প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বাধীন পশ্চিম এশিয়া সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান খতিয়ে দেখল

প্রকাশিত: 27 MAY 2026 7:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মে ২০২৬

 

নতুন দিল্লির কর্তব্য ভবন ২.০-এ প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর নেতৃত্বাধীন পশ্চিম এশিয়া সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগানের বিষয়টি আজ খতিয়ে দেখল। উপস্থিত ছিলেন রাসায়নিক ও সার মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা; বিদ্যুৎমন্ত্রী শ্রী মনোহর লাল; পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী; উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী; রেল, তথ্য ও সম্প্রচার, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব; সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু; বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল; শ্রম ও কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং প্রমুখ। 

এক্স পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হয়ে পেট্রোল, ডিজেল কিংবা এলপিজি কেনার দরকার নেই। কঠিন পরিস্থিতির মধ্যে দেশকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রীগোষ্ঠী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। 

পরিবর্তনশীল পরিস্থিতিতে সবকিছু যাতে স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করার জন্য আধিকারিকদের পরামর্শ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। 

জানানো হয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের সরবরাহ পর্যাপ্ত। তেল শোধনের ক্ষমতার দিক থেকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। দেশে প্রতি বছর ২৫৮.১ মিলিয়ন টন তেল শোধনের ক্ষমতা রয়েছে। গত অর্থবর্ষে ঘরোয়া চাহিদার পরিমাণ ছিল ২৪৩.২ মিলিয়ন টন। রপ্তানির পরিমাণ ঐ সময় দাঁড়িয়েছে ৬১.৫ মিলিয়ন টন।

সাধারণ মানুষের ওপর জ্বালানি তেলের বর্ধিত মূল্যের প্রভাব কমাতে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি প্রতিদিন ৫৫০ কোটি টাকা ক্ষতি স্বীকার করে চলেছে বলে বৈঠকে জানানো হয়। কালোবাজারি রুখতেও জোরদার ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

দেশে সারের মজুতও পর্যাপ্ত বলে জানানো হয়েছে। ২০২৬-এর খরিফ মরশুমে সারের চাহিদা ৩৯০.৫৪ এলএমটি-তে দাঁড়াবে বলে অনুমান। বর্তমানে দেশে ২০০.৪৭ এলএমটি সার মজুত রয়েছে। 

এই মন্ত্রীগোষ্ঠী এ পর্যন্ত ১০টি বৈঠক করেছে। যেভাবে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে তাতে ক্ষুদ্র, মাঝারি ক্ষেত্র সহ শিল্পমহল খুশি। ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম ৫.০-র জন্য ক্ষুদ্র, মাঝারি সংস্থাগুলি বিশেষভাবে সুবিধা পাচ্ছে। 


SC/AC/DM…


(রিলিজ আইডি: 2266210) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Tamil , Telugu , Kannada