উপ-রাষ্ট্রপতির সচিবালয়
আইআইএএস, শিমলা আয়োজিত ‘বন্দে মাতরমের যাত্রা’ শীর্ষক স্থায়ী প্রদর্শনীর উদ্বোধন করে ‘সর্দার প্যাটেলের সংহতি, সংযুক্তিকরণ ও যুক্তরাষ্ট্রীয়তার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আন্তর্জাতিক আলোচনাসভায় ভার্চুয়াল বক্তব্য রাখলেন উপরাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
10 JUL 2026 1:43PM by PIB Agartala
নতুন দিল্লি, ১০ জুলাই, ২০২৬
উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন আজ হিমাচল প্রদেশের শিমলায় রাষ্ট্রপতি নিবাসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি (IIAS)-এর উদ্যোগে আয়োজিত ‘বন্দে মাতরম’-এর উপর একটি স্থায়ী প্রদর্শনীর উদ্বোধন করেছেন। ‘সর্দার প্যাটেলের সংহতি, সংযুক্তিকরণ ও যুক্তরাষ্ট্রীয়তার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক তিন দিনের এক আন্তর্জাতিক আলোচনাসভায় ভার্চুয়াল বক্তব্য রেখেছেন তিনি।
উপরাষ্ট্রপতি বলেন, দেশ এখন দুটি ঐতিহাসিক মাইলফলক উদযাপন করছে - জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ পূর্তি এবং সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী। এমন উপলক্ষ্য ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি এর আত্মার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের সুযোগ করে দেয় এবং জাতীয় আত্মসমীক্ষা ও উদযাপনে অনুপ্রেরণা জোগায়।
ছয় দশক ধরে সর্বোচ্চ মানের মেধা ও পাণ্ডিত্যকে লালন করার পাশাপাশি এই স্থায়ী প্রদর্শনী এবং আন্তর্জাতিক আলোচনাসভা আয়োজনের জন্য উপরাষ্ট্রপতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি’-র ভূয়সী প্রশংসা করেন।
উপরাষ্ট্রপতি বলেন, উদ্ভাবন একটি দেশকে সমৃদ্ধ করতে পারলেও, ভাবনাই একটি দেশকে সত্যিকারের মহান করে তোলে। ভারতের স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম’-এর ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, এই জাতীয় সঙ্গীত স্বাধীন ভারতের অভিন্ন স্বপ্নের মাধ্যমে অঞ্চল, ভাষা, ধর্ম এবং সামাজিক প্রেক্ষাপট নির্বিশেষে মানুষকে একত্রিত করেছিল। অগণিত স্বাধীনতা সংগ্রামীর কাছে ‘বন্দে মাতরম’ সাহস, ত্যাগ ও আশার উৎস হয়ে উঠেছিল, মাতৃভূমির প্রতি ভালোবাসাকে এক পবিত্র জাতীয় কর্তব্যে রূপান্তরিত করেছিল।
উপরাষ্ট্রপতি ভি.ও. চিদাম্বরম পিল্লাই, তিরুপুর কুমারান, ভানচিনাথন এবং মহাকবি সুব্রহ্মণ্য ভারতীর মতো স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা তুলে ধরেন, যাঁরা 'বন্দে মাতরম'-এর চেতনা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। তিনি মন্তব্য করেন যে দেশপ্রেম কেবল সংগ্রামের মুহূর্তেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, সৎ আচরণ, কাজের উৎকর্ষ এবং উদ্দেশ্যের ঐক্যের মাধ্যমে প্রতিদিন এর প্রকাশ ঘটা উচিত। এই স্থায়ী প্রদর্শনীটি আগামী প্রজন্মকে, বিশেষ করে যুবসমাজকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপরাষ্ট্রপতি বলেন, 'বন্দে মাতরম' যেমন জাতির জন্মকে অনুপ্রাণিত করেছিল, তেমনি সর্দার প্যাটেল শত শত দেশীয় রাজ্যকে একটি ঐক্যবদ্ধ প্রজাতন্ত্রে রূপান্তরিত করেছিলেন। সর্দার প্যাটেল কেবল অঞ্চলগুলিকেই সংযুক্ত করেননি, হৃদয়কেও এক করেছিলেন, যা এক জাতি, এক সংবিধান এবং এক অভিন্ন ভাগ্যের ভিত্তি স্থাপন করেছিল।
আগামী তিন দিনের আলোচনা থেকে অর্থবহ অন্তর্দৃষ্টি লাভ করা যাবে এবং জাতি গঠনে সর্দার প্যাটেলের চিরস্থায়ী স্বপ্নকে আরও গভীরভাবে বুঝতে তা সহায়ক হবে বলে উপরাষ্ট্রপতি আশাপ্রকাশ করেন।
ঐক্যবদ্ধ, আত্মবিশ্বাসী ও অন্তর্ভুক্তিমূলক ভারতের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ‘বন্দে মাতরম’-এর শাশ্বত বার্তা এবং সর্দার বল্লভভাই প্যাটেলের চিরস্থায়ী উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে উপরাষ্ট্রপতি নাগরিকদের প্রতি আহবান জানান।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2283371)
आगंतुक पटल : 8