আয়ুষ
azadi ka amrit mahotsav

বিভিন্ন প্রজন্মের সুস্বাস্থ্য বজায় রাখা, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং কল্যাণের জন্য যোগাভ্যাসের প্রয়োজন : কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব

प्रविष्टि तिथि: 15 JUN 2026 3:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুন, ২০২৬

 

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কার্টেন রেইজারের অনুষ্ঠান আজ নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব ছাড়াও উপস্থিত ছিলেন সচিব বৈদ্য রাজেশ কোটেচা, যুগ্ম সচিব শ্রীমতী মোনালিসা দাস, প্রেস ইনফরমেশন ব্যুরো’র মুখ্য মহানির্দেশক শ্রী ধীরেন্দ্র ওঝা সহ ঊর্ধ্বতন আধিকারিকরা। এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে কলকাতায়।

শ্রী যাদব বলেন, ২০২৬-এর আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা – ‘বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ’। আন্তর্জাতিক যোগ দিবসের ব্যাপ্তি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে। মন্ত্রী বলেন, এ বছর বিশ্বের ২,৫০০টি জায়গায় এই দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২১০টি ভারতীয় দূতাবাস ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ৪ লক্ষেরও বেশি মানুষ ১৪ জুন একসঙ্গে যোগাভ্যাস করার মধ্য দিয়ে গিনেস বুক-এ নতুন এক রেকর্ড তৈরি করেছেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ভারতের ১০০টি বিখ্যাত জায়গায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্য দিয়ে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যোগাভ্যাসের রীতিকে যুক্ত করা হচ্ছে।

এ বছর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কলকাতার ঐতিহাসিক রেড রোডে ২১ জুন মূল অনুষ্ঠান হবে। ১৩-২০ জুন ‘গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর : গঙ্গা তটে যোগ যাত্রা’র আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে গঙ্গোত্রী, হরিদ্বার, বারাণসী, পাটনা, হুগলি এবং গঙ্গাসাগরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯ জুন কলকাতায় ‘দৌড় সে ধ্যান’ কর্মসূচি পালন করা হবে। এর মাধ্যমে শারীতিক সক্ষমতার সঙ্গে মানসিকভাবে সুস্বাস্থ্যের মেলবন্ধন গড়ে তোলা হবে। পরেরদিন ২০ জুন, ‘বন্দে যোগম’ উদযাপিত হবে। ঐদিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে যোগাভ্যাস, দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে মেলবন্ধন ঘটানো হবে।

অনুষ্ঠানে পিআইবি-র মুখ্য মহানির্দেশক শ্রী ধর্মেন্দ্র ওঝা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের স্বাগত জানান। এই উপলক্ষে একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। শ্রী যাদব কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। 

 

SC/CB/DM


(रिलीज़ आईडी: 2273067) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil , Kannada , Malayalam