পোস্ট করার দিনক্ষণ:
04 NOV 2026 11:30AM by PIB Agartala
নয়াদিল্লী, ৪ নভেম্বর ২০২৬: ২০২৬ সালের অক্টোবর মাসে পণ্য পরিবহণের ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য বজায় রাখল ভারতীয় রেল। এই মাসে পণ্য পরিবহণের পরিমাণ ও রাজস্ব, উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। দেশের অর্থনৈতিক বিকাশে সহায়তা এবং লজিস্টিক পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভারতীয় রেলের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন এই সাফল্য।
পণ্য পরিবহণে নজিরবিহীন বৃদ্ধি
অক্টোবর মাসে সর্বকালীন রেকর্ড গড়ে ১৪৫.০৭ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে ভারতীয় রেল। ২০২৫ সালের অক্টোবর মাসে এই পরিমাণ ছিল ১৩৩.৯৩ মিলিয়ন টন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পণ্য পরিবহণে বৃদ্ধি হয়েছে ৮.৩২ শতাংশ।
অক্টোবর মাসে একাধিক গুরুত্বপূর্ণ পণ্যের পরিবহণেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। এর মধ্যে খাদ্যশস্য পরিবহণ বেড়েছে ২৬.৩ শতাংশ, অভ্যন্তরীণ কয়লা ১৬ শতাংশ, অন্যান্য পণ্য ১১ শতাংশ, ক্লিঙ্কার ১০.৪ শতাংশ, অভ্যন্তরীণ কন্টেনার ৬.৩ শতাংশ, লৌহ ৫ শতাংশ, খনিজ তেল ১.৯ শতাংশ এবং পরিশোধিত ইস্পাত ০.৫ শতাংশ।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির বাড়তি চাহিদা মেটাতে অভ্যন্তরীণ কয়লা পরিবহণও বাড়িয়েছে ভারতীয় রেল। ২০২৬ সালের অক্টোবর মাসে প্রতিদিন গড়ে ৪৬৯.৮ টি রেক কয়লা সরবরাহ করা হয়েছে। গত বছরের একই সময়ে দৈনিক সরবরাহের পরিমাণ ছিল গড়ে ৩৯৩.২ টি রেক। অর্থাৎ, কয়লা সরবরাহে বৃদ্ধি হয়েছে ১৯.৫ শতাংশ।
২০২৬ সালের অক্টোবর মাসের এই সাফল্য ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম সাত মাসের (এপ্রিল-অক্টোবর) পণ্য পরিবহণের বৃদ্ধির ধারাকেও আরও এগিয়ে নিয়ে গিয়েছে। এই সাত মাসে ভারতীয় রেল মোট ৯৭৮.৭৮ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে। গত অর্থবর্ষের একই সময়ে এই পরিমাণ ছিল ৯৩৫.১০ মিলিয়ন টন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পণ্য পরিবহণে সামগ্রিক বৃদ্ধি হয়েছে ৪.৬৭ শতাংশ।
যাত্রী পরিবহণেও বৃদ্ধির ধারা অব্যাহত
২০২৬ সালের অক্টোবর মাসে যাত্রী পরিবহণের ক্ষেত্রেও ধারাবাহিক বৃদ্ধি বজায় রেখেছে ভারতীয় রেল। এই মাসে মোট ৬৪.৭২ কোটি যাত্রী রেলে যাতায়াত করেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৬৩.৫২ কোটি।
২০২৬ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতীয় রেলে মোট ৪৪৩.৮ কোটি যাত্রী যাতায়াত করেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৪৩১.৪ কোটি। যাত্রী পরিবহণের ক্ষেত্রে অসাবরতীয় (নন-সাবারবান) বিভাগে ৪.২ শতাংশ এবং শহরতলি (সাবারবান) বিভাগে ১.৭ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।
পণ্য পরিবহণে এই বৃদ্ধি দেশের লজিস্টিক ব্যবস্থাকে শক্তিশালী করা এবং অর্থনৈতিক বিকাশে সহায়তা করার ক্ষেত্রে ভারতীয় রেলের অঙ্গীকারের প্রতিফলন। পরিবহণ ক্ষমতা বৃদ্ধি এবং পরিচালন ব্যবস্থার দক্ষতা উন্নত করার মাধ্যমে রেল পরিষেবা ও পরিবহণ পরিকাঠামোকে আরও উন্নত করে চলেছে ভারতীয় রেল।
*****
PS/SG