শিল্পওবাণিজ্যমন্ত্রক
ভারত-মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে নিউ ইয়র্কে অগ্রণী মার্কিন কোম্পানিগুলির সঙ্গে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের বৈঠক
প্রকাশিত:
07 OCT 2026 10:48AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ অক্টোবর ২০২৬
ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক জোরদার করতে এবং শীর্ষস্থানীয় মার্কিন সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগে আমন্ত্রণ জানাতে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নিউ ইয়র্কে এই সপ্তাহে অগ্রণী মার্কিন কোম্পানিগুলির সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।
শ্রী গোয়েল ব্ল্যাকস্টোনের প্রেসিডেন্ট ও সিওও জনাথন গ্রে এবং ব্ল্যাকস্টোনের আন্তর্জাতিক প্রাইভেট ইক্যুইটি ব্যবসার চেয়ারম্যান প্রকাশ মেলওয়ানির সঙ্গে বৈঠক করেন। আলোচনায় ভারতের প্রধান ক্ষেত্রগুলিতে ব্ল্যাকস্টোনের বিনিয়োগ ও অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়টি উঠে আসে।
মন্ত্রী নিউ বার্গার বারম্যানের চেয়ারম্যান ও সিইও জর্জ ওয়াকার এবং তাঁর দলের পদস্থ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনা ক্ষেত্রে সংযোগ আরও নিবিড় করা ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
শ্রী গোয়েল এসটি লডার কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও স্টেফানে ডি লা ফাভেরির সঙ্গে বৈঠক করেন। ভারতের ক্রমবর্ধমান সৌন্দর্য্য ও ব্যক্তিগত পরিচর্যার বাজার নিয়ে তাঁদের মধ্যে কথা হয়।
আইবিএম-এর চেয়ারম্যান ও সিইও অরবিন্দ কৃষ্ণের সঙ্গে বৈঠকে শ্রী গোয়েল ভারতে আইবিএম-এর বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে কথা বলেন।
মেটলাইফের প্রেসিডেন্ট ও সিইও মাইকেল এ খালাফের সঙ্গে শ্রী গোয়েলের আলোচনায় ভারতের বিমা ও আর্থিক পরিষেবা ক্ষেত্রে ওই সংস্থার কাজের সম্প্রসারণের বিষয়টি উঠে আসে।
শ্রী গোয়েল জেনারেল আটলান্টিকের চেয়ারম্যান ও সিইও উইলিয়াম ই ফোর্ডের সঙ্গে বৈঠকে ভারতে ওই সংস্থার বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এআইএ গ্রুপের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান মার্ক টাকারের সঙ্গে শ্রী গোয়েলের বৈঠকে ভারতের বিমা ও আর্থিক পরিষেবা ক্ষেত্রে ওই সংস্থার ব্যবসা সম্প্রসারণের বিষয়টি উঠে আসে।
এইসব বৈঠকে আর্থিক পরিষেবা, উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য ক্ষেত্রের ভারতের বিকাশের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ এবং ভারত-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
SC/SD/NS…
(রিলিজ আইডি: 2320038)
ভিজিটরের কাউন্টার : 9