প্রধানমন্ত্রীরদপ্তর
ভিভাটেক ২০২৬-এ অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
18 JUN 2026 7:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের প্রেসিডেন্ট মাননীয় এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট-আপ বিষয়ক অনুষ্ঠান 'ভিভাটেক ২০২৬' -এ অংশগ্রহণ করেন।
প্রযুক্তি-উদ্যোক্তা, স্টার্ট-আপ প্রতিনিধি, বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী 'মানব-কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা' ও অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে ভারত-ফ্রান্স সহযোগিতার ক্রমবর্ধমান প্রসারের ওপর আলোকপাত করেন। তিনি বলেন যে, ডিজিটাল পেমেন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত কৃষি-উন্নয়ন থেকে শুরু করে মহাকাশ গবেষণায় অত্যাধুনিক প্রয়োগ ‐ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ভারতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভারতীয় স্টার্ট-আপ ও উদ্ভাবকদের সঙ্গে মত বিনিময় করেন; যাঁরা শিল্প, স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও ব্যবহারিক সমাধানসমূহ সেখানে উপস্থাপন করছিলেন।
'ভিভাটেক ২০২৬'-এ ভারত 'এআই কান্ট্রি পার্টনার' হিসেবে অংশ নিচ্ছে। ভিভাটেকে এটিই ভারতের সর্ববৃহৎ যোগদান; এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল গণ পরিকাঠামো, হেল্থ-টেক, পরিচ্ছন্ন প্রযুক্তি, গতিশীলতা এবং অ্যাডভান্সড কম্পিউটিং-এর মতো ক্ষেত্রে ভারতের উদ্ভাবনী পরিমণ্ডলকে তুলে ধরার জন্য বিশেষ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে ৮০টিরও বেশি ভারতীয় 'ডিপ-টেক' সংস্থা ও স্টার্ট-আপ অংশগ্রহণ করছে।
ভিভাটেকে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ ভারত ও ফ্রান্সের প্রযুক্তিগত পরিমণ্ডলের মধ্যে অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। বিগত বছরগুলিতে ভিভাটেকের সঙ্গে ভারতের একাত্মতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে: ২০২১ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিভাটেকে মূল ভাষণ দিয়েছিলেন; ২০২২ সালে ভিভাটেকে ভারত প্রথম 'কান্ট্রি অফ দ্য ইয়ার'-এর মর্যাদা পেয়েছিল; এবং সম্প্রতি ভিভাটেক 'বেঙ্গালুরু টেক সামিট'-এর সঙ্গে সহযোগিতার আনুষ্ঠানিক চুক্তি করেছে। এ বছর ভারতের অংশগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ উভয় দেশ ২০২৬ সালকে 'ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ' হিসেবে উদযাপন করছে।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2275078)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam