প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনের যৌথ বিবৃতি

प्रविष्टि तिथि: 09 JUL 2026 10:58AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯  জুলাই  ২০২৬

 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ-এর আমন্ত্রণে মেলবোর্নে তৃতীয় অস্ট্রেলিয়া-ভারত শিখর সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ৮ জুলাই ৩ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছন। 

উভয় নেতা দুই দেশের দীর্ঘ বন্ধুত্ব, ঐতিহাসিক সংযোগ, অভিন্ন কৌশলগত স্বার্থের কথা উল্লেখ করেন। দ্রুত বিবর্তনশীল আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত-অস্ট্রেলিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার কথা বলেন তাঁরা। 

বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা এবং সমুদ্রপথে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে দুই দেশ। প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত যৌথ প্রস্তাবও গৃহীত হয়। বার্ষিক ভিত্তিতে প্রতিরক্ষা মন্ত্রীদের আলাপচারিতা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন দুই প্রধানমন্ত্রী। সুস্থিত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থে সামুদ্র পরিসরে সহযোগিতা বৃদ্ধির কথা বলেন তাঁরা। ভারতীয় উপকূলরক্ষা বাহিনী এবং অস্ট্রেলিয়ার মেরিটাইম বর্ডার কম্যান্ডের মধ্যে সমঝোতাকে তাঁরা স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রেও সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন দুই প্রধানমন্ত্রী। এক্ষেত্রে একটি সমঝোতায় পৌঁছনোর কাজ যেভাবে এগোচ্ছে তাতে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। দু-দেশের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে ২০২৮-২৯-এ অস্ট্রেলিয়ার ডিফেন্স কলেজে ভারতের প্রশিক্ষকের যোগদানের বিষয়েও মতবিনিময় হয়েছে। অস্ট্রেলিয়ায় আসন্ন জেনারেল রাওয়াত ভারত-অস্ট্রেলিয়া ইয়ং অফিসার্স এক্সচেঞ্চ প্রোগ্রামের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। 

অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বিশদে আলোচনা করেছেন দুই নেতা। ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি (ইসিটিএ)-এর আওতায় দ্বিমুখী বাণিজ্য প্রবাহ নিয়ে তাঁরা মতবিনিময় করেন। ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘ফিউচার মেড ইন অস্ট্রেলিয়া’ কর্মসূচি পরস্পরের পরিপূরক- এই বিষয়টি উল্লেখ করেছেন তাঁরা। সিডনিতে এ বছরের মে মাসে ট্র্যাক ১.৫ ডায়ালগকে তাঁরা স্বাগত জানিয়েছেন। ক্রিটিক্যাল মিনারেল্স ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। 

জ্বালানি, জলবায়ু এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে অংশীদারিত্ব নিয়ে দুই নেতার মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। প্যারিস চুক্তির আওতায় জলবায়ু পরিবর্তন রোধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই দেশ। কপ৩১-এর সভাপতিত্বে অস্ট্রেলিয়ার ভূমিকাকে স্বাগত জানানো হয়েছে। সাইবার ও অত্যাধুনিক প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খল জোরদার করতে একযোগে কাজ করবে দুই দেশ। ভারতের গগনযান কর্মসূচিতে অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তাকে স্বাগত জানানো হয়েছে। ইসরো এবং অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থার আদান-প্রদান আরও নিবিড় করা হবে। পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির দাবিকে আবারও সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। 

মানুষে মানুষে সংযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়া-ভারত রিলেশন্স মৈত্রী সহায়তা বাবদ ১০ মিলিয়ন ডলার বরাদ্দ হওয়ায় দুই নেতা সন্তোষ প্রকাশ করেছেন। সংসদীয় নানা বিষয়ে আদান-প্রদান ও সহযোগিতা নিবিড়তর করবে দুই দেশ। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার ফ্লিনডার্স ইউনিভার্সিটির ক্যাম্পাস খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইচ্ছাপত্র এবং গুরুগ্রামে ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস চালু হওয়ার বিষয়ে অনুমোদনকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ। ভুবনেশ্বরে ন্যাশনাল সেন্টার অফ এক্সলেন্স ফর স্কিলিং ইন মাইনিং এবং ন্যাশনাল স্কিল ট্রেনিং ইন্সটিটিউট গড়ে তোলায় দু-দেশের সরকারের মধ্যে বোঝাপড়া অত্যন্ত ইতিবাচক বলে তাঁরা মনে করেন। 

ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে। ব্রিসবেনে ২০৩২ সালে অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স আয়োজনে সাহায্য করবে ভারত। ২০৩০-এ আমেদাবাদে কমনওয়েল্থ গেমস আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিভিন্ন সংগ্রহালয়ে থাকা ভারতের পুরাতাত্বিক নিদর্শন ফেরত দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নতুন দিল্লি। সমুদ্র পরিসরে আন্তর্জাতিক বিধির মান্যতা এবং যাতায়াতের অবাধ পরিসর গুরুত্বপূর্ণ বিষয় বলে উভয় নেতা মনে করেন। নতুন দিল্লিতে এ বছরের মে মাসে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে আলোচনা ইতিবাচক হওয়ায় তাঁরা খুশি। 

মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তি শুরু হওয়ার ইঙ্গিত মেলায় উদ্বিগ্ন দুই নেতা। ইউক্রেন সমস্যার স্থায়ী সমাধানের পক্ষে সওয়াল করেছেন তাঁরা। মায়ানমারের পরিস্থিতি নিয়েও তাঁরা উদ্বিগ্ন। 

সন্ত্রাসবাদের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই দেশ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে আবার সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। 

 


SC/AC/NS


(रिलीज़ आईडी: 2282786) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali-TR , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam