প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দ্রুত ভাবে কৃত্রিম মেধার নিরাপদ ও দক্ষ প্রয়োগ নিশ্চিত করার জন্য জি৭ শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

प्रविष्टि तिथि: 17 JUN 2026 9:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭  জুন  ২০২৬

 

 

সুধী, 

এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের আলোচনার অন্তর্ভুক্ত করার জন্য আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদ জানাই। এতে কোনো সন্দেহ নেই যে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির উদ্ভাবিত অন্যতম বৈপ্লবিক প্রযুক্তি।

আজ মানুষের জীবনের এমন কোনো দিক নেই বললেই চলে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নেই। অভূতপূর্ব গতিতে এটি বৈজ্ঞানিক গবেষণাকে ত্বরান্বিত করছে। পাশাপাশি, শাসনব্যবস্থাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করে তুলছে এবং স্বাস্থ্য, শিক্ষা ও উৎপাদন ক্ষেত্রের মতো দিকগুলিতে নতুন গতি ও শক্তি সঞ্চার করছে কৃত্রিম মেধা। 

কিন্তু, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৃত প্রয়োগে আমাদের যন্ত্রগুলো কতটা শক্তিশালী হয়ে উঠছে তার ওপর নির্ভর করে না, বরং সাধারণ মানুষ কতটা ক্ষমতাবান হচ্ছেন—তার ওপরই নির্ভর করে। এ বছর ভারতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ আমরা ঠিক এই ভাবনা থেকেই মানবমুখী এআই গড়ে তোলার ওপর জোর দিয়েছি। এই সম্মেলনে ভারত তার ‘মানব’ (MANAV) ভিশন এর পরিকল্পনা উপস্থাপিত করেছে; আর এই ভিশনই এআই-এর ক্ষেত্রে ভারতের সব উদ্যোগকে অনুপ্রাণিত করে।    
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে এক বার্তায় পোপ মানবিক মূল্যবোধ, সর্বজনীন অন্তর্ভুক্তি এবং মানুষের অর্থবহ নিয়ন্ত্রণকে এআই-এর বিকাশের ভিত্তি হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। ভারতের ‘মানব’ ভিশন এবং পোপের বার্তা—দুটিই অভিন্ন মৌলিক ধারণাকে তুলে ধরে: প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, এর প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই মানুষকে বিবেচনায় থাকতে হবে। 

বন্ধুগণ, 
 
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর প্রসারের সময় শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এআই শিশুদের তাদের নিজস্ব ভাষায় শিক্ষা প্রদান, সৃজনশীলতা বৃদ্ধি এবং শেখার পদ্ধতিকে ব্যক্তিগত চাহিদা অনুযায়ী সাজাতে সহায়তা করতে পারে। তবে যথাযথ সুরক্ষাব্যবস্থা না থাকলে, এই একই প্রযুক্তি তাদের ভুল তথ্য, ডিপফেক এবং শোষণের মতো ঝুঁকির মুখেও ঠেলে দিতে পারে। 

এই দুই পরিস্থিতির মধ্যে পার্থক্য প্রযুক্তির নিজস্ব কোনো বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে না; বরং তা নির্ভর করে মূল্যবোধ, নকশা এবং পরিচালনার পদ্ধতির ওপর। আমাদের উচিত ডিজিটাল জগতকে শিশুদের জন্য এমন এক শিক্ষণীয় ও আনন্দদায়ক পরিবেশে পরিণত করা, যেখানে কোনোভাবেই সংশ্লিষ্ট পরিবেশ প্রভাবিত না হয়, সেটি যেন অপব্যবহারের হাতিয়ার হয়ে না ওঠে।

বন্ধুগণ,     
 
সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ‘ফ্রন্টিয়ার এআই’ মডেলগুলি অভূতপূর্ব সম্ভাবনার সৃষ্টি করছে। তবে, সব দেশে নিরাপদ না হওয়া পর্যন্ত সাইবার জগতে কোনো একটি দেশের পক্ষে সম্পূর্ণ সুরক্ষিত থাকা সম্ভব নয়। এ কারণেই ভারত সব সময় সাইবার পরিসরকে একটি ‘আন্তর্জাতিক জনসম্পদ’ হিসেবে বিবেচনা করে। ফলস্বরূপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এআই প্রযুক্তিগুলির সুবিধা সবার জন্য উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন। সব গণতান্ত্রিক দেশেরই এ ধরনের এআই মডেল ব্যবহারের সুযোগ থাকা উচিত, যাতে তারা তাদের গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত পরিকাঠামোকে সুরক্ষিত রাখতে এবং সাইবার জগতে ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করতে পারে।

বন্ধুগণ

নিরাপত্তা, গতি এবং দক্ষতার উপর ভিত্তি করে একটি সমন্বিত পদ্ধতির অগ্রগতির জন্য আমি কয়েকটি পরামর্শ দিতে চাই:

প্রথমত, আমাদের অবশ্যই 'নকশা অনুসারে নিরাপদ' এআই ব্যবস্থাপণাকে উৎসাহিত করতে হবে। নিরাপত্তাকে পরিকল্পনারই একটি মূল উপাদান হিসেবে তৈরি করতে হবে, যাকে পরবর্তীকালে সংযোজিত কোনো বৈশিষ্ট্য হিসেবে রাখা যাবে না।    

দ্বিতীয়ত, এআই গড়ে তোলার জন্য আমাদের সাধারণ মানদণ্ড, পরীক্ষার কাঠামো এবং নিয়ন্ত্রক স্যান্ডবক্স তৈরি করতে হবে, যার ফলে উদ্ভাবন এবং শাসনব্যবস্থার একসঙ্গে অগ্রসর করা সম্ভব হবে। আমাদের কাছে অসামরিক বিমান চলাচল এবং সামুদ্রিক পরিবহনের উদাহরণ রয়েছে, যেখানে আমরা সফলভাবে আন্তর্জাতিকস্তরে এমন নিয়ম তৈরি করেছি যা সমগ্র পৃথিবীর উপকারে এসেছে।  

তৃতীয়ত, ডিপফেক, ভুয়ো তথ্য এবং সাইবার জালিয়াতির বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে সহযোগিতাকে শক্তিশালী করতে হবে। ডিপফেক মোকাবিলায় আমাদের ‘ওয়াটারমার্ক’-এর মতো প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা উচিত।

চতুর্থত, আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সুফল দক্ষিনী বিশ্বের সব দেশে পৌঁছায়; এর ফলে এটি বিভাজন সৃষ্টিকারী শক্তির বদলে একটি অন্তর্ভুক্তিমূলক শক্তিতে পরিণত হবে। 

বন্ধুগণ, 

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমাদের চিন্তাধারা ও নীতিমালা স্পষ্ট হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অবশ্যই মানুষের ক্ষমতা বৃদ্ধি করতে হবে, মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করতে হবে এবং মানুষের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা সকল অংশীদারের সঙ্গে আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখব ।   

আপনাদের অনেক ধন্যবাদ।

 

 


SC/CB/NS


(रिलीज़ आईडी: 2274462) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Manipuri , Urdu , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam