প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

কলকাতা-র জিআরএসই-তে পরবর্তী প্রজন্মের অফশোর পেট্রল ভেসেল (ইয়ার্ড ৩০৪০, ‘শ্রেয়স’)-এর আনুষ্ঠানিক সূচনা

প্রকাশিত: 10 OCT 2026 7:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ অক্টোবর ২০২৬

 

১০ অক্টোবর ২০২৬ তারিখে কলকাতার জিআরএসই-তে ‘ইয়ার্ড ৩০৪০ (শ্রেয়স)’— একটি ‘নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল’ (এনজিওপিভি) বা পরবর্তী প্রজন্মের উপযোগী উপকূলীয় টহল জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন (লঞ্চিং) সম্পন্ন হয়। ভারতীয় নৌ-বাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল অজয় কোছারের উপস্থিতিতে তাঁর স্ত্রী শ্রীমতী রেইম্যান কোছর এই জাহাজটির উদ্বোধন করেন। এই অনুষ্ঠানটি ভারতীয় নৌ-বাহিনীর সমৃদ্ধ ঐতিহ্য ও মূল্যবোধকে তুলে ধরে। ভারতীয় নৌ-বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রক, জিআরএসই এবং শিল্প-সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

দুটি শিপইয়ার্ডে (গোয়ার জিএসএল এবং কলকাতার জিআরএসই) একই সঙ্গে এই এনজিওপিভিগুলোর নির্মাণকাজ চলছে। দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও নির্মিত এই জাহাজগুলো চালু ওপিভি বা এনওপিভি-গুলোর সক্ষমতা বৃদ্ধি করবে। এর ফলে সমুদ্রতীরে নজরদারি, অনুসন্ধান ও উদ্ধারকাজ, সমুদ্র-মধ্যবর্তী সম্পদের সুরক্ষা, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং জলদস্যু-বিরোধী অভিযানের মতো বহুমুখী কর্মসূচি পরিচালনা করা আরও সহজ হবে। ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই জাহাজগুলোর নামকরণ করা হয়েছে; এই জাহাজটির নাম রাখা হয়েছে ‘শ্রেয়স’, যার অর্থ সংস্কৃত ভাষায় ‘সেরা’ বা ‘সর্বোৎকৃষ্ট’।

 

এই জাহাজটির উদ্বোধন ভারতীয় নৌ-বাহিনীর দেশীয় জাহাজ নির্মাণ প্রচেষ্টায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে, এটি ভারত সরকারের ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2321904) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Marathi , हिन्दी , Punjabi , Telugu