প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এক বছরে ১ কোটি তরুণকে এআই বিষয়ক দক্ষতা প্রদানের ঘোষণা প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 15 AUG 2026 1:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ আগস্ট ২০২৬

 

৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, খেলাধুলা, সিভিল ডিফেন্স, সেমিকন্ডাক্টর উৎপাদন, পারমাণবিক শক্তি এবং নারী-নেতৃত্বাধীন উন্নয়ন—এই বিষয়গুলোকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ ও লক্ষ্যের কথা ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর ভাষণের মূল ঘোষণাগুলো হলো:

১. এক কোটি তরুণ-তরুণীর জন্য এআই দক্ষতা প্রশিক্ষণ : প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে, আগামী এক বছরে এক কোটি তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের কথা উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ ভারতের তরুণদের এআই-এর জগতে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা অর্জনে সহায়তা করবে।

২. বিভিন্ন পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং : বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেওয়া তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ওপর কোচিং ক্লাসের আর্থিক বোঝা বা খরচের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দেশের তরুণদের বিনামূল্যে কোচিং প্রদানের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক গড়ে তুলতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার(ডিজিটাল গণ-পরিকাঠামো), মেধাবী ছাত্রছাত্রী ও শিক্ষকদের একত্রিত করা হবে।

৩. ৫-১৫ বছর বয়সী শিশুদের জন্য দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ : ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভাদের খুঁজে বের করার লক্ষ্যে গ্রাম, শহর ও স্কুলজুড়ে একটি প্রতিভা অন্বেষণ অভিযানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। চিহ্নিত শিশুদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা দেশের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে। অলিম্পিকের যেসব ইভেন্টে ভারত বর্তমানে অংশগ্রহণ করে না বা যোগ্যতা অর্জন করতে পারে না, সেগুলোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওইসব খেলাধুলায় সক্ষমতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হবে।

৪. আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী সিভিল ডিফেন্স নেটওয়ার্ক : যুদ্ধের পরিবর্তিত প্রকৃতির ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী দেশে একটি শক্তিশালী সিভিল ডিফেন্স বা অসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দেন। তিনি বলেন, যুদ্ধ এখন আর কেবল সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি তেল শোধনাগার, ব্যাঙ্কিং খাত, ডেটা সেন্টার, কারখানা এবং অন্যান্য পরিকাঠামোকেও প্রভাবিত করতে পারে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, গত শতাব্দীর যুদ্ধের প্রেক্ষাপটে গড়ে ওঠা সিভিল ডিফেন্স ব্যবস্থা এখন আর কার্যকর বা সময়োপযোগী নেই। তাই নাগরিকদের আধুনিক ব্যবস্থার সঙ্গে পরিচিত করা হবে এবং আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম একটি বিশাল স্বেচ্ছাসেবী সিভিল ডিফেন্স বাহিনী গড়ে তোলা হবে।

৫. আত্মনির্ভরতা জোরদারে আরও সেমিকন্ডাক্টর প্ল্যান্ট : ডিজিটাল ও প্রযুক্তিগত বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভারত এই খাতে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে। তিনি জানান, ইতিমধ্যে তিনটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট চালু হয়েছে এবং এসব কেন্দ্র থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানিও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে, আগামী সাত-আট বছরের মধ্যে আরও পাঁচ থেকে আটটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপিত হবে এবং তিনি সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরশীলতাকে 'বিকশিত ভারত'-এর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

৬. ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা : চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা  এবং ডেটা সেন্টারের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও পারমাণবিক শক্তির গুরুত্বের ওপর জোর দেন। তিনি জানান, ভারত ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে এবং এই দশকের মধ্যেই পাঁচটি নতুন পারমাণবিক চুল্লি চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ভারত এ বছর 'ফাস্ট ব্রিডার' পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে, যা পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

৭. ছয় কোটি 'লাখপতি দিদি' তৈরির লক্ষ্যমাত্রা: জাতি গঠনে নারীদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, তিন কোটি 'লাখপতি দিদি' তৈরির পূর্ববর্তী লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই অতিক্রম করা হয়েছে। তিনি জানান, ভারত এখন ছয় কোটি 'লাখপতি দিদি' তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, আরও তিন কোটি 'লাখপতি দিদি' তৈরির এই উদ্যোগ নারীদের শক্তির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে।

 

SC/SB/DM


(रिलीज़ आईडी: 2300079) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada