দক্ষতা বিকাশ ও উদ্যোগ বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশে ডিজিটাল অন্তর্ভুক্তি এবং ভবিষ্যতের উপযোগী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫টি সোলার কমিউনিটি হাব স্কিল ভ্যানের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী

प्रविष्टि तिथि: 09 JUN 2026 2:02PM by PIB Agartala

নতুন দিল্লি ৯ জুন ২০২৬

 

দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী আজ ৫টি সোলার কমিউনিটি হাব স্কিল ভ্যানের উদ্বোধন করেছেন। দেশ জুড়ে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ এবং ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় দক্ষতা উন্নয়ন নিগমের সহযোগিতায় ডেল টেকনোলজিস এটি তৈরি করেছে। এর বাস্তবায়নের দায়িত্বে রয়েছে লার্নিং লিঙ্কস ফাউন্ডেশন। এই স্কিল ভ্যানগুলি উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে বিভিন্ন সম্প্রদায়ের কাছে সৌরশক্তি চালিত প্রযুক্তি, এ আই সক্ষম শিক্ষা এবং কর্মসংস্থানের সুলুক সন্ধান পৌঁছে দেবে। যুব সমাজ, মহিলা এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মানুষজন সরাসরি এর সুবিধা ভোগ করবেন।

শুধু মৌলিক ডিজিটাল সাক্ষরতাই নয়, এই স্কিল ভ্যানগুলি ৫০ টিরও বেশি বৃত্তিমূলক, উচ্চ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে প্রযুক্তি ভিত্তিক সহায়তা পৌঁছে দেবে। প্রতিটি ইউনিট পুনর্নবীকরণযোগ্য শক্তি দ্বারা চালিত এবং ল্যাপটপ, ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন, ইন্টারনেট সংযোগ ও এ আই চালিত শিক্ষা উপকরণ দিয়ে সজ্জিত।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী বলেন, এই সোলার কমিউনিটি হাব স্কিল ভ্যানগুলি দেশের প্রতিটি কোণে প্রযুক্তি পৌঁছে দেওয়ার সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। এগুলি যুব সমাজকে ভবিষ্যৎ সুযোগের জন্য প্রস্তুত করে তুলতে দূষণমুক্ত শক্তি, এ আই সক্ষম শিক্ষা এবং শিল্পমহলের চাহিদা মাফিক দক্ষতার সমন্বয় ঘটায়। এই কেন্দ্রগুলি বিভিন্ন সম্প্রদায়ের ক্ষমতায়নে এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশ ও ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মশক্তি গড়ে তুলতে বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২০২৩ আর্থিক বছরে দেশের প্রথম সোলার কমিউনিটি হাব স্কিল ভ্যান চালু হয়েছিল। এপর্যন্ত এই কর্মসূচি ১৪টি রাজ্যের ১৮টি জেলায় পৌঁছেছে। সরাসরি এর সুফল ভোগ করছেন ২৬ লক্ষেরও বেশি মানুষ। বিশ্ব জুড়ে এই উদ্যোগে ১২টি দেশে ৬৩টি স্কিল ভ্যান কাজ করছে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2270797) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Tamil