গ্রামোন্নয়নমন্ত্রক
পঞ্চ সম্মেলনের মাধ্যমে দেশজুড়ে ভিবি-জি রাম জি আইন বিষয়ে সচেতনতা ছড়িয়ে পড়েছে
প্রকাশিত:
31 AUG 2026 4:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ অগাস্ট, ২০২৬
‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ): ভিবি-জি রাম জি’ (বিকশিত ভারত-জি রাম জি) আইন, ২০২৫-এর কার্যকর রূপায়ণ করতে এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির (পিআরআই) নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের অবহিত করার লক্ষ্যে আয়োজিত জেলা-স্তরের পঞ্চ সম্মেলনের দেশব্যাপী প্রচারাভিযান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির তিনটি স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের এই আইনের বিধিগুলি, সেইসঙ্গে তাদের ভূমিকা ও দায়িত্বের সঙ্গে পরিচিত করার জন্য পঞ্চ সম্মেলন আয়োজন করতে অনুরোধ করেছিল।
এখন পর্যন্ত সারাদেশে মোট ১,৩৩৮টি পঞ্চ সম্মেলন সফলভাবে আয়োজন করা হয়েছে। এই সাফল্য ‘বিকশিত ভারত-জি রাম জি’ আইনের কার্যকরী রূপায়ণের প্রতি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সক্রিয় অংশগ্রহণ, প্রতিশ্রুতি এবং দৃঢ় মালিকানাবোধকে প্রতিফলিত করে।
এই পঞ্চ সম্মেলনগুলির মাধ্যমে ৫.২৬ লক্ষেরও বেশি পঞ্চায়েতি রাজ প্রতিনিধি, কার্যকর্তা এবং কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এই বিপুল যোগদান অংশগ্রহণমূলক পরিকল্পনা, গ্রামীণ উন্নয়ন এবং তৃণমূল স্তরের প্রশাসনে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা সম্পর্কে স্থানীয় প্রতিনিধিদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা ও উৎসাহকে তুলে ধরে।
এখন পর্যন্ত ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের নির্ধারিত পঞ্চ সম্মেলন সম্পন্ন করেছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরলম, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সময়মতো এবং কার্যকর রূপায়ণের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই পঞ্চ সম্মেলনগুলির পরিধি আরও বাড়ানোর জন্য বেশ কয়েকটি রাজ্য উদ্ভাবনী ও বহুস্তরীয় পন্থা অবলম্বন করেছে। গুজরাট, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি কেবল জেলা পর্যায়েই নয়, অন্যান্য প্রশাসনিক স্তরেও সম্মেলনের আয়োজন করেছে, যার ফলে পঞ্চায়েতি রাজ প্রতিনিধি এবং কর্মকর্তাদের মধ্যে ব্যাপকতর প্রচার নিশ্চিত হয়েছে। এটি তৃণমূল স্তরে সচেতনতা সৃষ্টি এবং সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।
ভিবি-জি রাম জি আইন, ২০২৫ গ্রাম পঞ্চায়েতগুলিকে গ্রামোন্নয়ন প্রক্রিয়ার কেন্দ্রে স্থাপন করে এবং তাদের উপর পরিকল্পনা, রূপায়ণ, পর্যবেক্ষণ, স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে। পঞ্চ সম্মেলনগুলি নির্বাচিত জনপ্রতিনিধি এবং কার্যকর্তাদের এই আইনের বিভিন্ন বিধান, যেমন—বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা (ভিজিপিপি), গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, সম্পদ সৃষ্টি, সমন্বয়, সামাজিক নিরীক্ষা এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার সঙ্গে পরিচিত করার জন্য একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে।
সবমিলিয়ে, দেশজুড়ে পঞ্চ সম্মেলন অভিযান উৎসাহব্যঞ্জক গতিতে এগিয়ে চলেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সক্রিয় অংশগ্রহণ এবং অংশীদারদের ব্যাপক আন্তরিকতার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, সুশাসন, অংশগ্রহণমূলক পরিকল্পনা এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করা হয়েছে।
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2305044)
ভিজিটরের কাউন্টার : 9