নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

আইনি কাঠামোকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইসিআই ২০২৬ সালের ইসিআই আইনজীবীদের জাতীয় সম্মেলনের আয়োজন করেছে

প্রকাশিত: 31 MAY 2026 5:57AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ মে ২০২৬

 

• আজ নয়াদিল্লির আইআইআইডিইএম-এ, নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক জোশীর উপস্থিতিতে, প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। নির্বাচন কমিশনের আইনি কাঠামো ও কৌশলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ভারতের সুপ্রিম কোর্ট এবং দেশের বিভিন্ন হাইকোর্টে কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা অংশগ্রহণ করেন; তাঁদের পাশাপাশি কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই সম্মেলনে যোগ দেন।

• সম্মেলনের উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “ত্রুটিমুক্ত ভোটার তালিকাই সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। আজ সেই মাহেন্দ্রক্ষণ এবং ভারত বর্তমানে সেই প্রক্রিয়ারই অংশ।” তিনি ভোটার তালিকা ব্যবস্থাপনার ‘অগ্রসৈনিক’ হিসেবে বিএলও এবং বিএলএ-দের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, সম্প্রতি সমাপ্ত আসাম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটারদের ঐতিহাসিক অংশগ্রহণের জন্য তিনি তাঁদের অভিনন্দন জানান। তিনি এই নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন। দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিবেদিত প্রচেষ্টার জন্য তিনি তাঁদের প্রশংসা করেন।

• সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু বলেন, এই এক-দিনের সম্মেলনটি নির্বাচন কমিশন এবং দেশজুড়ে কমিশনের আইনি প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সমন্বয়কে আরও জোরদার করবে। নিজের বক্তব্যে নির্বাচন কমিশনার ডঃ বিবেক জোশী উল্লেখ করেন যে, এই সম্মেলনটি অভিজ্ঞতা বিনিময় এবং উদ্ভূত আইনি চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। এর ফলে একটি গতিশীল নির্বাচনী পরিবেশে নির্বাচনী সততা ও অখণ্ডতাকে আরও সুদৃঢ় ও অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে কার্যকর আইনি কৌশল প্রণয়ন করা সম্ভব হবে।

• “আইনি চ্যালেঞ্জ, অভিজ্ঞতা, শিক্ষা এবং ভবিষ্যতের পথচলা - এক বছরের পর্যালোচনা” (A Year of Legal Challenges, Experiences, Learnings and the Way Forward) - এই মূল ভাবনার ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনটি কমিশন এবং দেশের বিভিন্ন প্রান্তের আইনি পেশাজীবীদের মধ্যে সংলাপ ও মতবিনিময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করছে।

• সম্মেলনের অংশ হিসেবে, নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া - যেমন ভোটার তালিকা ব্যবস্থাপনা, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া, ভোটগ্রহণ ও ভোটগণনা পদ্ধতি এবং ইভিএম-এর কার্যপ্রণালী প্রদর্শন - বিষয়ে একাধিক মতবিনিময় সেশনের আয়োজন করা হয়। আইনজীবীদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নির্বাচনী আইন, বিচার বিভাগীয় কার্যক্রম, আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সমন্বয়, সংবাদমাধ্যমের প্রচারণার ভূমিকা এবং ইসিআইএনইটি-সহ নির্বাচন কমিশনের প্রযুক্তি-নির্ভর বিভিন্ন উদ্যোগ নিয়ে আয়োজিত আলোচনাগুলো নির্বাচনী ও আইনি পরিমণ্ডলে উদ্ভূত নতুন নতুন বিষয়গুলো পর্যালোচনার একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি করে। 

• ২০২৫ সালে অনুষ্ঠিত ‘ইসিআই কাউন্সেলদের জাতীয় সম্মেলন’-এর ফলাফলের ওপর ভিত্তি করে, এই সম্মেলনটি অর্জিত অগ্রগতি পর্যালোচনা, অন্তর্দৃষ্টি বিনিময় এবং কমিশনের আইনি কাঠামোকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে অগ্রাধিকারসমূহ চিহ্নিত করার একটি সুযোগ প্রদান করে।

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2267182) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Tamil