অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্ব সীমান্তে দুটি অভিযানে ৭৬ কেজি মেথামফেটামিন বাজেয়াপ্ত করলো ডি.আর.আই

গাড়িতে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা হয়েছিল মাদকদ্রব্য,গ্রেপ্তার দুই

পোস্ট করার দিনক্ষণ: 28 AUG 2026 12:12AM by PIB Agartala

নয়াদিল্লি, ২৮ আগস্ট, ২০২৬: উত্তর-পূর্ব সীমান্তে মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডি.আর.আই আসাম ও মিজোরামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অভিযান চালিয়ে মোট ৭৬ কেজি মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইন, ১৯৮৫-এর সংশ্লিষ্ট ধারায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ আগস্ট ২০২৬ তারিখে সর্বশেষ গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ডিআরআই-এর আধিকারিকরা শিলচরস্থিত আসাম রাইফেলসের ৩৮তম ব্যাটালিয়নের জওয়ানদের সহায়তায় আসাম-মনিপুর সীমান্তের কাছে শিলচর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে লালপানিতে একটি সন্দেহভাজন ১২ চাকার ট্রাক আটক করেন। ট্রাকটি মনিপুরের জিরিবাম থেকে আসছিল। ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে চালকের আসনের পিছনে বিশেষভাবে তৈরি একটি গোপন কুঠুরির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ১ কেজি ওজনের ৩৬টি ইটের আকারের প্যাকেট এবং ২০০ গ্রাম ওজনের ১০০টি ছোট প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলিতে গোলাপি-কমলা রঙের ট্যাবলেট ছিল, যা মেথামফেটামিন বলে সন্দেহ করা হয়।

ফিল্ড ডিটেকশন কিটের মাধ্যমে নমুনা প্রাথমিকভাবে পরীক্ষা করে মেথামফেটামিন হিসেবে শনাক্ত করা হয়। মোট ৫৬ কেজি মাদকদ্রব্য এবং সংশ্লিষ্ট ট্রাকটি নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইন, ১৯৮৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়। গাড়ির আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ১৮ আগস্ট ২০২৬ তারিখে মিজোরামের আইজল-চাম্ফাই সড়কে আরেকটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালায় ডিআরআই। আইজল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বুং বাংলায় একটি গাড়ি আটক করা হয়। গাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে ৬৪টি বিভিন্ন আকারের প্যাকেট থেকে মোট ২০ কেজি গোলাপি-কমলা রঙের সন্দেহভাজন মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

গাড়িটিতে বিশেষভাবে তৈরি গভীর কুঠুরি এবং জ্বালানি ট্যাঙ্ক ও গাড়ির মেঝের মধ্যবর্তী অংশে মাদকগুলি লুকিয়ে রাখা হয়েছিল।

এনডিপিএস ফিল্ড টেস্ট কিটের মাধ্যমে পরীক্ষার পর মেথামফেটামিনের উপস্থিতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, মাদকগুলি মিয়ানমার থেকে জোখাওথার-চাম্ফাই সীমান্তপথে মিজোরামে পাচার করা হয়েছিল। মাদক পরিবহণে ব্যবহৃত গাড়িসহ ২০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয় এবং গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

মেথামফেটামিন একটি শক্তিশালী কৃত্রিম সাইকোস্টিমুল্যান্ট, যার অপব্যবহার ও নির্ভরশীলতার সম্ভাবনা অত্যন্ত বেশি। এর অবৈধ সেবনের ফলে হৃদ্‌যন্ত্র ও রক্তনালীর জটিলতা, অস্থিরতা, সন্দেহপ্রবণতা এবং সাইকোসিসের মতো গুরুতর শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিনের অপব্যবহারের ফলে তীব্র নির্ভরশীলতা এবং স্নায়বিক ও আচরণগত ক্ষতিও হতে পারে।

মেথামফেটামিন নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইন, ১৯৮৫-এর অধীনে একটি সাইকোট্রপিক পদার্থ হিসেবে তালিকাভুক্ত। এর অবৈধ উৎপাদন,পরিবহণ ও পাচারের ক্ষেত্রে কঠোর আইনি শাস্তির বিধান রয়েছে।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2304147) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Assamese , Manipuri , Tamil , Telugu