রেলমন্ত্রক
আন্তর্জাতিক স্তরে রেলের বৈদ্যুতিকীকরণে ভারত প্রথমসারিতে, দেশের মোট ব্রডগেজ রেলপথের ৯৯.৬%-এ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন
प्रविष्टि तिथि:
22 JUL 2026 1:01PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২২ জুলাই ২০২৬
ভারতীয় রেলের রেলপথে বৈদ্যুতিকীকরণের কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত, প্রায় ৯৯.৬% ব্রড গেজ রেলপথ বিদ্যুতায়িত হয়েছে। বাকি রেলপথেও এই কাজ দ্রুত এগিয়ে চলেছে। ২০১৪ পর্যন্ত বৈদ্যুতিকীকরণ হয়েছে ২১,৮০১ কিলোমিটার রেলপথে। ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪৮,০৭২ কিলোমিটার রেলপথের বিদ্যুতায়ন হয়েছে।
ভারতীয় রেল দ্রুত হারে বৈদ্যুতিকীকরণের কাজ করছে। পৃথিবীর বহু দেশ শুধু তাদের ব্যস্ততম যাত্রীবাহী ও মালবাহী করিডোরের বিদ্যুতায়নকে অগ্রাধিকার দেয়, ভারত কিন্তু তার সমগ্র ব্রডগেজ রেলপথকে বৈদ্যুতিকীকরণ করার লক্ষ্যে এগিয়ে চলেছে। সুইজারল্যান্ডে সমগ্র রেলপথে বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। ভারতে ৯৯.৬%, চীনে ৮২%, স্পেনে ৬৭%, জাপানে ৬৪%, ফ্রান্সে ৬০% ও ব্রিটেনে ৩৯% রেলপথে বিদ্যুতায়ন হয়েছে।
বিদ্যুতের সাহয্যে ট্রেন চললে সেটি যেমন পরিবেশ বান্ধব, পাশাপাশি জ্বালানীরও সাশ্রয় হয়। সড়ক পথে ১ টন পণ্য পরিবহণে কার্বন নিঃসরণ হয় ১০১ গ্রাম। সেখানে রেলপথে সমপরিমাণ পণ্য পরিবহণে এই নিঃসরণের হার ১১.৫ গ্রাম। ট্রেন চালানোর ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা হ্রাস পাওয়ার ফলে কার্বন নিঃসরণের হার কমছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় রেলে জ্বালানি হিসেবে ১০৮ কোটি লিটার ডিজেল ব্যবহৃত হত। ২০১৫-১৬ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ২৯৩ কোটি লিটার। অর্থাৎ, বৈদ্যুতিকীকরণের ফলে কেন্দ্রীয় সরকারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
বর্তমানে সৌরশক্তি, বায়ু সহ অন্যান্য পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহারের মধ্য দিয়ে উৎপাদিত বিদ্যুৎকেও রেল পরিবহণের কাজে ব্যবহার করা হচ্ছে। ২০০৬-এর জুন মাসে সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত ১,১৬১ মেগাওয়াট বিদ্যুৎ এবং বায়ুশক্তি থেকে উৎপাদিত ১০৩ মেগাওয়াট বিদ্যুৎ ট্রেন চালানোর কাজে ব্যবহৃত হয়েছে। বর্তমানে দেশের ১৯টি রেল বিভাগের মধ্যে উত্তর-পশ্চিম রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, দক্ষিণ রেল এবং দক্ষিণ-পশ্চিম রেল ছাড়া বাকি প্রতিটি বিভাগে ১০০ শতাংশ বৈদ্যুতিকীকরণের কাজ সম্পন্ন হয়েছে। উত্তর-পশ্চিম রেলে ৯৯.৮ শতাংশ, উত্তর-পূর্ব সীমান্ত রেল ও দক্ষিণ রেলে ৯৮.৭ শতাংশ এবং উত্তর-পশ্চিম রেলে ৯৬.১ শতাংশ রেলপথে বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ১০০ শতাংশ এবং আসামে ৯৭.৯ শতাংশ রেলপথে বৈদ্যুতিকীকরণের কাজ হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।
SC/CB/DM
(रिलीज़ आईडी: 2287655)
आगंतुक पटल : 9