পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
লজিস্টিক্স, উৎপাদন ও সুস্থায়ী বৃদ্ধির মাধ্যমে বিকশিত ভারতের লক্ষ্যে বামার লরি
প্রকাশিত:
21 SEP 2026 11:31AM by PIB Kolkata
কলকাতা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীন মিনিরত্ন-১ কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোং লিমিটেড লজিস্টিক্স, উৎপাদন, ভ্রমণ পরিষেবা, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং সুস্থায়ী ব্যবসায়িক ব্যবস্থার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজের মাধ্যমে ভারত সরকারের ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে অবদান রেখে চলেছে বলে জানান সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী অধীপ নাথ পালচৌধুরী। আজ কলকাতায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই কথা জানান।
দেশসেবা ও দেশ গঠনে সংস্থাটির ১৬০ বছর পূর্তি উপলক্ষে ২০২৫-২৬ অর্থবর্ষে বামার লরির নিট টার্নওভার বা লেনদেনের পরিমাণ ২,৭৮,৪৫৯.৫৮ লক্ষ টাকা হয়েছে। অর্থাৎ, আগের অর্থবর্ষের তুলনায় এই হার ৮.০৩% বেড়েছে। একই সময়ে কর-পূর্ব মুনাফা ২০২৪-২৫ অর্থবর্ষের ৩১,৩৭৮.৯৯ লক্ষ টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ৩৩,০৮৬.৬১ লক্ষ টাকা হয়েছে। ভ্রমণ ও অবকাশ পরিষেবা এবং লজিস্টিক্স ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য এবং পরিচালন দক্ষতার উন্নতির ফলে এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
ভারতের লজিস্টিক্স ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বামার লরি এই বছরে তার কনটেনার ফ্রেট স্টেশনগুলির মাধ্যমে ১,৮০,৪৭৯ TEU পণ্য পরিচালনা করেছে।
SAIL-এর রৌরকেলা স্টিল প্ল্যান্ট থেকে BFNS ২২.৯ টন ওজনের ওয়াগনের মাধ্যমে দীর্ঘপথে তৈরি ইস্পাত পরিবহণও শুরু করেছে সংস্থাটি। চিত্তুরে সংস্থার শিল্প প্যাকেজিং কেন্দ্রের আধুনিকীকরণ করা হয়েছে। অন্যদিকে, সংস্থার রাসায়নিক ব্যবসা ইউনিট সর্বকালের সর্বোচ্চ টার্নওভার ও মুনাফা অর্জন করেছে। এর ফলে, দেশীয় উৎপাদন সক্ষমতা এবং মূল্য সংযোজন আরও শক্তিশালী হয়েছে।
সংস্থার বৃদ্ধির কৌশলে প্রযুক্তি ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী পাল চৌধুরী। তিনি বলেন, ডিজিটাল রূপান্তর, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং সমন্বিত ব্যবসায়িক প্রক্রিয়া আরও শক্তিশালী করতে বামার লরি ‘HANAMAN’ নামে SAP S/4HANA-তে স্থানান্তর প্রকল্প শুরু করেছে। সংস্থার গবেষণা সক্ষমতাও জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। সংস্থার অ্যাপ্লিকেশনস রিসার্চ ল্যাবরেটরির সুস্থায়ী গ্রিজ সংক্রান্ত একটি গবেষণাপত্র ২৮তম NLGI-IC Lubricating Grease Conference-এ সেরা গবেষণাপত্রের পুরস্কার পেয়েছে।
ভারত সরকারের ‘স্কিল ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবর্ষে দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানগুলির পরিচালন ব্যয়ের জন্য ৮৫ লক্ষ টাকা দিয়েছে বামার লরি। National Apprenticeship Promotion Scheme-এর আওতায় শিক্ষানবিশ প্রশিক্ষণও চালিয়ে যাচ্ছে সংস্থাটি বলে তিনি জানান।
মহিলাদের নেতৃত্বের দক্ষতা বাড়াতে ‘প্রগতি’ নামে একটি নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিও শুরু করেছে সংস্থাটি। একইসঙ্গে সংস্থার CSR উদ্যোগগুলি ‘বিকশিত ভারত’-এর ভাবনা, রাষ্ট্রসংঘের সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।
শ্রী পালচৌধুরী জানান, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বালমার লরি দুটি অত্যন্ত দূষিত এলাকায় ৫,২৭০টি গাছ লাগিয়েছে। সংস্থার রাসায়নিক ব্যবসা ইউনিটে দেশীয় প্রযুক্তিতে তৈরি সিঙ্ক রিঅ্যাক্টর প্রযুক্তি এবং সার্কুলার স্ক্রাবিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিচালন ক্ষেত্রে উৎকর্ষ, CSR ও সুস্থায়ী উন্নয়ন, কর্পোরেট পরিচালন ব্যবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশের জন্য সংস্থাটি স্বীকৃতি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে সংস্থার এই সাফল্য ভারতের উৎপাদন, লজিস্টিক্স বা সরবরাহ, দক্ষতা, প্রযুক্তি ও সুস্থায়ী উন্নয়নের ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ধারাবাহিক ভূমিকার প্রতিফলন। ‘বিকশিত ভারত’-এর বৃহত্তর লক্ষ্য পূরণে এই ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর।


**
SSS/AS/Kol/21.9.26...
(রিলিজ আইডি: 2313058)
ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam