ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

তিন বছরে পিএম বিশ্বকর্মায় নথিভুক্ত তিরিশ লক্ষ কারিগর

প্রকাশিত: 18 SEP 2026 1:00AM by PIB Kolkata

 নয়াদিল্লি,১৮ সেপ্টেম্বর, ২০২৬


ভারত সরকারের অণু, ক্ষুদ্র  ও মাঝারি উদ্যোগ মন্ত্রক –MSME  পশ্চিমবঙ্গের কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে পিএম বিশ্বকর্মা প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করেছে। এই উপলক্ষে ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের জীবিকা, ও দক্ষতার উন্নয়ন এবং তাঁদের উদ্যোক্তা হয়ে ওঠার সক্ষমতা বাড়াবার লক্ষ্যে সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরা হয়।

চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গ পিএম বিশ্বকর্মা প্রকল্পে যুক্ত হয়েছে। এর মাধ্যমে রাজ্যের ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের সার্বিক সহায়তা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠান দক্ষতা প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম, প্রাতিষ্ঠানিক ঋণ এবং বাজারের সঙ্গে সংযোগের মাধ্যমে বিশ্বকর্মাদের ক্ষমতায়নে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে।

 পিএম বিশ্বকর্মার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বকর্মা কারিগরদের সমৃদ্ধ ঐতিহ্যবাহী শিল্প ও হস্তশিল্পের একটি প্রদর্শনীর উদ্বোধন করেন অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের মন্ত্রী শ্রী জিতন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী শোভা করন্দলাজে, পশ্চিমবঙ্গ সরকারের অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের মন্ত্রী শ্রী দীপক বর্মন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শ্রী অশোক দিন্দা। 
 সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী রাজ্যের ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের দক্ষতা প্রশিক্ষণ এবং ঋণ সহায়তা প্রদানের গুরুত্বের ওপর জোর দেন। পিএম বিশ্বকর্মার রূপান্তরমূলক ভাবনার জন্য তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশজুড়ে কারিগর ও শিল্পীদের জীবিকা শক্তিশালী করার ক্ষেত্রে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

 পশ্চিমবঙ্গে পিএম বিশ্বকর্মা প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, এই প্রকল্পের আওতায় ৭ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। তিনি বলেন, প্রকল্পের সুবিধা যাতে বিশ্বকর্মারা গ্রহণ করতে পারেন, সে জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা দ্রুত কার্যকর করবে। মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকারের অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গজুড়ে পিএম বিশ্বকর্মার কার্যকর ও সময়নির্দিষ্ট বাস্তবায়নের জন্য রাজ্য সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। প্রকল্পের সুবিধা যাতে প্রতিটি যোগ্য কারিগর ও শিল্পীর কাছে পৌঁছে যায়, সেজন্য তিনি সংশ্লিষ্ট রাজ্য সরকারি সংস্থাগুলিকে প্রকল্পের প্রচার ও বাস্তবায়ন আরও শক্তিশালী করার আহ্বান জানান।  

 মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের বাস্তবায়নের প্রশংসা করে বলেন, এগুলি রাজ্যে উদ্যোগ গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পোদ্যোগের বিকাশ এবং MSME-পরিমণ্ডলকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 
 কেন্দ্রীয় অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রী শ্রী জিতন রাম মাঝি পিএম বিশ্বকর্মার বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বলেন, ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের দক্ষতা প্রশিক্ষণ, আধুনিক টুলকিট, ঋণ এবং বাজার সহায়তার মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর এই প্রকল্পের সূচনা করেন। পিএম বিশ্বকর্মার আওতায় ইতিমধ্যেই ৩০ লক্ষ সুবিধাভোগী নিবন্ধিত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ২৪.৫০ লক্ষ জন প্রাথমিক দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ১৮.১৫ লক্ষ আধুনিক টুলকিট বিতরণ করা হয়েছে। এছাড়া ৬.১৮ লক্ষ বিশ্বকর্মা প্রতি বছর ৫ শতাংশ হারে স্বল্পসুদের ঋণ হিসেবে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেয়েছেন, যার মোট পরিমাণ ৫,২৯৭ কোটি টাকা।

 কেন্দ্রীয় অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ প্রতিমন্ত্রী শ্রীমতী শোভা করন্দলাজে পিএম বিশ্বকর্মার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীদের অভিনন্দন জানান এবং তাঁদের পিএম বিশ্বকর্মার আওতায় পাওয়া সুযোগ ও সহায়তার সর্বোচ্চ সদ্ব্যবহার করে সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য উৎসাহিত করেন।

 তিনি বলেন, পশ্চিমবঙ্গের জন্য এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ। এই রাজ্য সম্প্রতি পিএম বিশ্বকর্মা প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে এবং এটি পশ্চিমবঙ্গে এই প্রকল্পের অধীনে অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের প্রথম অনুষ্ঠান। তিনি জোর দিয়ে বলেন, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন শক্তিশালী পরিবার, সুসংহত সমাজ এবং সমৃদ্ধ ‘বিকশিত ভারত’ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 পশ্চিমবঙ্গ সরকারের অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের মন্ত্রী শ্রী দীপক বর্মন বলেন, পিএম বিশ্বকর্মা ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের জন্য একটি রূপান্তরমূলক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর মাধ্যমে তাঁদের সুস্থিত জীবিকার সুযোগ তৈরি হচ্ছে এবং আরও শক্তিশালী উদ্যোগ গড়ে তোলার পথ প্রশস্ত হচ্ছে। 
 সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভারত সরকারের অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের সচিব শ্রী ভারত খেরা গত তিন বছরে প্রকল্পটির উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন। তিনি দক্ষতা প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম প্রদান, সাশ্রয়ী ঋণ এবং বাজারের সঙ্গে সংযোগের মাধ্যমে ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভারত সরকারের অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের অতিরিক্ত সচিব ও উন্নয়ন কমিশনার ড. রজনীশ পিএম বিশ্বকর্মা প্রকল্প নিয়ে একটি উপস্থাপনা করেন। এতে প্রকল্পটির মূল বৈশিষ্ট্য, সাফল্য এবং দক্ষতা প্রশিক্ষণ, আধুনিক টুলকিট, ঋণ ও বাজারের সঙ্গে সংযোগের মাধ্যমে ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের প্রদত্ত সার্বিক সহায়তার বিষয়গুলি তুলে ধরা হয়।

 পিএম বিশ্বকর্মা প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিশ্বকর্মাদের হাতে পিএম বিশ্বকর্মা পরিচয়পত্র/শংসাপত্র, আধুনিক টুলকিট এবং ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ২,০০০-এরও বেশি বিশ্বকর্মা এবং পঞ্চায়েত প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ভারত সরকারের MSME মন্ত্রক, দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক, অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ, বিভিন্ন ব্যাঙ্ক, ইন্ডিয়া পোস্ট এবং পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

 
 SC/SD/SG


(রিলিজ আইডি: 2311918) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: Assamese , English , Gujarati , Urdu , हिन्दी , Bengali-TR , Kannada