কেন্দ্রীয় মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

লিথিয়াম ও নিকেল প্রক্রিয়াকরণে ২,৮১৪ কোটি টাকার মূলধনী সহায়তা প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

পোস্ট করার দিনক্ষণ: 04 NOV 2026 3:29PM by PIB Agartala

নতুন দিল্লি, ৪ নভেম্বর, ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণে উৎসাহ প্রদানের জন্য মূলধনী সহায়তা প্রকল্প’ অনুমোদন করেছে। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পে মোট ২,৮১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বর্তমানে বিশ্বের কয়েকটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের প্রক্রিয়াকরণ ব্যবস্থা কেন্দ্রীভূত রয়েছে। এর ফলে ভূ-রাজনৈতিক অস্থিরতা, মূল্যবৃদ্ধি ও সরবরাহে সম্ভাব্য বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। এর প্রভাব পড়তে পারে সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং অর্থনৈতিক নিরাপত্তার ওপর। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ে অর্জনের ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

বর্তমানে লিথিয়াম, নিকেল ও কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ খনিজের দেশীয় পরিশোধন ও প্রক্রিয়াকরণ পরিকাঠামো এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় পরিশোধিত মধ্যবর্তী উপাদান এবং উচ্চ বিশুদ্ধতাসম্পন্ন সামগ্রীর জন্য ভারতকে যথেষ্ট পরিমাণে আমদানির ওপর নির্ভর করতে হয়। গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণের দেশীয় সক্ষমতাও এখনও সীমিত। বাণিজ্যিক স্তরে এই ধরনের প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে বিপুল মূলধনের প্রয়োজন, উপযুক্ত প্রযুক্তির সীমিত প্রাপ্যতা এবং কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা রয়েছে।

এই পরিস্থিতিতে দেশীয় প্রক্রিয়াকরণ সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে দেশে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানো, আমদানির ওপর নির্ভরতা কমানো এবং একটি শক্তিশালী ও নিরবচ্ছিন্ন সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা সম্ভব হবে।

এই লক্ষ্যেই ‘গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণে উৎসাহ প্রদানের জন্য মূলধনী সহায়তা প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় দেশে প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন এবং সেগুলিকে কার্যকর করে তোলার জন্য নির্দিষ্ট মূলধনী সহায়তা প্রদান করা হবে। এর মূল উদ্দেশ্য হলো দেশে গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণের পরিকাঠামো ও সক্ষমতা গড়ে তোলা, দেশীয় পর্যায়ে মূল্য সংযোজন বৃদ্ধি এবং আমদানির ওপর নির্ভরতা হ্রাস করা।

এই প্রকল্পে বিশেষভাবে লিথিয়াম ও নিকেলের আকরিক এবং মধ্যবর্তী প্রক্রিয়াজাত উপাদান থেকে উচ্চ বিশুদ্ধতাসম্পন্ন যৌগ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নিকেল উৎপাদনের উপজাত হিসেবে কোবাল্ট পুনরুদ্ধারেরও পরিকল্পনা রয়েছে। এর ফলে বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম , ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা এবং বিশেষ ধরনের ইস্পাত-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্র উপকৃত হবে।

প্রস্তাবিত এই প্রকল্পে মোট ২,৮১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত প্রকল্পটি কার্যকর থাকবে।

প্রকল্পের আওতায় চারটি গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের জন্য যোগ্য বিনিয়োগের ৩০ শতাংশ পর্যন্ত মূলধনী ভর্তুকি প্রদান করা হবে। এর মধ্যে থাকবে দুটি লিথিয়াম প্রক্রিয়াকরণ কারখানা, প্রতিটির ন্যূনতম উৎপাদন ক্ষমতা হবে ৩০ হাজার মেট্রিক টন। পাশাপাশি দুটি নিকেল প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হবে, প্রতিটির ন্যূনতম উৎপাদন ক্ষমতা হবে ৫০ হাজার মেট্রিক টন।

লিথিয়াম প্রক্রিয়াকরণ প্রকল্পের প্রতিটি সুবিধাভোগীর ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ কোটি টাকা এবং নিকেল প্রক্রিয়াকরণ প্রকল্পের প্রতিটি সুবিধাভোগীর ক্ষেত্রে সর্বোচ্চ ৯০০ কোটি টাকা পর্যন্ত মূলধনী সহায়তা প্রদান করা হবে।

প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন করা হবে দুই পর্যায়ের প্রক্রিয়ার মাধ্যমে। প্রথম পর্যায়ে আবেদনকারীদের প্রযুক্তিগত যোগ্যতা যাচাই করা হবে। শুধুমাত্র প্রযুক্তিগতভাবে যোগ্য আবেদনকারীরাই দ্বিতীয় পর্যায়ে আর্থিক দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রতিটি খনিজের ক্ষেত্রে দু'জন করে সুবিধাভোগী নির্বাচন করা হবে। এক্ষেত্রে সর্বনিম্ন ব্যয়ের নীতি অনুসরণ করা হবে। অর্থাৎ, প্রকল্পের আওতায় যে দরদাতারা সবচেয়ে কম মূলধনী সহায়তা দাবি করবেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

নির্ধারিত লক্ষ্যমাত্রা ও বিভিন্ন পর্যায়ের কাজের অগ্রগতির ভিত্তিতে তিনটি কিস্তিতে আর্থিক প্রণোদনার অর্থ প্রদান করা হবে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত এই প্রকল্প আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে দেশে গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণের জন্য শক্তিশালী ও স্থিতিশীল পরিকাঠামো গড়ে উঠবে এবং এই খনিজের সম্পূর্ণ মূল্য সংযোজন শৃঙ্খলে ভারতের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2332642) ভিজিটরদের কাউন্টার : 9
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Khasi , Urdu , हिन्दी , Marathi , Nepali , Bengali , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam