয় উদ্যোগপতি এবং দ্বীপাঞ্চলের সাধারণ মানুষ যাতে এই নতুন দেশীয় ও আন্তর্জাতিক মূল্যশৃঙ্খলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন এবং তার সুফল লাভ করতে পারেন, তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SC/SD/SKD