রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্টের
प्रविष्टि तिथि:
02 JUN 2026 6:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ জুন, ২০২৬
দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট শিপোকোসা পৌলুস মাশাতিলে আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্টকে তাঁর প্রথম ভারত সফরে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশেষ বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক এবং সমসাময়িক। এই বহুমুখী সম্পর্ক অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত। দক্ষিণ আফ্রিকাই প্রথম দেশ, ১৯৯৭ সালে ভারত যার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলে।
রাষ্ট্রপতি আরও বলেন, ভারত এবং দক্ষিণ আফ্রিকা দক্ষিণী বিশ্বের অগ্রণী কন্ঠ হয়ে উঠেছে। তিনি বলেন, ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে সংগ্রামে অভিন্ন ইতিহাসের শরিক এই দুই দেশ। রাষ্ট্রসঙ্ঘের মতো বহুপাক্ষিক মঞ্চে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে নির্জোট আন্দোলন এবং জি-২০-তে এই দুই দেশ শান্তি এবং সমৃদ্ধি প্রসারের কথা বলেছি। এটি কেবল আমাদের নিজেদের দেশের মানুষদের জন্য নয়, বরং বৃহত্তর দক্ষিণী বিশ্বের জন্য।
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ১৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সম্ভাবনা আরও বৃহৎ এবং এই সম্পর্ককে আরও উচ্চমাত্রায় আমাদের নিয়ে যেতে হবে। দু’দেশ থেকেই কোম্পানিগুলি যাতে একে অপরের বাজারে বিনিয়োগ ও ব্যবসার সম্প্রসারণ ঘটাতে পারে, সেজন্য অনুকূল নীতিগত বাতাবরণ গড়ে তুলতে হবে।
রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে অংশীদারিত্বের সম্পর্কে ভারত পূর্ণ সঙ্কল্পবদ্ধ এবং আফ্রিকা ইউনিয়ন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের ভিত্তিতে ভারত-আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন অচিরেই পুনরায় আয়োজনের উদ্যোগ নিতে হবে।
দু’দেশের মানুষের কল্যাণে ভারত ও দক্ষিণ আফ্রিকা ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলে উভয় নেতা সম্মত হয়েছেন।
SC/AB/DM
(रिलीज़ आईडी: 2268274)
आगंतुक पटल : 11