প্রকাশিত:
02 NOV 2026 3:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬-এর ৩রা নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুনে মেট্রোর প্রায় ২১,৮০০ কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই উপলক্ষ্যে ভাষণও দেবেন তিনি।
৮,৩০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত পুনে মেট্রো লাইন-৩ ('পিঙ্ক লাইন')-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ এই 'পিঙ্ক লাইন' মান এলাকাকে ডিস্ট্রিক্ট কোর্ট মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করবে। এই করিডোরটি হিঞ্জওয়াড়ি আইটি হাব এবং শিবাজিনগরের মধ্যে মেট্রো সংযোগ স্থাপন করবে, যার ফলে পুনের অন্যতম প্রধান কর্মসংস্থান কেন্দ্রে যাতায়াত সহজ হবে। এই রেলপথ হবে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত। এর মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৩০ শতাংশ সৌরশক্তি থেকে মেটানোর পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী পুনে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন, যার জন্য খরচ ধরা হয়েছে প্রায় ১৩,৫০০ কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত রয়েছে পুনে মেট্রোর লাইন ২এ, ২বি, ৪ এবং ৪এ।
দ্বিতীয় পর্যায়ের আওতায় লাইন ২এ এবং ২বি-এর মোট দৈর্ঘ্য হবে প্রায় ১২.৭৫ কিলোমিটার। লাইন ২এ ভানাজকে চান্দানি চকের সঙ্গে যুক্ত করবে এবং লাইন ২বি রামওয়াদিকে ভিটঠলওয়াদির সঙ্গে সংযুক্ত করবে। এর ফলে পূর্ব-পশ্চিম মেট্রো নেটওয়ার্ক আরও জোরদার হবে। প্রায় ২৫.৫২ কিলোমিটার দীর্ঘ লাইন ৪ খারাডিকে খড়কওয়াসলার সঙ্গে যুক্ত করবে। ৬.১২ কিলোমিটার দীর্ঘ লাইন ৪এ নাল স্টপকে মানিক বাগের সঙ্গে সংযুক্ত করবে।
এই নতুন মেট্রো করিডোরগুলো খারাডি, মাগারপাট্টা, হদপসার, স্বারগেট, মানিক বাগ, নান্দেদ সিটি, পুনে ক্যান্টনমেন্ট এবং ওয়ারজের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যাতায়াত অনেক সহজ করে তুলবে।
MH/AC/NS