কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

ধর্ষণ এবং পকসো আইনের আওতাভুক্ত মামলাগুলোর দ্রুত বিচারের লক্ষ্যে ‘ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট’ প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দিলো মন্ত্রিসভা

প্রকাশিত: 04 NOV 2026 3:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ নভেম্বর, ২০২৬

 


প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে, ‘ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট’ প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর, অর্থাৎ ৩১.০৩.২০৩১ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবাবদ বরাদ্দ হয়েছে মোট ৩,৭৮৮.০৪ কোটি টাকা - যার মধ্যে কেন্দ্রীয় সরকারের অংশ ২,৩৫৩.১৫ কোটি টাকা এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ ১,৪৩৪.৮৯ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের অংশটি ‘নির্ভয়া তহবিল’ থেকে প্রদান করা হবে।

প্রকল্পটির চালিয়ে যাওয়ার লক্ষ্য হল যৌন নির্যাতনের শিকার প্রত্যেকের জন্য দ্রুত ন্যায় বিচার, বিচারাধীন মামলার সংখ্যা হ্রাস এবং শিশুদের আরও নিরাপত্তা নিশ্চিত করা। 

বর্তমানে দেশে ৭৭৯টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট রয়েছে। এই সংখ্যা বাড়িয়ে করা হবে ৮৫০। প্রতিটি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের জন্য একজন করে বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগ করা হবে। প্রশাসনিক কাজের চাপ কমানোর জন্য এবং পুরোনো মামলাগুলির দ্রুত নিষ্পত্তির সুবিধার্থে প্রতিটি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা ও ছয়জন সহায়তা কর্মী থাকবেন। 

ড্যাশবোর্ড এবং আরও নানা পদ্ধতির মাধ্যমে এই ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টগুলির কাজকর্মের উপর নদর রাখা হবে। 

 


MH/AC/SKD


(রিলিজ আইডি: 2332550) ভিজিটরের কাউন্টার : 10