স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

মাদকবিরোধী অভিযানে আসামের মুখ্যমন্ত্রী ও আসাম পুলিশকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আসামে মাদকবিরোধী অভিযানে ৯৪৫ জন গ্রেপ্তার, ৫৪৭টি মামলা এবং ১৮২ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত

৭০৩টি মাদক কারবারের হটস্পটে অভিযান, প্রায় ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে ২০২৬-২৯ সালের মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট মাদকচক্রের আর্থিক ভিত্তি ধ্বংস এবং যুবসমাজকে সুরক্ষিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে

মাদকের বিরুদ্ধে লড়াই অবিচল সংকল্পের সঙ্গে অব্যাহত থাকবে

পোস্ট করার দিনক্ষণ: 15 OCT 2026 6:34PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ অক্টোবর ২০২৬: আসামে মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া এবং মাদক কারবারের নেটওয়ার্কের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং আসাম পুলিশকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স'এ একটি পোস্টে শ্রী অমিত শাহ বলেন, মাদক কারবারের নেটওয়ার্কের বিরুদ্ধে এটি একটি বড় আঘাত। ধারাবাহিক এই অভিযানে ৯৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৫৪৭টি মামলা দায়ের হয়েছে এবং ১৮২ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, মাদক কারবারের ৭০৩টি হটস্পটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও চলছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬-২৯ সালের মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট মাদক কারবারের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া, তার আর্থিক ভিত্তিতে আঘাত হানা এবং যুবসমাজকে সুরক্ষিত রাখার সংকল্পকে আরও দৃঢ় করেছে। মাদকের বিরুদ্ধে এই লড়াই অবিচল সংকল্পের সঙ্গে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে গত ১২ অক্টোবর, ২০২৬ তারিখে আসাম পুলিশ রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযান চালায়। এই অভিযানের আগে থেকেই ব্যাপক প্রস্তুতি ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। রাজ্যব্যাপী এই অভিযানে মাদক সংক্রান্ত ৫৪৭টি মামলা নথিভুক্ত করা হয় এবং ৯৪৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের উল্লেখযোগ্য সাফল্যগুলি হল:-

  • প্রায় ১৮২ কোটি টাকার মাদকদ্রব্য এবং সাইকোট্রপিক পদার্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
  • ৭৩টি জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। পাশাপাশি, পলাতক ৪৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের ১০ জন রয়েছেন।
  • মাদক কারবারের ৭০৩টিরও বেশি হটস্পটে তল্লাশি অভিযান চালানো হয়েছে।
  • প্রায় ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
  • মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচার প্রতিরোধ আইন-এর আওতায় ১৫৭টি প্রস্তাব বিবেচনার জন্য গ্রহণ করা হয়েছে।
  • সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য আইন - এর আওতায় ২,২২৯টি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি, ৩,৬৬২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন এবং ২,৯৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সমীক্ষা করা হয়েছে।
  • ইন্ডিয়ান মেডিসিনাল লিকার  সহ মোট ১ লক্ষ ৩৪ হাজার ৫৩৯ লিটার মদ বাজেয়াপ্ত অথবা নষ্ট করা হয়েছে।
  • মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬৩৩টি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিগুলির মাধ্যমে ১ লক্ষ ১২ হাজার ৫৩২ জন নাগরিক ও শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।

 

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2324284) ভিজিটরদের কাউন্টার : 9
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Nepali , Assamese , Punjabi , Gujarati , Telugu