পর্যটনমন্ত্রক
পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য পর্যটন মন্ত্রক ৫,৭৫৬.৬২ কোটি টাকার ১১৭টি প্রকল্প অনুমোদন করেছে
प्रविष्टि तिथि:
21 JUL 2026 12:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ জুলাই, ২০২৬
পর্যটন মন্ত্রক গত দুই বছরে দেশজুড়ে পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল প্রচার এবং মৌলিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে পর্যটনকে উৎসাহিত করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং মৌলিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলিকে মন্ত্রক যেসব প্রকল্পের জন্য আর্থিক সহায়তা দেয় তার মধ্যে রয়েছে - স্বদেশ দর্শন ২.০, চ্যালেঞ্জভিত্তিক গন্তব্য উন্নয়ন, তীর্থযাত্রা পুনরুজ্জীবন ও আধ্যাত্মিক ঐতিহ্য বৃদ্ধি অভিযান - PRASHAD, ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রভৃতি। এছাড়াও, ভারত সরকারের উদ্যোগে মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা – প্রখ্যাত পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্বস্তরে উন্নীতকরণ-এর আওতায় ২০২৪-২৫ সালে পর্যটন প্রকল্পের জন্য রাজ্যগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।
গত দুই বছরে, মন্ত্রক ৫৭৫৬.৬২ কোটি টাকা মূল্যের ১১৭টি প্রকল্প অনুমোদন করেছে।
পর্যটন মন্ত্রক ‘ইনক্রেডিবল ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম’-এ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পর্যটনের প্রচার করে, দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকরা এর থেকে তাঁদের প্রয়োজনীয় বহু তথ্য পান। ২০২৪ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এই নতুন পোর্টালটি একাধিক ভাষায় পাওয়া যায়। এখানে বিমান, হোটেল, গাড়ি, বাস ও এএসআই স্মারক সৌধগুলির টিকিট নির্বিঘ্নে বুকিং করার সুবিধা রয়েছে। সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ডিজিটাল প্রচারাভিযান এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে মিলে পর্যটনসংক্রান্ত প্রচারকে আরও শক্তিশালী করা হয়।
ভারত সরকারের শিক্ষা মন্ত্রক এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। তবে, পর্যটন মন্ত্রকও নানা অনুষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে এর বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। প্রতি বছর সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা এবং বৈচিত্র্যময় প্রথা তুলে ধরতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অংশগ্রহণে পর্যটন মন্ত্রক ‘ভারত পর্ব’-এর আয়োজন করে। গুজরাটের একতা নগরে অনুষ্ঠিত রাষ্ট্রীয় একতা দিবস ২০২৫-এও মন্ত্রক অংশগ্রহণ করেছিল।
এছাড়াও, মন্ত্রকের অধীন কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির মধ্যে রয়েছে ২১টি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্র্যাভেল ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান কালিনারি ইনস্টিটিউট এবং ইন্ডিয়া ট্যুরিজম অফিসগুলি। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের আওতায় এই সংস্থাগুলি নিয়মিতভাবে ছাত্র বিনিময় কর্মসূচি, পরিচিতিমূলক ভ্রমণ, ট্যুর অপারেটরদের নেটওয়ার্কিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আঞ্চলিক রন্ধন উৎসব, ভাষা-শিক্ষা কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রমের আয়োজন করে থাকে। এই উদ্যোগগুলি সাংস্কৃতিক পর্যটনকে উৎসাহিত করে, দেশের মানুষের মধ্যে সংযোগ বাড়ায়, জাতীয় সংহতিকে শক্তিশালী করে এবং জাতীয় গর্বের চেতনাকে আরও সুদৃঢ় করে।
আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ, সুযোগসুবিধার উন্নয়ন এবং বিশেষ পর্যটন পণ্যগুলির প্রচারের জন্য মন্ত্রক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতীয় মিশন, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সহযোগিতায় পর্যটন রোডশো, বাণিজ্য সভা, পরিচিতিমূলক ভ্রমণ, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া প্রচার, খাদ্য উৎসব এবং প্রধান আন্তর্জাতিক পর্যটন মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারগুলিতে ভারতের প্রচার করা হয়।
ভ্রমণ সহজ করার লক্ষ্যে, সরকার ই-ভিসা ব্যবস্থার মাধ্যমে ভিসা ব্যবস্থাকে উদার ও সরল করেছে। এই সুবিধা বর্তমানে ১৭৪টি দেশের নাগরিকদের জন্য নয়টি উপ-বিভাগে পাওয়া যাচ্ছে। একটি ২৪x৭ বহুভাষিক ট্যুরিস্ট হেল্পলাইন চালু করা হয়েছে। পেশাদার পর্যটক সহায়ক ও গাইডদের একটি দল তৈরির জন্য ‘ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট ফেসিলিটেটর সার্টিফিকেশন (আইআইটিএফসি) প্রোগ্রাম’ চালু করার পাশাপাশি বর্তমান আঞ্চলিক স্তরের গাইডদের সর্বভারতীয় স্বীকৃতিসহ ‘ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট গাইড (আইআইটিজি)’ সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও, মন্ত্রক আঞ্চলিক সংযোগ উন্নত করার লক্ষ্যে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সঙ্গে কাজ করছে, যার আওতায় ৫৩টি পর্যটন রুট চিহ্নিত করা হয়েছে। পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে মন্ত্রক সংরক্ষিত ও সুরক্ষিত এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নিয়মিত সমন্বয়সাধন করে চলে।
মন্ত্রক নীতিগত উদ্যোগ, পরিকাঠামো উন্নয়ন এবং প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে আধ্যাত্মিক, পরিবেশবান্ধব, অ্যাডভেঞ্চার, গ্রামীণ, আদিবাসী, সুস্থতা, চিকিৎসা, MICE, বিবাহ এবং ঐতিহ্য পর্যটনের মতো বিশেষায়িত পর্যটন পণ্যগুলিকে উৎসাহিত করে। MICE পর্যটনের জন্য "Meet in India" সাব-ব্র্যান্ড, ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য "India Says I Do" প্রচারাভিযান চালু করা হয়েছে এবং নিরাপদ ও সুস্থিত অ্যাডভেঞ্চার পর্যটনের জন্য মডেল অ্যাডভেঞ্চার ট্যুরিজম সুরক্ষা কাঠামো জারি করা হয়েছে।
লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানিয়েছেন।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286914®=48&lang=1
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2287055)
आगंतुक पटल : 10