স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

তুরস্ক থেকে কুখ্যাত মাদক পাচারকারী চক্রের মূল সদস্য নবপ্রীত সিং-কে দেশে ফিরিয়ে আনার (ডিপোর্টেশন) মাধ্যমে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন

প্রকাশিত: 03 OCT 2026 12:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ অক্টোবর ২০২৬

 

তুরস্ক থেকে কুখ্যাত মাদক পাচারকারী চক্রের মূল সদস্য নবপ্রীত সিং-কে দেশে ফিরিয়ে আনার মাধ্যমে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন।

'এক্স' হ্যান্ডলে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, "তুরস্ক থেকে কুখ্যাত মাদক পাচারকারী চক্রের মূল সদস্য নবপ্রীত সিং-কে দেশে ফিরিয়ে আনার মাধ্যমে মোদী সরকার এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। 'নবাব ভির্ক' ছদ্মনামে তুরস্কের নাগরিকত্ব নিয়ে সে আফগানিস্তান থেকে ভারতে হেরোইন ও মেথামফেটামিন পাচার চালিয়ে যাচ্ছিল। আমাদের সংস্থাগুলো তার প্রকৃত পরিচয় উন্মোচনের লক্ষ্যে একের পর এক আড়াল সরিয়ে তাকে খুঁজে বের করে এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করে। আজ তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে এবং মাদক পাচার ও অন্যান্য অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে অভিনন্দন। ২০২৯ সালের ডিসেম্বরের আগেই প্রতিটি মাদক পাচারকারী চক্রকে নির্মূল করতে মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।"

 

পলাতক আসামিদের ফিরিয়ে আনার জন্য মোদী সরকার একটি সমন্বিত অভিযান শুরু করেছে। ২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ৩৬টি দেশ থেকে মোট ২৮৮ জন পলাতক আসামিকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।

পূর্ববর্তী সরকারগুলির মধ্যে পলাতক আসামিদের ফিরিয়ে আনার মতো রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। মোদী সরকার পলাতক অপরাধীদের প্রত্যর্পণকে একটি 'জাতীয় অগ্রাধিকার' হিসেবে চিহ্নিত করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তাধারা অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ পলাতক অপরাধীদের বিরুদ্ধে তিন-দফা কৌশলের ওপর জোর দিয়েছেন। এগুলি হলো, বিশ্বব্যাপী যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, শক্তিশালী সমন্বয় এবং স্মার্ট কূটনীতি। শ্রী অমিত শাহ পলাতক অপরাধীদের বিষয়টিকে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় হিসেবে অভিহিত করেছেন।

 

মোদী সরকার ২০১৯ সালে এনআইএ (সংশোধনী) আইন এবং ইউএপিএ (সংশোধনী) আইন প্রণয়ন করে। ২০২০ সাল থেকে পলাতক অপরাধীদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি একটি বিশেষ মিশন বা অভিযানের মতো জোরদারভাবে শুরু করা হয়। এর ফলে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজকর্ম কেবল নিষিদ্ধ সংগঠনগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর পরিধি আরও বিস্তৃত করে ব্যক্তিগত স্তরের সন্ত্রাসী, হ্যান্ডলার (পরিচালনাকারী), অর্থসাহায্যকারী প্রদানকারী নেটওয়ার্ক এবং বিদেশে অবস্থিত সহায়তা প্রদানকারী ব্যবস্থাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

 

ভারত এবং বিশ্বজুড়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয়, সংযোগ এবং তথ্য আদান-প্রদান ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ২০২৫ সালের জানুয়ারি মাসে 'ভারতপোল'-এর সূচনা করেন। 'ভারতপোল' সিবিআই, রাজ্যের পুলিশ সদর দপ্তর (ইন্টারপোল লিয়াজোঁ অফিসার বা আইএলও-দের মাধ্যমে) এবং জেলা পুলিশ সদর দপ্তরগুলিকে একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করে ব্যাপক তথ্য পরিকাঠামো গড়ে তুলেছে। এই উদ্যোগের আওতায় রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার ১,৪০০-এরও বেশি ইউনিটকে এই পোর্টালের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। এটি তথ্যের নিরবচ্ছিন্ন আদান-প্রদান নিশ্চিত করছে। এর ফলে, সিবিআই এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় বা 'রেসপন্স টাইম' উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বর্তমানে, সিবিআই-এর চাহিদামতো তথ্য অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সাধারণত ১০ থেকে ২০ দিনের মধ্যে এবং কিছু ক্ষেত্রে ৩ থেকে ১০ দিনের মধ্যেই সরবরাহ করছে। এটি তদন্ত ও প্রত্যর্পণ প্রক্রিয়ার কার্যকারিতাকে বহুলাংশে উন্নত করেছে।

 

মোদী সরকার 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট' (পিএমএলএ) বা অর্থ পাচার প্রতিরোধ আইনটি আরও কঠোরভাবে কার্যকর করেছে। পিএমএলএ-র কঠোর প্রয়োগের মাধ্যমে, মোদী সরকার ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে পলাতক অপরাধীদের ১৭,৮৭৪ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

 

গত তিন বছরে ৪০১ জন পলাতক অপরাধীর বিরুদ্ধে 'রেড কর্নার নোটিশ' জারি করা হয়েছে। ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত ১৮২টি রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে।

 

 

 

SC/PM/AS


(রিলিজ আইডি: 2318681) ভিজিটরের কাউন্টার : 3