উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপ-রাষ্ট্রপতি শ্রী সি.পি. রাধাকৃষ্ণান উপরাষ্ট্রপতি ভবনে 'সর্দার কথা'-তে যোগ দেন; রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানান

প্রকাশিত: 31 OCT 2026 6:07PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ অক্টোবর, ২০২৬

 

ভারতের উপ-রাষ্ট্রপতি, শ্রী সি পি রাধাকৃষ্ণন, আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১ তম জন্মবার্ষিকী এবং রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি ভবনে আয়োজিত 'সর্দার কথা'-তে যোগ দিয়েছেন। অনুষ্ঠানটিতে প্রখ্যাত কথা বাচিক ডক্টর শোভনা রাধাকৃষ্ণের একটি অনুপ্রেরণামূলক বয়ান প্রদর্শিত হয়েছে, যেখানে জাতির প্রতি সর্দার প্যাটেলের জীবন, আদর্শ এবং অসাধারণ অবদানের কথা তুলে ধরা হয়েছে। 

 

সমবেত শ্রোতাদের উদ্দেশে ভাষণে উপ-রাষ্ট্রপতি ‘রাষ্ট্রীয় একতা দিবস’-এর শুভেচ্ছা জানান। তিনি বলেন, সর্দার প্যাটেলের জীবনকাহিনী কেবল ভারতের অন্যতম শ্রেষ্ঠ নেতার কাহিনীই নয়, বরং এটি ভারতের ঐক্য, সাহস এবং জাতি গঠনেরও এক অনন্য আখ্যান।

 

ভারতের রাজনৈতিক একীকরণে সর্দার প্যাটেলের অসামান্য অবদানের কথা স্মরণ করে উপ-রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার প্রাক্কালে দেশকে নানা কঠিন সমস্যার মোকাবিলা করতে হয়েছিল। দেশভাগের ফলে তৈরি হয়েছিল অনিশ্চয়তা, আর ৫৫০টিরও বেশি দেশীয় রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার মতো জটিল কাজ ছিল সামনে। নিজের দৃঢ় সংকল্প, প্ররোচনা দেওয়ার ক্ষমতা, প্রশাসনিক দক্ষতা এবং রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতার মাধ্যমে সর্দার প্যাটেল এই ঐতিহাসিক দায়িত্ব সম্পন্ন করেন এবং এক ঐক্যবদ্ধ ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেন। উপ-রাষ্ট্রপতি বলেন, তাঁর এই অসাধারণ অবদানের জন্য জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে।

 

উপ-রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সর্দার প্যাটেলের প্রদর্শিত ঐক্যের আদর্শকে ‘বিকশিত ভারত @২০৪৭’-এর জাতীয় লক্ষ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, ১৯৪৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের যাত্রাপথে সাহস, দৃঢ় সংকল্প এবং সম্মিলিত ইচ্ছাশক্তির প্রতিফলন ঘটেছে। ২০৪৭ সালের দিকে এগিয়ে যাওয়ার এই যাত্রাপথে প্রয়োজন আরও বড় উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং অঙ্গীকার।

 

সর্দার প্যাটেলের আদর্শের প্রাসঙ্গিকতার ওপর জোর দিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন, সত্য, সরলতা, সাহস, শৃঙ্খলা এবং সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের সেবা - এই মূল্যবোধগুলোকেই জাতির ধারণ করে রাখা প্রয়োজন। তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান যেন তারা সর্দার প্যাটেলের জীবন থেকে অনুপ্রেরণা নেয় এবং তাদের অসীম শক্তি, প্রতিভা ও সম্ভাবনাকে গঠনমূলক জাতি-গঠনমূলক কাজে নিয়োজিত করে।

 

নিজের বক্তব্যের শেষে শ্রী সি. পি. রাধাকৃষ্ণন, ড. শোভনা রাধাকৃষ্ণ এবং তাঁর দলকে ধন্যবাদ জানান। ‘কথা’-র মতো এক কালজয়ী ঐতিহ্যের মাধ্যমে তাঁরা সর্দার প্যাটেলের জীবন ও উত্তরাধিকারকে শ্রোতাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেন, “সর্দার প্যাটেল আমাদের একটি ঐক্যবদ্ধ ভারত উপহার দিয়েছেন। একে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং ন্যায়পরায়ণ রাখা আমাদেরই দায়িত্ব। ভারত এক, এবং চিরকাল এক-ই থাকবে!”

 

অনুষ্ঠানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, শ্রী তরনজিৎ সিং সান্ধু এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনের শুরুর দিকে, উপরাষ্ট্রপতি নতুন দিল্লির সর্দার প্যাটেল চক এবং উপরাষ্ট্রপতি ভবনে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

 

 

 

MH/SB/AS


(রিলিজ আইডি: 2331252) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , English , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Malayalam