মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

নিস-এ শুরু হ’ল ‘ভারত ইনোভেটস ২০২৬’; ভারত ও ইউরোপের মধ্যে গভীর-প্রযুক্তি (ডিপ-টেক) বিষয়ক নতুন অংশীদারিত্ব গড়ে উঠছে

प्रविष्टि तिथि: 15 JUN 2026 4:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুন, ২০২৬ 

 

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ গতকাল ফ্রান্সের নিস শহরের ‘পালে দে এক্সপোজিশনস’ -এ ‘ভারত ইনোভেটস ২০২৬’-এর প্রথম সংস্করণের যৌথ উদ্বোধন করেন।  এটি ভারত সরকারের একটি উদ্যোগ এবং শিক্ষা মন্ত্রক এর বাস্তবায়ন করেছে। এই গুরুত্বপূর্ণ আয়োজনটি ভারতের ‘ডিপ-টেক’ উদ্ভাবক এবং বিশ্বজুড়ে সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে উদ্ভাবন-ভিত্তিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য একটি প্রধান মঞ্চ হিসেবে কাজ করে।
'ভারত ইনোভেটস ২০২৬' ভারতের দ্রুত বর্ধনশীল উদ্ভাবনী পরিম্নডলকে তুলে ধরে। এই আয়োজনে ১২০ জন ভারতীয় উদ্ভাবক, ১৫টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং ৫০০-এরও বেশি আন্তর্জাতিক, অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটি অ্যাডভান্সড কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, মহাকাশ প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও উৎপাদনসহ ১৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্জিত অগ্রগতিকে বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরছে।    
'ভারত ইনোভেটস ২০২৬'-এর প্রথম দিনটি ছিল মূল ভাষণ, কৌশলগত আলোচনা এবং বিশ্বব্যাপী শিল্প-সংশ্লিষ্ট আলোচনার এক সমৃদ্ধ সমাহার। আন্তর্জাতিক উদ্ভাবন করিডোর ও 'ডিপ-টেক' (গভীর প্রযুক্তি) অংশীদারিত্ব জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিকেলের অধিবেশনটি শুরু হয় ইনফোসিসের প্রতিষ্ঠাতা শ্রী এন. আর. নারায়ণ মূর্তির উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে। তিনি বিশ্বমানের প্রতিযোগিতামূলক প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার ওপর জোর দেন। মাত্র ২৫০ মার্কিন ডলারের পুঁজি নিয়ে শুরু হওয়া একটি ধারণা থেকে বিশ্বজুড়ে সমাদৃত প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার যে যাত্রা ইনফোসিস অতিক্রম করেছে, তার উদাহরণ টেনে তিনি বলেন, পরস্পর-পরিপূরক মেধা, অভিন্ন মূল্যবোধ, সুশৃঙ্খল উদ্ভাবন, স্বচ্ছ শাসনব্যবস্থা এবং পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করেই দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠে। তিনি আরও বলেন, মূল্যবোধ-চালিত উদ্যোক্তা ও প্রযুক্তি-নেতা তৈরিতে উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ তারাই জ্ঞানকে উদ্ভাবনে, উদ্ভাবনকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে এবং সেই প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব বিস্তারের উপযোগী শক্তিতে রূপান্তর করতে সক্ষম।
৩০টিরও বেশি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে উদ্ভাবন-কেন্দ্রিক সমঝোতাপত্র এবং যৌথ ঘোষণা । এর লক্ষ্য হলো ভারত ও বিশ্বের উদ্ভাবন পরিমন্ডলগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে উদ্ভাবন, উদ্যোক্তা-উন্নয়ন, গবেষণা সহযোগিতা এবং স্টার্টআপ সহায়তা বৃদ্ধির লক্ষ্যে ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান/ইনকিউবেটর এবং ফ্রান্স বা বিশ্বের অন্যান্য ইনকিউবেটরের মধ্যে ১২টি চুক্তি এবং ভারতীয় উদ্ভাবকদের জন্য প্রযুক্তির উন্নয়ন, বাণিজ্যিকীকরণ ও বাজারে প্রবেশ সহজতর করার লক্ষ্যে শীর্ষস্থানীয় বৈশ্বিক কর্পোরেশনগুলোর সাথে ১৬টি চুক্তি।
এছাড়া, শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, উদ্ভাবন সহায়তা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং মেধা বিকাশের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রান্সের ১৩টি বিশ্ববিদ্যালয় ভারতের ১১টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স -এর সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি, নীতি আয়োগের ‘অটল ইনোভেশন মিশন’ এবং ‘লা ফাউন্ডেশন ডাসল্ট সিস্টেমস’-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ইন্ডিয়া-ফ্রান্স এটিএল ব্রিজ’-এর মাধ্যমে ভারতের ‘অটল টিঙ্কারিং ল্যাব’ কাঠামোটি ফ্রান্সে সম্প্রসারিত করা হবে। এর আওতায় ফ্রান্সে প্রথম ‘স্কুল ইনোভেশন ল্যাব’ স্থাপন করা হবে এবং উভয় দেশের তরুণ উদ্ভাবকদের মধ্যে সহযোগিতার সুযোগ তৈরি করা হবে।
‘বিশ্বের কল্যাণে এআই: নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রসারণযোগ্য এআই-এর জন্য একটি করিডোর গড়ে তোলা’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় শিল্পক্ষেত্র, বিনিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন। তাঁরা দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সার্বভৌম প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতামূলক বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
এরপর ‘ভারত ও ইউরোপ: সীমানাহীন ডিপ-টেক’  এবং ‘ আন্তর্জাতিক ডিপ-টেক পুঁজি প্রবাহের পথ’ বিষয়ক অধিবেশনগুলো অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে আন্তঃসীমান্ত উদ্ভাবনী পরিমন্ডল, ভেঞ্চার ফাইন্যান্সিং বা ঝুঁকি-পুঁজি বিনিয়োগ, বাণিজ্যিকীকরণের উপায় এবং উদীয়মান প্রযুক্তির জন্য বিশ্ববাজারে প্রবেশের সুযোগের ওপর আলোকপাত করা হয়।
‘আন্তর্জাতিক কল্যাণে এআই’ শীর্ষক ‘ভারত ইনোভেটস ২০২৬’-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ভারত ও ফ্রান্সের শিল্প ও নীতি-নির্ধারকরা একটি নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং সম্প্রসারণযোগ্য এআই করিডোর গড়ে তোলার আহ্বান জানান। আলোচনায় সাশ্রয়ী ও স্থানীয় প্রেক্ষাপট-উপযোগী এআই সমাধানে ভারতের সক্ষমতা, নিজস্ব বা সার্বভৌম এআই সক্ষমতার ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রযুক্তিগত একচেটিয়া আধিপত্যের পরিবর্তে ওপেন-সোর্স বা উন্মুক্ত-উৎস প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা একটি শক্তিশালী ও বিশ্বস্তরে প্রতিযোগিতামূলক এআই পরিমন্ডল গড়ে তোলার লক্ষ্যে যৌথ গবেষণা ও উন্নয়ন, বিনিয়োগ অংশীদারিত্ব এবং একটি বিস্তৃত আন্তর্জাতিক জোট গঠনের ওপর জোর দেন।
উচ্চপর্যায়ের অংশগ্রহণ, কৌশলগত আলোচনা এবং সহযোগিতার নতুন নতুন সুযোগ উন্মোচনের মধ্য দিয়ে ‘ভারত ইনোভেটস ২০২৬’-এর প্রথম দিনটি উদ্ভাবনী পরিমন্ডলজুড়ে আরও গভীর আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি স্থাপন করল।
এই উদ্যোগ এবং অংশগ্রহণকারী স্টার্টআপগুলো সম্পর্কে আরও তথ্যের জন্য ভিজিট করুন: http://www.bharatinnovates.in - এ

 

SC/PM/SB


(रिलीज़ आईडी: 2273113) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam