আয়ুষ
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব সামরিক এবং ফিল্ড হাসপাতালগুলিতে আয়ুষ চিকিৎসা পরিষেবার প্রস্তাব দিলেন

प्रविष्टि तिथि: 22 JUL 2026 11:37AM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২৬

 


আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সামরিক এবং ফিল্ড হাসপাতালগুলিতে আয়ুষ, ওপিডি এবং আয়ুষভিত্তিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রস্তাবের কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-কে লিখেছেন।


তিনি বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জিং বাতাবরণে ও প্রতিকূল পরিস্থিতিতে দেশের সৈনিকদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছোনোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবা বিভাগ। সশস্ত্র বাহিনীর নিজস্ব বিপুলায়তন আধুনিক চিকিৎসা পরিকাঠামো থাকলেও ভারতের প্রথাগত চিকিৎসা ব্যবস্থা প্রতিরক্ষা কর্মীদের সর্বাত্মক স্বাস্থ্য কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।


শ্রী প্রতাপ রাও যাদব আরও বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সীমিত সংখ্যক প্রতিষ্ঠানে বর্তমানে আয়ুষ চিকিৎসার ব্যবস্থা থাকলেও বৃহৎ সংখ্যক সামরিক এবং ফিল্ড হাসপাতালগুলিতে একনিষ্ঠ আয়ুষ চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত নেই। তিনি বলেন যে, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার এবং স্বাস্থ্যকর জীবনশৈলীতে আয়ুষ চিকিৎসার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আরও বলেন, সামরিক হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার বর্তমান যে বন্দোবস্ত রয়েছে আয়ুষ তাতে পরিপূরক ভূমিকা পালন করতে পারে।

প্রতিরক্ষা মন্ত্রককে তিনি অনুরোধ করেছেন, সমস্ত সামরিক ও ফিল্ড হাসপাতালগুলিতে আয়ুষ, ওপিডি এবং চিকিৎসা পরিষেবার সুযোগ গড়ে তোলার প্রস্তাব বিবেচনা করে দেখতে। আয়ুষ মন্ত্রক এক্ষেত্রে যাবতীয় প্রযুক্তিগত সহায়তা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক সহযোগিতার জন্য প্রস্তুত, এমনকি এই উদ্যোগ রূপায়ণের জন্য সমঝোতা পত্র স্বাক্ষরেও রাজি।


দেশের সশস্ত্র বাহিনী সহ সমাজের বৃহত্তর ক্ষেত্রে ভারতের প্রথাগত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াকে সুনিশ্চিত করতে এবং সুসংহত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সরকারী দায়বদ্ধতা এই যৌথ সহযোগিতার মধ্যে দিয়ে পূর্ণ রূপ পেতে পারে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2287814) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil