প্রকাশিত:
06 NOV 2026 8:45AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ নভেম্বর, ২০২৬
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে মাই ভারত (MY Bharat)-এর মাধ্যমে আয়োজিত দেশব্যাপী ‘বিকশিত ভারত যুব সংবাদ: আপনার ভোট সম্পর্কে জানুন’ অভিযান বৃহস্পতিবার শেষ হয়েছে। এই অভিযানের আওতায় ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৩৬টি যুব সংবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এর মাধ্যমে ১,০০,৪৯৩ জন যুবক-যুবতীর কাছে পৌঁছনো সম্ভব হয়েছে, ৫৩৬ জন বিশিষ্ট যুব ব্যক্তিত্ব এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। দেশের বিভিন্ন প্রান্তের কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্বাচনী সচেতনতা সংক্রান্ত আলোচনা পৌঁছে দেওয়াই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। বিশেষত, প্রথমবার ভোট দিতে চলা তরুণ-তরুণীদের ভোটাধিকার ও নির্বাচনী পদ্ধতি সম্পর্কে জানানো এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্বশীলভাবে অংশগ্রহণে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
২৬ অক্টোবর ২০২৬ থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। দেশের ৫০০টি বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। অভিযানের শেষ দিনে ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১২৩টি যুব সংবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ২২,৫৮৮ জন যুবক-যুবতী এবং ১২৩ জন বিশিষ্ট যুব ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
এই অভিযানে রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং অন্য জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক শ্রী গুলাব চাঁদ কাটারিয়া চণ্ডীগড়ে এবং নাগাল্যান্ডের রাজ্যপাল শ্রী নন্দকিশোর যাদব ডিমাপুরে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দিল্লিতে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল এবং উপরাজ্যপাল শ্রী তরনজিৎ সিং সান্ধু শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়াও বিভিন্ন রাজ্যে আয়োজিত কর্মসূচিতে সাংসদ শ্রী চৌধুরী ধরমবীর সিং, শ্রী প্রদন বারুয়া, শ্রী রঞ্জিত দত্ত, শ্রীমতী রূপকুমারী চৌধুরী এবং শ্রী মহেশ কাশ্যপ-সহ একাধিক সাংসদ অংশগ্রহণ করেন।
পাঞ্জাবে আন্তর্জাতিক রাগবি খেলোয়াড় শ্রীমতী আমনদীপ কৌর তাঁর ক্রীড়াজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা ব্যাখ্যা করেন। মোগায় রোয়িং তারকা শ্রী কুলবিন্দর সিং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
রাজস্থানে জয়পুরে তরুণ অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রীমতী ভূমিকা শুক্লা। অন্যদিকে, উত্তরপ্রদেশের বিভিন্ন কর্মসূচিতে সাইক্লিং এবং খেলো ইন্ডিয়া-র মতো উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির অঙ্গ হিসেবে কুইজ, প্রশ্নোত্তর পর্ব, ‘গণতান্ত্রিক অঙ্গীকার’ গ্রহণ এবং মাই ভারত পোর্টালে নিবন্ধনের মতো বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।
MH/SD/SKD