প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: 20 MAY 2026 7:21PM by PIB Kolkata

দিল্লি, ২০ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ২০ মে ২০২৬ তারিখে রোমে ইতালীয় প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্যা শ্রীমতী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন।

 

দুই প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের আদান-প্রদানে গতি সঞ্চার এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বৃদ্ধি ও বহুমুখীকরণকে স্বাগত জানান। তাঁরা ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্বকে “বিশেষ কৌশলগত অংশীদারিত্ব”-এর স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নেন। পাশাপাশি, তাঁরা বহুপাক্ষিক অনুষ্ঠানের পার্শ্ব বৈঠকসহ নেতৃবৃন্দের বার্ষিক বৈঠক এবং নিয়মিত মন্ত্রীস্তরীয় ও প্রাতিষ্ঠানিক বৈঠক আয়োজনের বিষয়েও সম্মত হন।

 

দুই নেতা ভারত-ইতালি অংশীদারিত্বের সম্পূর্ণ পরিসর নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাঁরা যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২০২৯-এর অধীনে সব ক্ষেত্রেই দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। 

 

উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন, মহাকাশ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারণে সম্মত হন। তাঁরা যৌথ কৌশলগত কর্মপরিকল্পনার নিয়মিত পর্যালোচনার জন্য বিদেশমন্ত্রী-স্তরের একটি প্রক্রিয়া গঠনের সিদ্ধান্ত নেন।

 

দুই নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নবউদ্যম, ক্রমবর্ধমান বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলার প্রচেষ্টার বিষয়টি উল্লেখ করেন। এই প্রেক্ষাপটে, তাঁরা গত বছরে তিনটি বিজনেস ফোরামের আয়োজনকে স্বাগত জানান। তাঁরা প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শক্তি রূপান্তর, পরিকাঠামো ও লজিস্টিক্স ক্ষেত্রের নির্বাচিত ইতালীয় ও ভারতীয় সিইওদের সঙ্গেও সাক্ষাৎ করেন। ২০২৯ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ বিলিয়ন ইউরোতে উন্নীত করার অভিন্ন লক্ষ্য উল্লেখ করে, দুই নেতা ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগকে কাজে লাগানোর এবং তার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

 

দুই নেতা মন্ত্রীস্তরীয় ও সরকারি পর্যায়ের যোগাযোগ, বন্দর সফর বিনিময় এবং প্রতিরক্ষা বাহিনীগুলির নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাঁরা প্রতিরক্ষা সামগ্রীর যৌথ নকশা, যৌথ উন্নয়ন এবং যৌথ উৎপাদনে সহযোগিতার জন্য শিল্পভিত্তিক রোডম্যাপ সংবলিত যৌথ অভিপ্রায় ঘোষণাপত্র স্বাক্ষরকে স্বাগত জানান।

 

দুই দেশের গবেষক ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতায় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। তাঁরা ইতালীয় মহাকাশ সংস্থা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) মধ্যে চলতি সহযোগিতা এবং বাণিজ্যিক মহাকাশ সহযোগিতা জোরদারের প্রচেষ্টাকে স্বাগত জানান। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে আরও সহযোগিতার আহ্বান জানান, যাতে ভারতের দক্ষ মানবসম্পদ এবং ইতালির প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় ঘটানো যায়।

 

সন্ত্রাসবাদের অভিশাপ মোকাবিলায় নিজেদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, দুই নেতা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্তরে সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হন। তাঁরা নভেম্বর ২০২৫-এ গৃহীত সন্ত্রাসবাদী কাজে অর্থ প্রদান প্রতিরোধে যৌথ উদ্যোগের বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন।

 

দুই নেতা ইতালিতে ভারতীয় প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেন এবং ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষাবিদদের আদানপ্রদান সহজতর করতে সম্মত হন। তাঁরা ২০২৭ সালকে “ভারত-ইতালি সংস্কৃতি ও পর্যটন বর্ষ” হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেন। গুজরাটের লোথালে জাতীয় সামুদ্রিক ঐতিহ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং ভারত থেকে নার্স নিয়োগ সংক্রান্ত ভারত-ইতালি সমঝোতা স্মারক স্বাক্ষরকেও তাঁরা স্বাগত জানান।

 

দুই নেতা বাস্তব প্রকল্পের মাধ্যমে সংযোগ পরিকাঠামো গড়ে তোলার প্রবল আগ্রহ প্রকাশ করেন এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (IMEC) বাস্তবায়নের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দুই নেতা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি, ভারত-ইইউ সম্পর্ক এবং পশ্চিম এশিয়া ও ইউরোপের সংঘাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়েও মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী চলতি সংঘাতগুলির শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপ ও কূটনীতির গুরুত্বের উপর জোর দেন।

 

প্রধানমন্ত্রী ইতালীয় প্রজাতন্ত্রের সরকার ও জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী মেলোনিকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

 

SC....


(রিলিজ আইডি: 2264430) ভিজিটরের কাউন্টার : 2