প্রতিরক্ষামন্ত্রক
তিন বাহিনীর সমন্বয়ে গঠিত মহিলা দলের বিশ্বপরিক্রমা নৌ-অভিযানের সমাপ্তি পর্বের সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী
प्रविष्टि तिथि:
22 JUL 2026 4:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২৬
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ ‘সমুদ্র প্রদক্ষিণ’ - এর সমাপ্তি ঘোষণা করেছেন। এটি ছিল সশস্ত্র বাহিনীর তিন শাখার (সেনা, নৌ ও বিমান বাহিনী) মহিলা সদস্যদের নিয়ে আয়োজিত বিশ্বের প্রথম সমুদ্র-পরিক্রমা অভিযান। ভারতীয় সেনাবাহিনীর পালতোলা জাহাজ ‘ত্রিবেণী’-তে চড়ে তিন বাহিনীর নয়জন মহিলা প্রায় ২৫,৫০০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে এবং চারটি মহাসাগর অতিক্রম করে ৩১৪ দিনের সফল যাত্রা শেষে মুম্বাইতে ফিরে আসেন। ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মুম্বাই থেকে শ্রী রাজনাথ সিং ভার্চুয়াল মাধ্যমে এই অভিযানের সূচনা করেছিলেন।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী এই অভিযানের সফল সমাপ্তিকে ভারতের ‘নারী শক্তি’র নিদর্শন, জাতির দৃঢ় সংকল্পের প্রতীক, তিন বাহিনীর পারস্পরিক সমন্বয় ও যৌথ কার্যকারিতার প্রমাণ এবং চ্যালেঞ্জ জয় করে ইতিহাস সৃষ্টিকারী ‘নতুন ভারত’-এর উদযাপন হিসেবে অভিহিত করেন।
সুনিপুণ পরিকল্পনা, প্রায় দুই বছরের কঠোর প্রশিক্ষণ, ২৪ ঘণ্টা সক্রিয় স্থল-ভিত্তিক সহায়তা ব্যবস্থা এবং অসংখ্য সংস্থা ও সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের অবিচল নিষ্ঠার ফলেই এই মিশনের সাফল্য সম্ভব হয়েছে। অভিযানটি সমুদ্র-পরিক্রমার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল মানদণ্ড সফলভাবে পূরণ করেছে, যার মধ্যে রয়েছে সমস্ত দ্রাঘিমা রেখা অতিক্রম করা, দুবার বিষুবরেখা ও আন্তর্জাতিক তারিখ রেখা পার হওয়া এবং তিনটি প্রধান অন্তরীপ বা ‘কেপ’ — কেপ লিউউইন, কেপ হর্ন এবং কেপ অফ গুড হোপ—প্রদক্ষিণ করা।
দুর্গম ‘ড্রেক প্যাসেজ’ সফলভাবে অতিক্রম এবং ‘কেপ হর্ন’ প্রদক্ষিণের মাধ্যমে অভিযাত্রী দলটি মর্যাদাপূর্ণ ‘কেপ হর্নরস’ গোষ্ঠীর সদস্যপদ অর্জন করেছে। বিশ্বের কঠিন সামুদ্রিক পথ জয়কারী নাবিকদের জন্যই এই সম্মান সংরক্ষিত থাকে। আইএএসভি ‘ত্রিবেণী’-র নাবিকদের সাহস, মনোবল ও দৃঢ় সংকল্পের প্রশংসা করে শ্রী রাজনাথ সিং বলেন, এই অভিযান প্রমাণ করেছে মানুষের সাহস যেকোনো ঝড়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তিনি বলেন, “সমুদ্রের ঢেউ হয়তো অনেক উঁচুতে উঠতে পারে, কিন্তু ভারতের কন্যাদের মনোবল তার চেয়েও উঁচুতে ওঠে।” আজ দেশের মহিলারা নিজেরাই সুযোগ সৃষ্টি করছেন, সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং ইতিহাসের পাতায় নিজেদের নাম খোদাই করছেন বলে তিনি মন্তব্য করেন।
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত মিশনের আওতায় এই অভিযান সমন্বিত পরিকল্পনা, নিরবচ্ছিন্ন যৌথ কার্যকারিতা এবং যৌথ নেতৃত্বের শক্তিকে তুলে ধরেছে। দশ মাসেরও বেশি সময় ধরে একসঙ্গে বসবাস, প্রশিক্ষণ ও সমুদ্রযাত্রার মাধ্যমে নাবিকদল একটি সুসংহত দল হিসেবে কাজ করেছে। এটি প্রমাণ করেছে যে, যৌথ প্রয়াস কেবল একটি সাংগঠনিক ধারণা নয়, এটি এমন এক শক্তি, যা কার্যকারিতা ও জাতীয় সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে।
প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘সমুদ্র প্রদক্ষিণ’ অভিযানটি কেবল একটি সামুদ্রিক যাত্রা হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে না; এটি এমন এক উদ্যোগ যেখানে তিন বাহিনীর মহিলারা একই পতাকা, একই সংকল্প ও একই লক্ষ্যের অধীনে একত্রিত হয়ে বিশ্বকে এই বার্তা দিয়েছেন যে ভারতের শক্তি তার ঐক্যের মধ্যেই নিহিত।
সামুদ্রিক ক্ষেত্রে অসাধারণ সাফল্যের পাশাপাশি, ‘সমুদ্র প্রদক্ষিণ’ সামরিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও আত্মপ্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন বন্দরে যাত্রাবিরতির সময় ‘আইএএসভি ত্রিবেণী’ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সামুদ্রিক রীতিনীতি, সামরিক পেশাদারিত্ব ও চিরস্থায়ী মূল্যবোধ তুলে ধরার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই অভিযানটি কেবল একটি নৌযান হিসেবে নয়, বরং ভারতের ‘ভাসমান দূত’ হিসেবে কাজ করেছে; বিভিন্ন দেশে এই যাত্রাবিরতিগুলি ভারতের ‘সফট পাওয়ার’ বা নমনীয় শক্তিকে আরও শক্তিশালী করেছে।
শ্রী রাজনাথ সিং ‘আইএএসভি ত্রিবেণী’-কে ‘আত্মনির্ভর ভারত’-এর এক মূর্ত প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৫০ ফুটের এই নৌ-যানটি ভারতের কারিগরি দক্ষতা, উদ্ভাবনী শক্তি ও আত্মবিশ্বাসকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। এটি নৌযানটি ভারতের প্রকৌশলগত উৎকর্ষ, দেশীয় সক্ষমতা এবং কৌশলগত আত্মবিশ্বাসের এক উজ্জ্বল নিদর্শন।
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রামানি, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, সেনাবাহিনী প্রধান জেনারেল ধীরজ শেঠ, বিমান বাহিনীর ভাইস চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত, ইন্টিগ্রেটেড ট্রেনিং-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অজয় রামদেব এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা প্রতিনিধিরা নয়াদিল্লির কর্তব্য ভবন-২ থেকে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেন।
SC/SD/SB
(रिलीज़ आईडी: 2287858)
आगंतुक पटल : 6